নিজস্ব প্রতিনিধি
নারীদের ঝরে পড়া চুল এখন আর ফেলনা না। এসব চুল রফতানি করে শত-কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিজ উদ্যোগে গড়ে উঠেছে শতাধিক চুল প্রসেসিং কারখানা। এসব কারখানা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউপির বিভিন্ন গ্রামে অবস্থিত।
এসব কারখানায় ২০ হাজার পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বদলে গেছে তাদের ভাগ্য।
প্রথমে লোহার কাটা বা কাঁচি দিয়ে জড়ানো চুলগুলো ছাড়িয়ে লম্বা করে গোছা করা হয়। এরপর গোছাগুলো শ্যাম্পু দিয়ে একাধিকবার ধুয়ে রোদে শুকিয়ে নেয়া হয়। শুকানোর পর ছোট বড় বাছাই করে গাডার দিয়ে বেঁধে ছোট বড় আলাদা করে প্যাকেটজাত করা হয়।
২০০২ সালে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপির কিছু বেকার যুবক চোরাচালানীর কাজে লিপ্ত ছিল। তারা বিদেশ থেকে মাদকসহ বিভিন্ন মালামাল আনা-নেয়া করতেন। এসব যুবকরাই প্রথম বিদেশি চোরাচালানীদের কথা মতো নিজ এলাকা থেকে অন্যান্য চোরাই পণ্যের সঙ্গে নারীদের মাথার চুল পাচার শুরু করে।
তখন চীন, কোরিয়া ও বার্মার ক্রেতারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চুল ক্রয় করে। এক পর্যায়ে বিদেশি ক্রেতারা জেনে যায় বাংলাদেশের নারীদের মাথার চুল লম্বা এবং সুন্দর। তারা বাংলাদেশে আসেন। পরিচয় হয় কার্পাসডাঙ্গার চুল চোরাচালানীদের সঙ্গে। তারা প্রস্তাব দেয় ভালো চুল সরবরাহের।
এরপর থেকে যুবকরা চোরাচালানীর পথ ছেড়ে গ্রামে-গঞ্জে ও শহরের আনাচে-কানাচে কুড়াতে থাকে নারীদের মাথার চুল। এসব তথ্য জানালেন কার্পাসডাঙ্গা চুল সমিতির সভাপতি শহিদ বিশ্বাস।
এভাবে ক্রমেই ছড়িয়ে পড়ে পরিধি। চুল সংগ্রহ বাড়তে থাকে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অন্তত দুই হাজার কেজি চুল আসে চুয়াডাঙ্গায়। দেশের সবচেয়ে বড় চুলের হাট কার্পাসডাঙ্গা।
এসব কারখানায় একজন দক্ষ শ্রমিকের বেতন ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা। নারী শ্রমিকরা চুক্তিবদ্ধভাবে গুটি চুল বাছাই এবং পরিষ্কারের কাজ করেন। প্রতি ১০০ গ্রাম গুটি চুল বাছাই এবং পরিষ্কার করে তারা পেয়ে থাকেন ১০০ থেকে ১৫০ টাকা। সেই হিসাবে একজন নারী শ্রমিক মাসে ৫ থেকে ৬ হাজার টাকা আয় করেন। কারখানাগুলো ঘুরে দেখা যায়, এখানকার শ্রমিকরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। এতে একদিকে কারখানার মালিক লাভবান হচ্ছেন অপরদিকে হাজার-হাজার পরিবারের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে।
এক সময় এসব এলাকার নারী-পুরুষ সীমান্তে চোরাচালান কাজে লিপ্ত ছিল। সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণে তারা অনেকটাই বেকার হয়ে পড়ে। ঢাকা, কুমিল্লা, নওগাঁ, বরিশাল, চট্টগ্রাম এলাকায় চুলের কারবারের কথা শুনে তারা দলে দলে স্থানীয়ভাবে ফেরি করে গুটি চুল সংগ্রহ করে কেনা-বেচা করতে থাকে। এ ব্যবসায় লাভ হওয়ায় এবং এর ব্যাপক চাহিদা দেখে তারা চুল প্রসেসিং করতে নিজেরাই কারখানা গড়ে তুলেন।
