
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে অর্থদণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ভ্রাম্যমান আদালতে এক মৎস্য ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে রবিবার বিকেলে উপজেলা সদরের কাজি শামসুর রহমান মৎস আড়ত সংলগ্ন ডিপোতে অভিযান চালিয়ে শ্রুতি ফিস ডিপো মালিক কৌশিক বিশ্বাস কে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অব¯’ায় হাতেনাতে আটক করে। এ সময় পুশকৃত ১৫ কেজি মাছ জব্দ ও ডিপো মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপ¯ি’ত ছিলেন মেরিন ফিশারিজ অসিত কুমার সরকার, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ, মো: আশিকুর রহমান, এস এম সাদ্দাম হোসেন ও শেখ ইভান আহমেদ।
সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন
খবর বিজ্ঞপ্তি
রবিবার সকালে ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে মেধাবী ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন ইনস্টিটিউট অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস,ননটেক বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো.রেজাউল হক,কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর,সিভিল টেকনোলজি বিভাগের প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার ।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা- কর্মচারী সহ প্রতিষ্ঠানের বর্তমান ও নবীন ছাত্রী এবং অভিভাবকবৃন্দরা।
এসময় প্রধান অতিথি অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন অভিভাবক ও ছাত্রীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সার্বিক দিক, সুযোগ সুবিধা, নিয়ম কানুন নিয়ে যথাযথ বক্তব্য রাখেন।
শেষে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের ভালো ফলাফলের জন্য ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক গণ তাঁদের নিজস্ব অভিব্যক্তি ও ইন্সটিটিউটের শিক্ষা ও পরিবেশ নিয়ে নানা ইতিবাচক মতামত ব্যক্ত করেন। নবাগত ছাত্রী ও বিভাগীয় প্রধানগণ নিজ নিজ বিভাগের নানান বিষয়ে তাঁদের বক্তব্যে তুলে ধরেন।
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা।সভায় জেলার আইন-শৃঙ্খলা কমিটি, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ, চোরাচালান মামলা সমূহ নিস্পত্তি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল, দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলা প্রশাসন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে যথাযথ দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয়।
দুর্যোগ কবলীত গাবুরাতে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। সচেতনতার অভাবে মানুষের জীবন হানীও ঘটছে। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাসস্থল ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আরও সচেতন করা প্রয়োজন।
সেই লক্ষ্যে ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৩ টায় সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ট ইন প্রকল্পের সিপিটি এর কারিগরি সহযোগিতায় গাবুরা ইউনিয়নের গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ১০০০ গ্রামবাসীর উপস্থিতিতে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক একটি মাঠ মহড়া প্রদর্শিত হয়।
উক্ত মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম, দেশ টিভির সাতক্ষীরা জেলা করেসপন্ডেন্ট শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা করেসপন্ডেন্ট আমেনা বিলকিস ময়না, গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক ইয়াছিনুর রহমান লিংকন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ শহীদুল গাজী, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান, ১, ২ ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, ৪, ৫ ও ৬ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন, আরও উপস্থিত ছিলেন সিসিডিবির বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। জলবায়ু পরিবর্তন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ পূর্বের চেয়ে বাড়ছে। আমরা এই দুর্যোগ এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা সম্ভব হয় তার জন্য মানুষকে সচেতন করতে আজ এই মাঠ মহড়া।
