Home খেলাধুলা বিশ্বকাপ জয়ের ‘মন্ত্র’ ফিফাকে দিলেন স্কালোনি

বিশ্বকাপ জয়ের ‘মন্ত্র’ ফিফাকে দিলেন স্কালোনি

31

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। আর সেই রূপকথায় মাঠের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। মূলত, তার কৌশলেই আসরের শুরুতেই সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ নিয়েই ঘরে ফেরে।

এবার নিজের সেসব ট্যাকটিক্যাল নোট ফিফাকে দিলেন স্কালোনি। এরই মধ্যে ফিফার মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য সেসব নোট উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং দুটি ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। দুই ম্যাচেই হারের শঙ্কায় পড়া আর্জেন্টিনা ম্যাচ জেতে পেনাল্টি শুটআউটে। সেই দুই ম্যাচের ট্যাকটিক্যাল নোটই ফিফাকে দিয়েছেন কোচ স্কালোনি।

আর্জেন্টাইন গণমাধ্যমগুলো বলছে, কোচ স্কালোনি এটিকে বিশ্বকাপের সেরা দুই ম্যাচের স্মৃতি হিসেবে ধরে রাখতেই ফিফাকে দিয়েছেন। মিউজিয়ামে আগত দর্শকরা ফুটবল বিশ্বকাপের সেরা দুই ম্যাচে আর্জেন্টিনার কৌশল দেখতে পাবে, এমন ধারণা থেকেই নিজের কৌশল প্রকাশ করেছেন স্কালোনি।

সম্প্রতি আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুসংবাদ ২০২৪ কোপা আমেরিকাতেও ট্যাকটিকাল জিনিয়াস স্কালোনির কোচিংয়েই খেলবে আলবিসেলেস্তেরা।