মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ১দিনেই ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫জানুয়ারী) বেলা ১১টা থেকে রাত ২টা পর্যন্ত একটানা চলা এ অপারেশনে ১১জন গর্ভবতী মায়ের ১১জন বাচ্চা ভূমিষ্ঠ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন জানান, ৫০শয্যার এ হাসপাতালটিতে সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার রুটিন অপারেশন চালু রয়েছে। একদিনে করা অপারেশনের রেকর্ড ভেঙে ১১জন গর্ভবতী মায়ের সিজারিয়ান সেকশন অপারেশন হয়েছে। যেহেতু সপ্তাহে একদিন মাত্র অপারেশন ব্যবস্থা চালু রাখা সম্ভব হয়েছে, তাই ওইদিন যত রোগী আসে কিংবা ইমারজেন্সি সিচুয়েশন তৈরি হয়, সেই রোগীদের যথাসাধ্য চেষ্টা করা হয় অপারেশন করার। কেউকেই ফিরে দেয়া হয়না। সোমবার বিলম্বিত প্রসব নিয়ে রোগী ভর্তি ছিলেন ৫জন, পূর্বে সিজারিয়ান সেকশনের ইতিহাস নিয়ে রোগী ভর্তি ছিলেন ২জন। গর্ভবতী মায়ের পানি ভেঙ্গে যাওয়া ও সন্তানের নড়াচাড়া কম বুঝতে পাওয়া এবং ডেলিভারি ডেট অতিক্রম হয়ে যাওয়া পোস্ট ডেটেড প্রেগনেন্সি রোগী ছিলেন ৪জন। মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন ১জন, যার পূর্বে সিজারের সেকশনের ইতিহাস ছিলো।

ডাঃ মোঃ শাহীন বলেন, কনকনে শীতে সব রোগীদের ভরসা ও শেষ আশ্রয়স্থল ছিলো মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এই রকম বৈরী আবহাওয়ার ভিতরে সকল মা ও বাচ্চার কথা মাথায় রেখে সীমিত জনবল ও যন্ত্রপাতি নিয়েই ঝুঁকিপূর্ণ সকল অপারেশন সাফল্যের সাথে সম্পন্ন করা হয়। মা ও বাচ্চা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সফল এই অপারেশনে নিরলসভাবে সেবা প্রদাণ করেন অপারেশন টিমের লিডার ডাঃ সিরাজুম মুনিরা মিতু, ডাঃ আফসানা নাঈমা হাসান, ডাঃ নুরজাহান নিশাদ, ডাঃ আল মামুন, নার্সিং কর্মকর্তা বিউটি সরকার, ওয়ার্ড বয় সুমন হোসাইন ও প্রান্ত মন্ডল প্রীতম।
ডাঃ মোঃ শাহীন আরো বলেন, হাসপাতালটিতে ২৮জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র ৮জন। এই স্বল্প সংখ্যক চিকিৎসক প্রতিনিয়তর তাদের নিয়মিত ডিউটির বাহিরে গিয়েও আন্তরিকতা সাথে অতিরিক্ত ডিউটি করে এখানকার জনসাধারণকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি খুব ভাল একটা টিম পেয়েছি, ডিউটি থাকুক আর না থাকুক তাদেরকে যখনই কল করা হয় তাতে দিন আর রাত নেই তারা হাজির হয়ে যান। তাদের সকলের আন্তরিকতার কারণেই হাসপাতালে আগত সকল রোগীকেই আমরা শতভাগ সেবা প্রদাণ করতে পারছি। একজন রোগীরও সেবা না নিয়ে ফিরে যাওয়ার কোন নজির নেই। নানা সংকটে থেকেও আমরা শতভাগ প্রাণপণ সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি।
উল্লেখ্য, ১৯৯৭সালের ২৩মে ৩১শয্যার এ হাসপাতালটি চালু হয়। এরপর ২০০৮সালে ৫০শয্যায় উন্নীত হয় সরকারী এ হাসপাতাল। হাসপাতাল সৃষ্টির পর ২০২৩সালের ১লা জুন এখানে অপারেশন থিয়েটারটি চালু হয় বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনের তত্ত্বাবধানে। এরপর থেকে প্রতি সপ্তাহের সোমবার নিয়মিত বিভিন্ন ধরণের অপারেশন সেবা চালু রয়েছে।











