বক্তারা আরও বলেন, দুর্যোগ উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া আয়োজন করার জন্য সিসিডিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
সাতক্ষীরায় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ কমিটির মাধ্যমে নিয়োগ বোর্ড সম্পন্ন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ কমিটির মাধ্যমে নিয়োগ বোর্ড সম্পন্ন করার অভিযোগ উঠেছে। গত ১২ -০১-২৪ তারিখ শুক্রবার দুপুর ১ টার সময় বিধিবহির্ভূত ভাবে একাধারে ৪ বার অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পরস্পর যোগসাজশে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ বোর্ড সম্পন্ন করেছেন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম নিজের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে নিজ ক্ষমতাবলে একাধারে চারবার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মিজানুর রহমান কে বহাল তবিয়তে রাখেন। জানা গেছে, নির্বাচনের মাধ্যমে যদি অন্য কোন প্রতিবাদি ব্যক্তি কিংবা কোন সচ্ছ জবাবদিহি ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয় সেক্ষেত্রে প্রধান শিক্ষকের পরিকল্পনা অনুযায়ী নিয়োগ বোর্ডের পূর্বে প্রার্থী চুড়ান্ত করে তাদের নিকট থেকে মোটা অংকের টাকা উৎকোচ বানিজ্য করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন আশংকা বিদ্যমান থাকায় তিনি বোর্ড নীতিমালা উপেক্ষা করে এমন জঘন্য অপরাধ মূলক কাজে লিপ্ত হন। এদিকে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে সৃষ্ট দুই পদ পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি উল্লেখিত পদের বিপরীতে প্রথমে দুই জন প্রার্থীকে মনোনীত করেন। একপর্যায় ঐ দুই প্রার্থীর নাম প্রকাশ হওয়ায় সুকৌশলে প্রধান শিক্ষক ও সভাপতি পুনরায় প্রার্থী পরিবর্তন করে ফের দুইজন প্রার্থীর নিকট থেকে গোপনে ২০ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেছেন বলে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের নির্দেশনা ও বিধি মোতাবেক একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে একজন ব্যক্তি দুইবার এর অধিক সময় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না বলে স্পষ্ট নীতিমালা থাকলেও মানতে নারাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং একেধারে চারবার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা মিজানুর রহমান। খোজ খবর নিয়ে জানা গেছে, অবৈধ পন্থায় একাধারে চারবার ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করা ঐ সভাপতি মিজানুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। মিজানুর রহমান প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর কথায় ওঠেন আর বসেন। প্রধান শিক্ষক যখন যা বলেন তখন তাই মেনে নিতে বাধ্য হন অবৈধভাবে জোরপূর্বক চারবার ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান। প্রধান শিক্ষক ও সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান কে ম্যানেজ করার মাধ্যমে বিধিবহির্ভূত ভাবে আইনের তোয়াক্কা না করে সাজানো পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে মনোনীত দুই প্রার্থীকে নিয়োগ প্রদান করা হচ্ছে বলে একাধিক সুত্র দাবি করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ তুলে বলেন, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একাধারে ৪ বার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা অবৈধ হওয়া সত্ত্বেও পেশি শক্তি বলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ১২ ই জানুয়ারি নিয়োগ বোর্ড বসান। এ ছাড়া কোন নির্বাচন ছাড়াই গোপনে ৪ বার মিজানুর রহমান কে কমিটির সভাপতির পদে রাখা হয়। নীতিমালা অনুযায়ী অবৈধ ম্যানেজিং কমিটি দিয়ে বোর্ড বসানো নিয়মের পরিপন্থি বিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এসব অনিয়মের কারণে সচেতন মহল ও সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবৈধ ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার দায়ভার নেবে কে এমন প্রশ্ন এখন জনমনে? এ বিষয় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সাথে মুঠো ফোনে আলাপকালে অবৈধ ম্যানেজিং কমিটি দিয়ে নিয়োগ বোর্ড সম্পন্ন করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন মিজানুর রহমান একাধারে দুই টার্ম দায়িত্ব পালন করার পর করনা কালীন সময় এডহক কমিটি করা হয় তখন অন্য ব্যক্তি দায়িত্ব পালন করেছেন। এর পর আবারও দুই টার্ম মিজানুর রহমান এ দিয়ে চারবার মিজানুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। প্রার্থী মনোনীত করে উৎকোচ বানিজ্য করার ব্যাপারে তিনি অস্বীকার করেন। এ বিষয় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে একাধারে চারবার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা মিজানুর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে প্রার্থী মনোনীত করে উৎকোচ বানিজ্য করার ব্যাপারে তিনি অস্বীকার করেন। একাধারে চারবার ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন অবৈধ কিনা জানতে চাইলে তিনি বলেন অবৈধ কিনা আমি জানিনা। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক প্রার্থী মনোনীত করে উৎকোচ নেওয়ার ব্যাপারে আমি অবগত নই। অবৈধ ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ বোর্ড বসানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি জানিনা। এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও দু’জন আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া একটি সাততলা নির্মাণাধীন ভবনে ৬ জন শ্রমিক লিফট ঘরে ঢালাইয়ের কাজ করছিল।হঠাৎ বাশের ভারা ভেঙ্গে নির্মাণ শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কুরবান আলীর ছেলে ইয়াছিন আলী(৪০),নওগাঁ সদর উপজেলার পানিহারা গ্রামের রবি দাসের ছেলে উত্তম কুমার (৩৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক পড়ে যায়।পরে তাদেরকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষনা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা জামান (জয়া) জানান, ইয়াসিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। উত্তম কুমার ও আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে উত্তম কুমারকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
কুয়েটে আইন মেনেই সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন নিযুক্ত হয়েছে: বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ২৩ (৫) ধারা অনুযায়ী বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন নিযুক্ত করা হয়েছে বলে সিন্ধান্ত দিয়েছে বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট। শুক্রবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯ তম বিশেষ সভায়, গত ১১ ডিসেম্বর গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদকে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করার যে আদেশ প্রদান করা হয়, তা আইন মেনেই করা হয়েছে বলেই সিন্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ২৩ (৫)ধারাটি অনুযায়ী “প্রত্যেক অনুষদের অন্তর্গত সকল বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকদের মধ্যে উক্ত অনুষদের ডীন পদ আবর্তিত হইবে এবং তিনি দুই বৎসরের মেয়াদে সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন”। এ আইন অনুযায়ী গত ২৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সিন্ডিকেটের ৮৭তম সভায় নিয়ম অনুযায়ী ডীন নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ এর নাম ডীন হিসেবে উল্লেখ করে কার্যবৃত্ত তৈরী করে সিন্ডিকেটের সদস্যদের প্রেরণ করা হয়। সিন্ডিকেট সদস্যগণের মধ্য থেকে কেবলমাত্র একজন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ডীন হবে মর্মে সংশোধনী দেন এবং সর্বাধিক সদস্যের মতামতের ভিত্তিতে ডীন নিযুক্ত করা হয়। কার্যবৃত্তে একজন সদস্যের বাইরে অন্য কোন সদস্য সংশোধনী না দিলেও ২০ ডিসেম্বর বিম্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছয় সদস্য