Home আন্তর্জাতিক ভারতে নৌকা ডুবে ১২ শিক্ষার্থীসহ ১৪ জনের মৃত্যু

ভারতে নৌকা ডুবে ১২ শিক্ষার্থীসহ ১৪ জনের মৃত্যু

30

খুলনাঞ্চল ডেস্ক।।
ভারতে একটি নৌকা উল্টে গেলে ১২ শিক্ষার্থী ও দুইজন শিক্ষক মারা গেছেন। স্কুল থেকে আয়োজিত একটি পিকনিকে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাটিতে মোট ২৭ জন শিক্ষার্থী, চারজন শিক্ষক এবং চারজন অপারেটর ছিলেন। মূলত নৌকাটির ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নেয়াতেই ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। ডয়চে ভেলে জানিয়েছে, ওই নৌকায় ছিল না কোনো লাইফ জ্যাকেট। শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে বলে জানা গেছে। তারা প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স শুক্রবার সকালেও লেকে তল্লাশি অভিযান চালায়। এদিন ভাদোদরা পুলিশ কমিশনার অনুপম সিং জানান, ১২ শিক্ষার্থী ও দুই শিক্ষকের মৃতদেহ তারা গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা ভাগে ভাগে নৌকায় ভ্রমণ করছিল এবং ডুবে যাওয়া নৌকাটিতে শেষ ব্যাচের শিক্ষার্থীরা ছিল।

লেকের পানি ২৫ ফুট গভীর। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান- এই পুলিশ কর্মকর্তা। একটি মামলাও দায়ের করা হয়েছে। কারও অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে অভিভাবকদের কিছু জানাননি বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।