Home আঞ্চলিক খুবির শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হয়ে নিজেদের তৈরি করতে হবে : উপাচার্য

খুবির শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হয়ে নিজেদের তৈরি করতে হবে : উপাচার্য

8

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন্স এন্ড সিমুলেশন ল্যাব (এমসিএসএল) উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন এবং ল্যাব ঘুরে দেখেন। পরে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হয়ে নিজেদের তৈরি করতে হবে। শুধু চাকরি পাওয়ার উদ্দেশে পড়াশোনা নয়, আমাদের জ্ঞানী হতে হবে। আমাদের মধ্যে এক্সিলেন্স থাকলে চাকরি বা কর্মসংস্থান এমনিতেই হবে। সুতরাং এখন থেকে আমাদের শিক্ষার্থীদের এক্সিলেন্স অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো টিচিং ইউনিভার্সিটি হিসেবে পরিচিত। আমরা এ ধারা থেকে বের হয়ে এসে খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমাদের রিসার্চ ফ্যাসিলিটি বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, আগে গবেষণালব্ধ ফলাফল জাতীয় বা আন্তর্জাতিকভাবে তুলে ধরা কঠিন হতো। বর্তমান সময়ে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং কনফারেন্স এর মাধ্যমে গবেষণালব্ধ ফলাফল জাতির সামনে উপস্থাপন করা সহজ হচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান অনেক। যার ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম সবমহলে ছড়িয়ে পড়েছে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রিগুলোর মান বৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন অর্জন প্রয়োজন। অ্যাক্রেডিটেশন অর্জনের পূর্ব প্রস্তুতি হিসেবে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি তৈরি অত্যন্ত জরুরি। যার জন্য পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং একাডেমিক কোয়ালিটির উন্নতি করা। সময়ের সাথে আমাদের যেমন পরিবর্তন এসেছে, তার সাথে শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। এর সাথে মিল রেখে আমাদের কোর্স কারিকুলাও আপডেট করা হয়েছে। আমরা এখন গবেষণার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে গত দুই বছরে উল্লেখযোগ্য হারে গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে। যার লক্ষ্যের চেয়েও অনেক বেশি।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাক্ষত্রে বিশ্বমান অর্জনে যে পথচলা শুরু হয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সে লক্ষ্য অর্জনে দ্রুতই এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি এই ল্যাব স্থাপন কাজ সম্পন্নে ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী সালমুন সিফাত ও ইন্টেরিয়র ডিজাইনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক শারমিন সুলতানা শান্তা। অনুষ্ঠানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণের সমাপনী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রাত্যহিক কাজে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের পরিবর্তনে আজ সবকিছুই প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। এজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি জ্ঞানে সকলকে দক্ষ হতে হবে। বিশেষ করে কম্পিউটারের অফিস ম্যানেজমেন্ট তথা এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের কাজ জানতে হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ নিয়ে এর প্রয়োগ করতে হবে। চর্চা না করলে এই প্রশিক্ষণের কোনো গুরুত্ব থাকবে না। এজন্য সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের বিকাশে নিয়মিত এটি চর্চা করতে হবে।
কর্মকর্তা-কর্মচারীদের জন্য দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ আয়োজনের জন্য উপাচার্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনূভূতি ব্যক্ত করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. ফজলে রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।
এর আগে দিনব্যাপী প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ। সমাপনী দিনের প্রশিক্ষণে মোট ৪০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।