স্পোর্টস ডেস্ক
হামাস-ইসরায়েল যুদ্ধের বলি হয়েছেন গাজা উপত্যকার বেসামরিক বাসিন্দারা। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের নামীদামি সব তারকারা। সেই তালিকায় ছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমাও। আর তাতেই নিজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তির্যক মন্তব্যের শিকার হয়েছেন ব্যালন ডি’অর বিজয়ী এ তারকা।
শুরুতে বিষয়টি নিয়ে আইনজীবীর মাধ্যমে নিন্দা জানালেও এবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন করিম বেনজেমা। স্থানীয় এক গণমাধ্যমের বরাতে আজ বিবিসি জানিয়েছে, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনায় মামলাটি করেছেন এ ফরাসি ফুটবলার।
গত অক্টোবরে অন্যায়ভাবে বোমা মেরে গাজায় নারী-পুরুষ হত্যার বিরুদ্ধে টুইট করেছিলেন বেনজেমা। তখন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন অভিযোগ করেন, ৩৬ বছর বয়সী তারকার সঙ্গে ‘কুখ্যাত’ সুন্নি মুসলিম গ্রুপের সম্পর্ক আছে। তার মন্তব্যের বিরুদ্ধে এই মানহানির মামলা বেনজেমার।
বেনজেমার আইনজীবী জানিয়েছেন, দারমানির ‘অবমূল্যায়নমূলক’ মন্তব্য তার মক্কেলের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করেছে।
মিসর, রাশিয়া ও সৌদি আরব-সহ বেশ কয়েকটি দেশে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ। ইউরোপের বিভিন্ন দেশও এই সংগঠনের বিরুদ্ধে সোচ্চার। ফিলিস্তিনে এরই মধ্যে ইসরায়েলি হামলার শততম দিন পেরিয়ে গেছে। দিনদিন বাড়ছে মৃত ও উদ্বাস্তুর সংখ্যা, যার মধ্যে সবচেয়ে বড় বলি নারী ও শিশুরা। তাদের প্রতি অনেক ফুটবলার সংহতি জানিয়ে আসছেন। বেনজেমাও সামাজিক মাধ্যমে এর বিরুদ্ধে কথা বলেছেন।
সেটির প্রেক্ষিতে রক্ষণশীল টিভি চ্যানেল সিনিউজে দারমানিন বলেন, ‘আমরা হাইড্রার সঙ্গে লড়াই করছি, যা মুসলিম ব্রাদারহুড। কারণ, এটি জিহাদিজম পরিবেশ সৃষ্টি করে।’ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বেনজমার বিরুদ্ধে বলেন, ‘তিনি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের জন্য সুপরিচিত।’
বিষয়টি মোটেও পছন্দ হয়নি বেনজেমার। তিনি দ্রুত এই অভিযোগ অস্বীকার করেন এবং মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন।











































