নিজস্ব প্রতিবেদক।।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী আগামী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে ৯ দিনব্যাপী শুরু হয়েছে মধুমেলা।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী, যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন প্রমুখ।
এদিকে মেলা উপলক্ষে কবির জন্মস্থান সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মধুসূদনের ভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদের পাড়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে ইতোমধ্যে মধুভক্তদের পদচারণা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভেতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
মেলা শুরুর দিন শুক্রবার দুপুরের পর থেকেই মেলা দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য মানুষ। সাগরদাঁড়ির আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু বলেন, মধুমেলা উপভোগ করার জন্য ইতোমধ্যে সাগরদাঁড়ি এলাকাসহ চারপাশের গ্রামগুলোতে আত্মীয়স্বজনরা আসতে শুরু করেছে। অনেকেই মেয়ে-জামাই, বন্ধু-বান্ধবসহ অতিথিদের দাওয়াতও দিয়েছেন। প্রত্যেকটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের মেলায় লাখো দর্শনার্থী ও মধুপ্রেমীদের সমাগম ঘটবে।
মধুপল্লীর কাস্টডিয়ান মো. হাসানুজ্জামান বলেন, মধুমেলা উপলক্ষে মধুপল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতি বিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পারবেন।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়িতে মধুমেলায় ৯ দিনব্যাপী কেশবপুর ও যশোরের বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক দেওয়া হবে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। সাগরদাঁড়িতে অশ্লীলতা মুক্ত মধুমেলা অনুষ্ঠিত হবে। মেলার চারপাশে ও বিভিন্ন স্টলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের টহল দল সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে।











































