ক্রীড়া প্রতিবেদক
লিগের প্রথম দুই ম্যাচে হোঁচট। একটি ড্র ও একটি হার—আবাহনীর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা হয়েছিল এমন। তবে সেই ধাক্কা সামলে লিগের আরেক শক্তিশালী দল শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর জয়ে ফেরা।
গোপালগঞ্জে শেখ রাসেলকে ৩-১ গোলে হারিয়েছে আবাহনী। এদিন প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে আবাহনীকে প্রথম এগিয়ে দিয়েছেন জোনাথান ফার্নান্দেজ। বিরতির আগে ব্যবধান বাড়ান কর্নেলিয়াস স্টুয়ার্ট।
ম্যাচের দ্বিতীয়ার্ধে সুমন রেজা এক গোল শোধ দিয়েছিলেন। কিন্তু রাসেল সমতায় ফিরতে পারেনি। উল্টো কর্নেলিয়াসি নিজের দ্বিতীয় গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন আবাহনীর।
এদিকে ময়মনসিংহে রোমাঞ্চকর জয় পেয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। বাংলাদেশ পুলিশকে ৩-২ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা।
এদিন জাফর ইকবালের গোলে শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। পুলিশের মাতেও প্যালাসিওস অবশ্য মিনিট কয়েকের মধ্যেই সমতা আনেন। তবে দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে মুজাফফরভ ও সুলেমান দিয়াবাতের দুই গোল মোহামেডানকে জয়ের পথে নিয়ে যায়। ৮৪ মিনিটে শাহেদ হোসেন ব্যবধান কমালেও জয় নিয়েই মাঠ ছাড়ে সাদা-কালোরা।
গত লিগের তৃতীয় হওয়া পুলিশের চ্যালেঞ্জ নিয়েছিল চতুর্থ হওয়া মোহামেডান। সেই লড়াই জিতে এবারের আসরে এগিয়ে গেল সাদা-কালোরা। কিংসের পর ১০ পয়েন্ট নিয়ে মোহামেডানই আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী। চার ম্যাচে তিন জয় মোহামেডানের। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ড্রয়ের পর আবার জয়ের ধারায় আলফাজ আহমেদের দল।











