ডীন নিয়োগ আদেশ সংশোধনীর জন্য সিন্ডিকেটের সভাপতি বরাবর আবেদন দেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্গত আটটি (০৮) বিভাগ রয়েছে। গত ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে তৎকালীন ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এর মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের ডীন হওয়ার কথা ছিলো। সে সময় তিনি (প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন) ডীনের দায়িত্ব গ্রহণ না করে কোন প্রকার ফাইল নোট কিংবা লিখিত কোন আবেদন বা পত্র ছাড়াই অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফকে ডীনের দায়িত্ব প্রদান করেন। গত ১১ ডিসেম্বর ২০২১ তারিখ তৎকালীন ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এর মেয়াদ শেষ হলে তৎকালীন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলামকে ডীনের দায়িত্ব প্রদান করেন। গত ১১ ডিসেম্বর প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলামের ডীন হিসেবে মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ২৩ (৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদকে ডীন হিসেবে নিযুক্ত করা হয়।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ স্বাক্ষরিত “অবৈধ ডীনের আওতায় পরীক্ষা নিবেন না” বিজ্ঞপ্তির মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সংশ্লিষ্ট দিনের পরীক্ষা স্থগিত করেন, অথচ ১৭ ডিসেম্বর তারিখের পরীক্ষা ঐ ডীনের আওতায় যথারীতি অনুষ্ঠিত হয়েছিলো। ডীন নিয়োগ বা সিন্ডিকেটের কোন বিষয়ে একজন বিভাগীয় প্রধানের “অবৈধ” বলারও এখতিয়ার নেই, বিষয়টি একান্তই সিন্ডিকেটের এখতিয়ারে। প্রফেসর মোঃ আবু জাকির মোর্শেদ বিভিন্ন গণমাধ্যমে এখতিয়ার বহির্ভূত বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, মিথ্যা তথ্য দিয়েছেন এবং শিক্ষার্থীদের উত্তেজিত ও উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। বিশ^বিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরী এবং বিশ^বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষূন্ন করার জন্যই তিনি এ কাজ করেছেন বলে কর্তৃপক্ষের মনে করে। বিষয়টিকে বাংলাদেশের সেশনজটমুক্ত এই বিশ^বিদ্যালয়কে সেশনজটে ডুবিয়ে অকার্যকর বিশ^বিদ্যালয়ে পরিণত করার একটি ঘৃন্য চক্রান্ত।
২৩ ডিসেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষা না নিলেও অনুষদভূক্ত অন্যান্য বিভাগসমূহ তাদের নির্ধারিত পরীক্ষা গ্রহণ করে। এছাড়া অনুষদভূক্ত অন্য সাতটি বিভাগের বিভাগীয় প্রধানের সাথে গত ২২ ডিসেম্বর, ২০২৩ তারিখ উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় সভা করে তাদের মতামত জানতে চাইলে, তারা ডীন নিয়োগ সঠিক হয়েছে বলে মতামত প্রদান করেন এবং পরীক্ষাসহ অন্যান্য বিষয়ে নতুন ডীনকে সহযোগিতা করবেন বলে আশ^স্ত করেন।
এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা কতিপয় ব্যক্তির সৃষ্টি। যখন দেশ নির্বাচনমূখর, তখনই একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টায় মগ্ন, তখনই একটি পক্ষ বিশ^বিদ্যালয়কে অস্থিতিশীল করতে উম্মুখ ছিলো। নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠনকালীণ সময়েও তারা এসব অপতৎপরতা থেকে সরে যায়নি। সিন্ডিকেট সবার উপরে, আমদেরকে সিন্ডিকেটের সিদ্ধান্ত মানতে হবে”।
এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “নিযুক্ত ডীনের অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা পরীক্ষা নিতে না চাওয়া নিয়মতান্ত্রিক নয়। তবে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা তথাকথিত শিক্ষকরা না ভাবলেও আমাকে ভাবতে হয়। আমি তাদের পরীক্ষা নেওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলাম। বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ‘সিন্ডিকেট’ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে। বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদেরকে শুধরে নিতে হবে”। তিনি বিশ^বিদ্যালয় পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা এবং বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সুন্দরভাবে চলে, সেজন্য সিন্ডিকেট কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষার্থীরাও তা মেনে নিয়েছে।”