২০০৩ সালের শেষের দিকে শুরু হয় এ এলাকার চুল প্রসেসিং কারখানা। শনিবার সীমান্তবর্তী এসব এলাকায় গড়ে উঠেছে ৫শ থেকে ৬শ টির মতো ছোট বড় কারখানা যা কর্মসংস্থান যোগাচ্ছে ২০ হাজার পরিবারের। প্রতিদিন শত শত কেজি গুটিচুল আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব এলাকায়।
কার্পাসডাঙ্গা ইউপির কুতুবপুর গ্রামের কারখানা মালিক মনির হোসেন জানান, প্রথমে তিনি ৩-৪ কেজি চুল দিয়ে কারখানা শুরু করেন। বর্তমানে তার কারখানায় প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি চুলের কাজ করা হয়। ১০০-১৫০ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন তার কারখানায়। চুলের মহাজনদের কাছ থেকে গুটি চুল আনার পর থেকে রেমি চুল প্রস্তুত করা পর্যন্ত নারী-পুরুষ উভয়ই দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
এই গুটি চুল প্রথমে নারী শ্রমিকের মাধ্যমে গুটি ছাড়িয়ে আলাদা করে প্রাথমিক পরিষ্কার এবং বাছই কাজ করা হয়। এরপর বাছাই করা চুলগুলো ডিটার্জেন্ট পাওডার ও শ্যাম্পু দিয়ে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করা হয়। দ্বিতীয়বারের মতো পরিষ্কার করা এই চুল কারখানার ভেতরে নিয়ে কাটিং মেশিনের মাধ্যমে কাঁচি করা হয়। কাঁচি করা চুলগুলোকে একই সঙ্গে রাবার দিয়ে ছোট ছোট গোছায় বেঁধে আলাদা করা হয়। কারখানায় এই ছোট ছোট গোছা করা চুলগুলোকে বলা হয় নচি বা লাচি।
এসব চুল পুনরায় শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে বাতাশে শুকানো হয়। শুকিয়ে চুল যখন উজ্জ্বল হয় তখন এগুলোকে শেষবারের মতো কাটিং মেশিনে নেয়া হয় ফিতা দিয়ে মেপে গ্রেডিং করে রেমি তৈরির জন্য। এই রেমি করা চুলই কারখানা থেকে বিক্রির জন্য প্রস্তুতকৃত চুল।
চীন থেকে বায়াররা সরাসরি কারখানায় এসে তাদের কমিশনভুক্ত লোকের মাধ্যমে এসব চুল কিনে নিয়ে যায়।
কার্পাসডাঙ্গা চুল প্রসেসিং ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, চুল ব্যবসায়ীরা বেশ সাচ্ছন্দে ব্যবসা করে যাচ্ছেন।
রেমি (প্রসেসিং) চুলের দৈঘ্যের ওপরই এর মূল্য নির্ভর করে। চুল যত লম্বা হবে বাজার দরও তত বেশি হবে। চুলের এই দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে এর বাজার মূল্য সর্বনিম্ন ৬ ইঞ্চি চুল ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২-৩২ ইঞ্চি সাইজের চুল প্রতি কেজি ৬০ হাজার টাকায় বিক্রি হয়। ২২ ইঞ্চি থেকে ৩২ মাপের লম্বা চুলকে সর্বোচ্চ গ্রেডের চুল বলা হয়।
প্রতিদিন দামুড়হুদা এলাকা থেকে ৫০০ থেকে ৬০০ কেজি প্রসেসিং চুল বিদেশি ক্রেতাদের কাছে যায়। এই চুলের গড় মূল্য প্রায় ১ কোটি টাকা।
নিজ উদ্যোগে গড়ে তোলা এই চুল প্রসেসিং কারখানা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভাবনার নতুন ক্ষেত্র সৃষ্টি করেছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, এই ফেলনা চুল রফতানি করে সবচেয়ে বেশি মুদ্রা এসেছে ২০১৫-১৬ অর্থবছরে এক কোটি ১৪ লাখ মার্কিন ডলার। বর্তমানে চীনসহ কিছু দেশ বাংলাদেশে এসে এই খাতে বিনিয়োগও করছে। ফলে ছোট একটি খাত হলেও সেটি ধীরে ধীরে সম্ভাবনা জাগাচ্ছে।











































