Home আঞ্চলিক কুয়াশার আড়াল থেকে দেখা মিলেছে সূর্য, কিঞ্চিত কমেছে শীতের তীব্রতা

কুয়াশার আড়াল থেকে দেখা মিলেছে সূর্য, কিঞ্চিত কমেছে শীতের তীব্রতা

9

আহাদ আলী, স্টাফ রিপোর্টার||
নতুন বছরের শুরু থেকেই খুলনাঞ্চলে জেকে বসেছে শীত। গত ১১ জানুয়ারি থেকে তা তীব্র আকার ধারণ করে। গত ৫ দিনে কনকনে এ শীতে নাকাল হয়ে পড়ে খুলনার মানুষ। এ তীব্রতা কাটিয়ে মঙ্গলবার থেকে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এদিন রাত থেকে শীত কিছুটা কমতে শুরু করে। একইসাথে সকাল থেকেই দেখা মিলছে সূর্যের। বেড়েছে তাপমাত্রা। এদিন সকালে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর বলেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার- শুক্রবার খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।