আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রস্তুত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (১৯ জানুয়ারি) তোশাখানা মামলার শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইমরান বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। দুর্বল সরকার গঠনের চেয়ে তিনি বিরোধী দল হওয়ার ওপর বেশি গুরুত্ব দেবেন।
তিনি দাবি করেন, তার আমলে পার্লামেন্টে পিটিআইয়ের সংখ্যাগরিষ্ঠতার জোর কম থাকায় তার সরকার সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার নিয়ন্ত্রণে ছিল।
আসন্ন জাতীয় নির্বাচনে বিপুল ব্যবধানে পিটিআইয়ের জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী ইমরান খান। তার দাবি, সামরিক বাহিনীর ৯০ শতাংশ লোক তার দলকে ভোট দেবে। পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের জন্য সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের ‘খালাই মাখলুক’ নামেও ডাকা হয়।
এদের অস্তিত্বের কথা স্বীকার করে ইমরান খান দাবি করেন, তার বিরুদ্ধে নেয়া আইনি পদক্ষেপের নেপথ্যে উসকানি দিয়েছেন এই কর্মকর্তারা।
আগের নির্বাচনগুলোতে সামরিক বাহিনী পিটিআইকে কোনো ধরনের সহযোগিতা করেনি দাবি করে ইমরান বলেন, কারচুপির কারণে অল্প ব্যবধানে একাধিক আসন হারিয়েছিল পিটিআই। সরকারের ওপর নিয়ন্ত্রণ রাখতে তারা এমনটা করেছিল।
২০১৮ সালের নির্বাচনের পর জেনারেল বাজওয়ার সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা স্মরণ করিয়ে পিটিআই নেতা দাবি করেন, ‘পরবর্তী সময়ে তিনি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করেন।
সূত্র: জিও নিউজ











