সাতক্ষীরার পুনঃনির্বাচিত ও নব-নির্বাচিত তিন সাংসদকে শুভেচ্ছা জানালেন সাতক্ষীরা জেলা সমিতি
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার পুনঃনির্বাচিত ও নব-নির্বাচিত তিন সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীস্থ ট্রমা সেন্টারে সাতক্ষীরা জেলা সমিতির উপদেষ্টা সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসন থেকে পুনঃনির্বাচিত অধ্যাপক ডা. আ ফ ম রুহল হক, সাতক্ষীরা-০২ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এবং সাতক্ষীরা -৪ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আতাউল হক দোলনকে এই শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, সহ-সভাপতি সামছুল আলম, সহ-সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শফিকুর ইসলামসহ অন্যান্য নেতা ও সদস্যবৃন্দ তাঁদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলার সকল সংসদ সদস্য জেলা সমিতির সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হয়।
এসময় নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি, ঢাকার পক্ষথেকে স্কুলের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা: রুহল হক মহোদয়কে নিয়ে কেক কাটা হয় ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ডা. রুহুল হকের হাতেই ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরার উন্নয়নের চাকা। সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনে ২০০৮ সালে ডা. আ.ফ.ম রুহুল হক প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কেবলমাত্র নিজের নির্বাচনী এলাকার উন্নয়নে সীমাবদ্ধ না থেকে কাঁধে তুলে নিয়েছিলেন অবহেলিত গোটা সাতক্ষীরা জেলার উন্নয়নের দায়িত্ব। গত ১৫ বছরে নিজ নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়ন, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট নির্মানের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও মাতৃত্বকালিন ভাতাসহ শতভাগ ভাতা ব্যবস্থা নিশ্চিত করেছেন।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভাঙন কবলিত দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনিতে নদী ভাঙনরোধে জরাজীর্ন বেড়িবাঁধ মেরামত ও এলাকাভেদে নতুন বাঁধ নির্মানের ব্যবস্থা করেছেন। ঘূর্নিঝড় ও বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হ্রাসে ঝুঁকিপূর্ন এলাকা গুলোতে একের পর এক বহুমূখি ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি কর্মসৃজন প্রকল্প, টিআর, কাবিখা, কাবিটা ও এডিপি’র মতো প্রকল্পের মাধ্যমে নির্বাচনী এলাকা তিনটি উপজেলার অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন এনেছেন ডা. রুহুল হক।
জ্ঞানের আলো ছড়াচ্ছে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজ স্থাপিত শিক্ষাপার্ক: নতুন ৭টি উপকরণ সংযোজন
নওয়াব আলী মাগুরা
জ্ঞানের আলো ছড়াচ্ছে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজে স্থাপিত শিক্ষাপার্ক।কলেবর বৃদ্ধিতে আরো সাতটি নতুন উপকরণ সংযোজন।নতুন এ উপকরণের মধ্যে রয়েছে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, জাতীয় ফুল শাপলা, মুজিব নগরের স্মৃতিস্তম্ভ,জাতীয় পাখি দোয়েল,শহীদ মিনার ও সুন্দরবন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধায়নে এসব উপকরন স্থাপন করা হয়েছে।
তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম ও উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর প্রমুখ।
