স্টাফ রিপোর্টার।।
ফেনীর মামলার সূত্রধরে নগরীর গলামারী এলাকা থেকে মানব ও স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য মোঃ নজিবর রহমানকে গ্রেফতার করে র্যাব। শুক্রবার দিবাগত রাতে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নজিবর রহমান (৪০) বাগেরহাটের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল শনিবার র্যাব-৬ প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
র্যাব জানিয়েছে, র্যাব-৬ ও বিশেষ একটি গোয়েন্দা সংস্থার যৌথ আভিযানে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গলামারী এলাকা থেকে মোঃ নজিবর রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, সে ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত খুলনার নিউমার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। করোনাকালে (২০২০-২০২১) সিঙ্গাপুর প্রবাসী বাল্যবন্ধু মোঃ আনিসের পরামর্শে আসামি দুবাই যাওয়ার পরামর্শ দেয়। দুবাই প্রবাসী মোলা এন্টারপ্রাইজের মালিক মোঃ তাওহিদুল ইসলামের সাথে নজিবরের বন্ধু আনিসের মাধ্যমে তার যোগাযোগ হয়। ২০২২ সালে টুরিস্ট ভিসায় দুবাই যায় নজিবর রহমান। সেখানে তাওহিদের সহযোগিতায় ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের জন্য ব্যক্তি রেসিডেন্স পারমিট পায়। তাওহিদ দুবাইয়ে স্বর্ণ, দিরহাম ও হুন্ডি ব্যবসা করে। তাওহিদ প্রতিদিন দুবাই এয়ারপোর্ট থেকে টাকার বিনিময়ে বাংলাদেশের যাত্রীদের কাছে ২-৩টি করে গোল্ডবার ও স্বর্ণের অলঙ্কার বাংলাদেশে পাঠায়।
গ্রেফতার নজিবর রহমান নিজেও কয়েকবার দুবাই থেকে স্বর্ণের বার এবং অলঙ্কার নিয়ে এসেছেন। পরবর্তীতে তাওহিদ গ্রেফতার নজিবর রহমানকে খুলনা এলাকায় হুন্ডির কার্যক্রম পরিচালনার জন্য তার সমস্ত ব্যাংক একাউন্টের দায়িত্ব দেয়। নজিবর রহমান নিজে মোলা এন্টারপ্রাইজ, আরএইচ মোবাইল, রিজিয়া এন্টারপ্রাইজ, পারভেজ এন্টারপ্রাইজ ইত্যাদি নামের ২১টি ব্যাংক একাউন্ট পরিচালনা করে। এসব ব্যাংক হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত টাকা আসে। গ্রেফতারকালে নজিবর রহমানের কাছ থেকে ৩১টি মোবাইল ফোন, তিনটি ট্যাপ, তিনটি ল্যাপটপ, ডিজিটাল ভিডিও রেকর্ডার, বিভিন্ন ব্যাংকের নয়টি এটিএম কার্ড, ৮টি মেমরিকার্ড, সিমকার্ড, দু’টি সাংবাদিক আইডি কার্ড, দু’টি এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, দু’টি পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের ২৩টি চেক বই, পাসপোর্ট ও নগদ সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বরে ফেনীর সোনাগাজীর জাফর উল্যাহর ছেলে লিবিয়া প্রবাসী মোরশেদ আলমের স্ত্রী জাহানারা বেগমকে ইমো এ্যাকাউন্ট থেকে ফোন করে। তার স্বামী তাকে জানায়, তাকে লিবিয়াতে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করে লিবিয়ার অজ্ঞাত একটি স্থানে অন্ধকার রুমে আটকে রেখেছে। মুক্তিপণে ২০ লাখ টাকা দাবি করে। টাকা না পাঠালে তার স্বামীকে হত্যা করবে বলে হুমকি দেয়। মোরশেদ আলম আরও জানায় আটকে রাখা অন্ধকার কক্ষে আরও আনুমানিক ৫০/৬০জন বাংলাদেশী ব্যক্তি আটক রয়েছে। ওই ইমো এ্যাকাউন্ট থেকে জাহানারা বেগমকে ম্যাসেজের মাধ্যমে একটি এ্যাকাউন্ট নম্বর পাঠায়। জাহানারা বেগম স্বামীর প্রাণ রক্ষার্থে ওই ব্যাংক হিসেবে তিন দফায় দেড় লাখ টাকা পাঠায়।
গত ৮ জানুয়ারি একই ইমোএ্যাকাউন্ট থেকে লিবিয়া প্রাবসী মোরশেদ আলম তার স্ত্রীকে জানায় অবশিষ্ট টাকা না দেয়ার কারণে মুক্তি না দিয়ে প্রচন্ড ভাবে মারধর করছে। পরবর্তীতে জাহানারা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মানব পাচারকারীদের এই চক্রের সন্ধানে গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে মানব ও স্বর্ণপাচার চক্রের সক্রিয় সদস্য মোঃ নজিবর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার গ্রেফতারকৃত নজিবর রহমানকে ফেনীর সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।











































