খুলনাঞ্চল রিপোর্ট
কয়েকদিন ধরেই খুলনাসহ সারাদেশে প্রচন্ড শীত ও কুয়াশার কারণে জনজীবন স্থবির হযে পড়েছে। এর সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ যুক্ত হয়ে শীতকে আরও তীব্রতর করে তুলেছে। গত কয়েকদিনের মতো রবিবার ভোর থেকেই উত্তরের হওয়ার জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী। তাপমাত্রার পারদ আরও কমে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কনকনে শীত জেঁকে বসেছে পুরো দেশজুড়েই। পৌষের শেষ দিনে কনকনে শীতে কাঁপছে সারাদেশ। প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা। গত কয়েকদিন ধরে শীতের প্রকট বেশি পরিলক্ষিত হয়েছে যথারীতি দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। রবিবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশজুড়ে এই অবস্থা বিরাজ করতে পারে আগামী আরও কয়েকদিন এবং এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে শনিবার রাতে মধ্যপ্রাচ্যের দুটি দেশ থেকে যাত্রী নিয়ে দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আবহাওয়ার অবস্থা উন্নতি হতে শুরু করলে রবিবার সকাল সাড়ে ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলো অবতরণ শুরু করে।
আবহাওয়াবিদদের মতে, বছরের এ সময়ে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবেশ করে। এ সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করতে পারে। এতে তাপমাত্রার পারদ কিছুটা কমে আসতে পারে। ২০ জানুয়ারির পর আবার মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী কয়েকদিন ধরে শীতের বর্তমান অবস্থার পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সপ্তাহজুড়ে কনকনে শীত পরিস্থিতিই বিরাজ করবে। রাজধানী ঢাকাসহ সারাদেশে ঘন কুয়াশা পড়া অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলবে। তিনি জানান, সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়লেও ১৮-১৯ তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে। সে সময় শীত আরও বাড়তে পারে। তিনি বলেন, মূলত আরব সাগর, দিল্লি হয়ে আর্দ্রতা আমাদের দিকে আসে। এটি ঘন হয়ে ওয়াটার ড্রপের আকার নিলে দৃষ্টিসীমা কমে আসে, সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়, ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারে না। এখনো তেমনই হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে এসেছে। যে কারণে ঠা-ার অনুভূতি তীব্র হয়েছে।
এ আবহাওয়াবিদ আরও বলেন, রবিবার দেশের চারটি জেলা রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
খুলনায় শীতে জবুথবু অবস্থা মানুষের ॥ খুলনায় শীত জেঁকে বসেছে। হাড় কাঁপানো শীতের কারণে জবুথবু অবস্থা মানুষের। বিশেষ করে রাতের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এর সঙ্গে বইসে হিমেল বাতাস। এতে চরম বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। শিশু ও বয়স্ক মানুষদের অবস্থাও অবর্ণনীয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ অবস্থার আরও ২/৩ দিন স্থায়ী হবে। এদিকে তাপমাত্রা কমার প্রভাব দেখা যাচ্ছে, নগরীর বিপণি বিতানগুলোতে। শীত নিবারণের জন্য গরম কাপড়, হাত-পায়ের মোজা, টুপি, মাফলার, জ্যাকেট কিনতে সেখানে ছুটছেন মানুষ। তবে শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, রবিবার খুলনায় তাপমাত্রা ছিল ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারের তাপমাত্রাও ছিল একই রকম। যা এ বছরে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে। আরও দুই তিন দিন এ অবস্থা থাকবে বলে জানান তিনি।
কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনজীবন ॥ পৌষের মাসের শেষ দিনে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসের ফলে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের জনজীবন। সূর্যের দেখা মিলছে না। রাতদিন ঘন কুয়াশা মাত্রাতিরিক্ত শীতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কায়িক শ্রমে জীবিকা নির্বাহ করা মানুষগুলো। দিনের বেলায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ছিন্নমূল মানুষ খড়কুটো আর কাঠরজ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দিনের বেলাতেই রাস্তাঘাটে মানুষের চলাচল একেবারেই কম। কনকনে শীতে কাহিল বয়স্ক ও শিশুরা। আর ঠান্ডায় ভুগে অনেকে আক্রান্ত হয়েছেন শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এ এলাকায় কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। চারদিক ঢাকা থাকছে ঘন কুয়াশায়। সেই সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশার দাপট। বৃষ্টির মতো ঝরে সারা রাত। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। সবচেয়ে বেকায়দায় খেটে খাওয়া মানুষগুলো।
যশোরে শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে ভর্তি প্রায় তিনগুণ ॥ যশোরের হাসপাতালগুলোতে বর্তমানে যারা ভর্তি আছেন তাদের বেশিরভাগই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছে। শীতের প্রকোপে হাসপাতালে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২০টি বেডের বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৫৫ জন। এর মধ্যে ১২ জন শিশু নিউমোনিয়া এবং ৭ জন শিশু নিওনেটাল ব্লকে ও বাকি ৩৬ জন সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস অ্যাজমাসহ বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। শিশুদের পাশা-পাশি বয়স্ক রাও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। শিশু ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুস সামাদ জানান, হঠাৎ করে যশোরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। তাই অভিভাবকদের জন্য পরামর্শ শিশুদের হালকা গরম পানি দিয়ে শরীর মুছিয়ে দেন ও পুষ্টিকর তরল জাতীয় খাবার খাওয়ান।











