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশে বিদেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ ও স্থাপনার বিষয়ে জ্ঞানদানের জন্য মাগুরার শালিখায় শিক্ষা পার্কে এসব স্থাপনার প্রতিকৃতি স্থাপন করাহয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাস্তবসম্মত জ্ঞান বৃদ্ধির জন্য মাগুরা জেলা প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সেটাকে আরো সম্প্রসারিত করে তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করছি। তারই ধারাবাহিকতায় শিক্ষা পার্কটিতে নতুন করে আরো সাতটি রেপ্লিকা স্থাপন করা হচ্ছে। এর আগে গত বছরের জানুয়ারি মাসে উপজেলা উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা পার্কের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ শিক্ষা পার্কে রয়েছে অত্যাধুনিক টেলিস্কোপ। যা দিয়ে চাঁদের পাহাড় পর্বত পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। পর্যবেক্ষণ করা যাবে মহাকাশ। আরো আছে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ। যা দিয়ে শিক্ষার্থীরা জীবাণু জগৎ ও কোষবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এছাড়া রয়েছে একটি সাহিত্য কর্নার। যেখানে আছে বাংলাদেশের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছবি। ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বই, পুস্তিকা।আছে টাইলেসর ওপর অ্যাম্বুস করা শালিখার ম্যাপ, যেখানে শালিখা সম্পর্কিত অধিকাংশ তথ্য আছে। এরপরই আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ম্যাপ। রয়েছে ১০ ফুট/১০ ফুট মুক্তিযুদ্ধবেদি। টাইলেসর ওপর অংকিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তার জীবনী। এর নিচে তথ্য সংবলিত সাত বীরশ্রেষ্ঠের ছবি।
এছাড়া ৬ ফুট উচ্চতা সম্পন্ন ভূ-গোলক। প্রতিটি গ্রহের নাম, ওজন, ঘূর্ণায়ন গতি, তার বছর, সূর্য হতে তার দূরত্ব এসব বর্ণনা আছে। রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধের সাত স্তরের বর্ণনা। এছাড়া রয়েছে পিরামিড ও আইফেল টাওয়ারের প্রতিকৃতি।
প্রতিদিন জ্ঞানপিপাসু মানুষ,শিক্ষক-শিক্ষার্থীরা এসব স্থাপনা দেখতে ভিড় জমায়।এ সব মানুষের পদচারণায় শিক্ষা পার্কটি সব সময় মুখরিত থাকে। পার্কটিতে শিক্ষনীয় আরো নতুন উপকরণ সংযোজন চান জ্ঞানপিপাসু সচেতন মহল।
আ’লীগ নেতার সুস্থতা কামনায় কয়রা উপজেলা কৃষক লীগের উদ্যোগ দোয়া
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সুস্থতা কামনায় কয়রা উপজেলা কৃষক লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আহবায়ক শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহানুল আলম, উপজেলা কৃষক লীগ নেতা খাশরুল আলম, আমিরুল ইসলাম খোকন, মোঃ ইউনুচ আলী, আসাদুল ইসলাম, কামরুল ইসলাম, মনোতষ রায, রিপন সরদার, আলিম মোড়ল, মোঃ রবিউল ইসলাম, টুলু সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি নির্মাণাধীন সাত তলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলী (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা শহরের মুক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কুরবান আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন- নওগাঁর পানিহারা গ্রামের বিপদ রবি দাসের ছেলে উত্তম কুমার দাস এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক।
আহত আশিক বলেন, সকালে আমরা ছয়জন শ্রমিক সায় তলায় লিফট ঘরে ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় উত্তম কুমার ও ইয়াসিন আলি ভারা ভেঙে সাত তলা থেকে নিচে পড়ে যান। আমিসহ দুইজন লাফ দিয়ে ছাদে উঠে যাই। তবে আমি আহত হয়েছি। এছাড়া নিচে পড়ে যাওয়া দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা জামান (জয়া) জানান, ইয়াসিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। উত্তম কুমার ও আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে উত্তম কুমারকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মেহেরপুরে চলছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরে উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার গাড়িসহ বিভিন্ন যানবাহন।
রোববার সকাল ৯টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন আগে মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯ টায় চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরো শীত বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
এদিকে, শীতে বিপাকে পড়েছে দিনমুজুরসহ সাধারণ মানুষ। প্রতিদিনের আয়েও ভাটা পড়েছে তাদের। পরিবার পরিজন নিয়ে কোনো রকম সংসার চালাতে হচ্ছে।
ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই, আটক ২
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে কাটাখালী হাইওয়ে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বড় দাউদপুর গ্রামের লাবলু মিয়ার পুত্র শাওন মিয়া (২৩) ও খুলনার রুপসা থানার দেয়াড়া গ্রামের মৃত আব্দুল ওহাব শেখ এর পুত্র আব্দুল ওয়াদুদ (শাকিল) (২৭)।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ জানান, মোল্লারহাট উপজেলার বাসাবাড়ি এলাকার আব্দুর রকিব শেখ এর পুত্র মঞ্জু শেখ নামের একজন ইজিবাইক চালককে যাত্রীবেশে দুজন ছিনতাইকারী ভাড়া করে বাগেরহাট মাজারে ঘুরতে নিয়ে আসেন। এসময় তারা কৌশলে চালককে কফির সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে পুলিশের চেকপোস্ট থেকে দেই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করা হয়।
তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত চাষি
কুষ্টিয়া প্রতিনিধি
তীব্র শীত উপেক্ষা করে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার ভেড়ামারার আখ চাষিরা। শীত মৌসুম এলেই শুরু হয়ে যায় সুস্বাদু আখের গুড় তৈরির কাজ। একদিকে আখ কেটে সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে কেটে আনা আখ থেকে মেশিনের মাধ্যমে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়।
শীত বাড়তেই বাঙালির ঘরে শুরু হয়েছে পিঠা-পুলির মহোৎসব। এসব পিঠায় আখের গুড়ের কদর রয়েছে ব্যাপকহারে। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের চর এলাকায় ও মেঘনাপাড়া গ্রামের মাঠে দেখা যায়, আখের গুড় তৈরিতে ব্যস্ত চাষিরা। বিগত দুই বছর ধরে এই এলাকায় শীত মৌসুমে আখ থেকে গুড় তৈরি করেন তারা। তবে আগের মতো আখচাষ না থাকায় তেমন একটা চোখে পড়ে না রস থেকে গুড় তৈরির দৃশ্য।
সরেজমিন দেখা যায়, গ্রামের নারী-পুরষ, কিশোর-কিশোরীরা আখ থেকে পাতা ও আগা বাদ দিয়ে আলাদা করে রাখছেন। সেই পাতা ও আগার অংশটুকু নিয়ে যাচ্ছেন বাড়িতে গৃহপালিত পশুর খাবার হিসেবে। এরপর রেখে দেওয়া আখ থেকে কারিগররা একটি মেশিনের মাধ্যমে রস বের করছে।
তার পাশেই একটি বিশাল উনুন তৈরি করে তার ওপর চাপানো হয়েছে বিশাল মাপের লোহার কড়াই। তাতেই আখের রস ঢেলে জ্বাল দেওয়া হচ্ছে। সেই কড়াইয়ের দিকে সজাগ নজর কারিগরদের। কারিগররা প্রায় ২ থেকে ৩ ঘণ্টা রস জ্বাল দেন। পরে তা চুলা থেকে নামিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখার পর শক্ত হয়। পরে কারিগরদের হাতের সাহায্যে শক্ত গুড়গুলোকে একটি নির্দিষ্ট আকার দেওয়া হয়। এভাবেই তৈরি করা হয় আখের রস থেকে সুস্বাদু গুড়।
স্থানীয় আখচাষিরা জানান, এখানকার গুড় নির্ভেজাল ও খাঁটি হওয়ায় স্থানীয় বাজারে প্রচুর চাহিদা রয়েছে। চাষে খরচ কম ও তুলনামূলক লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের ফলনও ভালো হয়েছে। তবে কৃষি অফিসের সহযোগিতা পেলে উপজেলায় আখ ও গুড়ের উৎপাদন বাড়বে।
আখের গুড় তৈরির কারিগর মো. মনসের আলী বলেন, আমি নাটোরের লালপুর এলাকা থেকে কাজ করতে এসেছি। দীর্ঘ ১৫ বছর ধরে এই পেশায় আছি। শীত মৌসুমের শুরু থেকেই আমরা মহাজনের সঙ্গে যোগাযোগ করে জেলা-উপজেলার বিভিন্ন এলাকায় আখের রস থেকে গুড় বানানোর কাজ করি। আখ কাটা থেকে শুরু করে গুড় তৈরি পর্যন্ত প্রায় এক মাস এখানে থাকতে হয়। এরপর আবার অন্য এলাকায় গুড় তৈরির জন্য যাবো। এভাবেই শীতের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয়।
তিনি বলেন, প্রতিদিন ৩ কড়াই গুড় তৈরি করি। পারিশ্রমিক হিসেবে কড়াই প্রতি ৬-৭০০ টাকা করে পাই। এতে করে কোনো রকম ডাল-ভাত খেতে পারি।
তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত চাষি: আখচাষি খবির উদ্দীন বলেন, প্রতি বিঘা জমিতে আখ চাষে খরচ হয় মাত্র ২০ থেকে ২২ হাজার টাকা। উৎপাদন ব্যয় মিটিয়ে প্রতি বিঘা জমি থেকে উৎপাদিত আখের গুড় বিক্রি করে লাভ হয় ৩৫ থেকে ৪০ টাকা। স্থানীয় বাজারে প্রতি কেজি আখের গুড় পাইকারি ১০০ থেকে ১১০ টাকা কেজি। খুচরা বিক্রি করা যায় ১৫০ থেকে ১৯০ টাকা কেজি। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় গুড় সরবরাহ করা হয় ভেড়ামারা থেকে। সরকারি প্রণোদনা পেলে আখের গুড় উৎপাদন বাড়াতে পারবেন বলে আশা করেন প্রান্তিক কৃষকরা।
