অনলাইন ডেস্ক।।
বেলুচিস্তান দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল, যা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশ, ইরানের দক্ষিণ-পূর্ব অংশ এবং আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত নিয়ে গঠিত। এটি মূলত একটি পর্বতময় অঞ্চল। সম্প্রতি এই অঞ্চলেই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাদের দাবি, জইশ আল-আদল নামে একটি সুন্নি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। তারা পাকিস্তানি ভূখণ্ডে শুধু ইরানি ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে। পাকিস্তানের কোনো নাগরিককে লক্ষ্যবস্তু করা হয়নি। অপরদিকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিয়ে বেলুচিস্তানের ইরানের সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের দাবি, সিস্তান-বেলুচিস্তানে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন আস্তানায় হামলা চালানো হয়েছে।
মজার বিষয় হলো- দুটি দেশই এই বেলুচিস্তানকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছে। এবং অস্বাভাবিক বিষয় হলো- দুই পক্ষই একে অপরকে না জানিয়ে সীমান্তের ওপারের ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর এটা এমন সময় ঘটল, যখন গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে যখন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল উত্তাল।
বেলুচিস্তান কেন গুরুত্বপূর্ণ
বেলুচিস্তান হল পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। এই অঞ্চল থেকেই পাকিস্তানের ৪০ শতাংশ গ্যাস উৎপাদিত হয়। পাশাপাশি চীনের ‘চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডোর’-এর একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট এই প্রদেশ। এখানকার ওমান উপসাগরের কাছে রয়েছে গোয়াদর বন্দর। কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও, এই অঞ্চলটিকে অনেকটাই উপেক্ষা করে আসছে পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি ১৯৪৮ সালে প্রদেশটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই স্বাধীনতার আন্দোলন করে আসছে।
বেলুচিস্তান অঞ্চলের একটি সম্প্রদায় হলো বেলুচ উপজাতি। এলাকাটি তিনটি অঞ্চলে বিভক্ত। উত্তরের অংশ বর্তমান আফগানিস্তানে, পশ্চিমাঞ্চল ইরানে যাকে বলা হয় সিস্তান-বেলুচিস্তান অঞ্চল এবং অবশিষ্টাংশ পাকিস্তানে। ব্রিটিশ শাসনামলে এবং তার পরেও এই অঞ্চলটি ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রে ছিল ও রয়েছে।
ব্রিটিশরা ‘স্যান্ডেম্যান সিস্টেমে’ এই অঞ্চল শাসন করত। এই অঞ্চলে ‘সর্দার’ বা ‘জিরগার’ নিয়ন্ত্রিত উপজাতিদের স্বায়ত্তশাসনের মাধ্যমে পরোক্ষ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। রবার্ট গ্রোভস স্যান্ডেম্যান এই ব্যবস্থার প্রবর্তন করেন। বেলুচ উপজাতিদের বলা হতো ‘স্যান্ডেমাইজেশন’। পাকিস্তান ১৯৪৮ সালে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়।
বেলুচিদের বিশ্বাস, বিভাজনের পর তারা পাকিস্তানের উপনিবেশেই থেকে যায়। এমনকি পাঞ্জাবি, সিন্ধিদের মতো তারা পাকিস্তানের রাজনীতিতে এতটাও প্রভবাশালী হয়ে উঠতে পারেনি। আফগানিস্তানের সঙ্গে পশতুন অঞ্চলের সখ্যতা ও স্বাধীনতাকামী বেলুচিরা পাকিস্তানের ‘অ্যাকিলিস হিল’ বা দুর্বল পয়েন্ট হয়ে উঠেছে। মূলত এই অঞ্চলকে স্বাধীন করার জন্যই বেলুচ সশস্ত্র বিদ্রোহীম গোষ্ঠীর গোড়া পত্তন। পাকিস্তান সেনাবাহিনী ও বেলুচ জঙ্গিদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। তারা এই অঞ্চলের নানাবিদ উন্নয়ন প্রকল্পে বাধা দিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বিশেষ করে চীনা অবকাঠামোতে।
বালুচ অঞ্চল অশান্ত কেন
দশকের পর দশক ধরে ইরান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলজুড়ে স্বাধীনতাকামী বেলুচিদের বিদ্রোহী তৎপরতা চলছে। বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী হলেও এই সম্পদ থেকে খুব কম সুবিধা পায় তারা। সব মিলিয়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র চায় তারা। ইরানের সিস্তান-বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদলের দাবিও একই। এ ছাড়া দীর্ঘ সময় ধরে কুর্দি ও আরব সংখ্যালঘুদের বিদ্রোহের মুখেও পড়ছে তেহরান।
ইরানে যেসব সশস্ত্র গোষ্ঠী তৎপর, তার মধ্যে একটি জইশ আল-আদল। এটি প্রকৃতপক্ষে জুনদাল্লাহ নামের একটি সুন্নি সশস্ত্র গোষ্ঠীর অংশ ছিল। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ২০১০ সালে জইশ আল-আদলের এক নেতাকে ইরান মৃত্যুদণ্ড দিলে তারা জুনদাল্লাহ থেকে আলাদা হয়ে যায়। বর্তমানে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।
২০১৫ সালে ইরানের আট সীমান্তরক্ষীকে হত্যার দায় স্বীকার করে জইশ আল-আদল। ২০১৯ সালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলা হয়। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছিলেন। ওই হামলায় দায়ও স্বীকার করেছিল জইশ আল-আদল।
এদিকে মঙ্গলবার পাকিস্তানে জইশ আল-আদলের লক্ষ্যবস্তুতে ইরানের হামলার পর বুধবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানি সামরিক বাহিনীর একটি যানে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, আল-জাজিরা











































