স্পোর্টস ডেস্ক
দুই দলের মধ্যে নামে-ভারে কিংবা শক্তি-সামর্থ্যে পার্থক্য প্রায় আকাশ-পাতাল ব্যবধান। তবে মাঠের খেলায় তার প্রভাব খুব একটা ফেলতে পারেনি বার্সেলোনা। স্পেনের তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাস দে সালামানকারের বিপক্ষে জিতলেও যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের।
গতকাল কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। এদিন শুরুতেই এগিয়ে যায় ইউনিয়নিস্তাস, পরে দারুণ ভাবে ফিরে এসে জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। আলভারো গোমেসের গোলে পিছিয়ে পড়ার পর জাভি হার্নান্দেজের দলকে সমতায় ফেরান ফেররান তরেস। তাদের পরের গোল দুটি করেন জুলস কুন্দে ও আলেহান্দ্রো বাল্দে।
এর আগে ম্যাচের ৩১তম মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে ডি-বক্সে পেয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার গোমেস।
বিরতির একদম শেষ মিনিটে সমতায় ফেরে কোপা দেল রের বর্তমান চ্যাম্পিয়নরা। জোয়াও ফেলিক্সের পাস ধরে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস।
বিরতির পরও বলের দখল রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের তেমন পরীক্ষা নিতে পারছিল না তারা।
ম্যাচের ৬৯তম মিনিটে বার্সাকে লিড এনে দেন কুন্দে। ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন ফরাসি এই ডিফেন্ডার।
দুই মিনিট পর আরেক ডিফেন্ডার বালদের গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। দারুণ ক্ষিপ্রতায় বাঁ দিক দিয়ে তার জোড়ালো শট ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। পরপর দুই গোল খেয়ে কিছুক্ষণের জন্য যেন খেই হারালেও শেষদিকে বার্সার উপর বেশ কয়েকটি চাপ সৃষ্টি করে তারা। তবে শেষ পর্যন্ত আর গোলের ব্যবধান কমাতে পারেন।











