আখ ক্ষেতের মালিক সিরাজুল ও মাসুদ বলেন, এক মৌসুমের ফসল চাষ করার পর আখ চাষ করি। পরবর্তীতে তা গুড় তৈরির মহাজনদের কাছে বিক্রি করে দিই। পরে তারা শীতের সময় এসে সেই আখ থেকে গুড় তৈরি করে। বিগত বছরগুলো আমাদের জন্য অনেক ভালো ছিল। এ বছর ভেড়ামারার বিভিন্ন বাজারে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা প্রতি মণ গুড় বিক্রি করছি। আশা করছি এ মৌসুমে প্রায় ৩-৪ মণ গুড় উৎপাদন করতে পারবো।
আখ মাড়াই কাজে যারা নিয়োজিত তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আখের রস জ্বাল দেওয়ার পর তা ঘন হয়ে উঠলে টিনের তৈরি ড্রামের মধ্যে সংরক্ষণ করা হয়। উত্তাপ কমে এলে ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে গুড় জমাট বাঁধে। এছাড়া আখের রশিও (তরল গুড়) বাজারে বিক্রি হয়। তরল গুড় আলাদা বোতলে সংরক্ষণ করা হয় বাজারজাতের উদ্দেশ্যে।
আখের মান ভালো হলে প্রতি খোলা (গুড় জ্বাল দেওয়ার কড়াই) থেকে ৪০-৫০ কেজির মতো গুড় পাওয়া যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার-পাঁচটি গুড়ের খোলা ওঠানো সম্ভব হয়।
ভেড়ামারা উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, চলতি মৌসুমে ভেড়ামারা উপজেলায় ৮ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আখচাষিদের জন্য সরকারি কোনো প্রকার বরাদ্দ না থাকায় আমরা তাদের শুধু পরামর্শ দিয়ে থাকি।
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা দুই আরোহী।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দে’র ছেলে ও তালা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মণ্ডলের ছেলে শিমুল মণ্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। মহাসড়কের ভৈরব নগর এলাকায় বাইসাইকেলে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এ সময় ওই বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই নিহত হন বাইসাইকেল চালক অভি। স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, সতর্ক করলেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। তিন দিন আগে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সেটা এখন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস এ নেমে এসেছে। তার সাথে হিমেল ঠান্ডা বাতাস বয়ে যাওয়াতে তীব্রতর হচ্ছে শীতের প্রকোপ।
জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রচন্ড শীত ও কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি শিশুরা। তবে বৃদ্ধরাও রয়েছেন নানা সমস্যাতে।
জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সামছুর রহমান সময় সংবাদকে জানান, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। রয়েছে স্বাস্থ্য সেবার ব্যবস্থাও। তবে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
দিনের প্রত্যুশে কুয়াশাচ্ছন্ন কনকনে শীতে ঘরের বাইরে বের হতে পারছেন না এখানকার লোকজন। তবুও জীবিকার সন্ধানে কেউ কেউ বের হচ্ছেন। এদিকে আবার বিশেষ করে ছিন্নমূল মানুষের পড়েছেন দুর্দশায়। আবার নিম্ন আয়ের শ্রমিকরা তীব্র ঠান্ডায় কাজে যেতে পারছে না। ফলে তাদের দিন যাচ্ছে কষ্টে। অতিরিক্তি ঠান্ডার কারণে চাষাবাদের কাজও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় ২২ লাখ মানুষের মধ্যে ছিন্নমূলসহ নিম্ন আয়ের মানুষের সংখ্যা প্রায় ৫ লাখ।
কয়রায় শীতের আমেজে ঘরে ঘরে কুমড়ো বড়ি তৈরির হিড়িক
কয়রা(খুলনা)প্রতিনিধি
শীতের মিষ্টি-কড়া রোদ পোহাতে পোহাতে “কুমড়ো বড়ি” তৈরি করা গ্রামের বধুদের প্রাচীন ঐতিহ্য। প্রতি বছর শীত মৌসুমে গ্রাঞ্চলের বেশিরভাগ বাড়ীতে এ বড়ি তৈরির রেওয়াজ রয়েছে। অতীতে এটা তৈরির সময় প্রতিবেশী গৃহবধু-মেয়েরা এক বাড়ীতে জড়ো হত। গান-গল্প হাসি রহস্যো মধ্যে চলতো এই সৃষ্টিশীল কাজ। যার মাধ্যমে প্রতিবেশী পরিবারগুলোর মধ্যে সু-সম্পর্ক বজায় থাকতো। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য আজো ধরে রেখেছেন কয়রা উপজেলার গৃহবধুরা।
মাছ ঝোলে বা সবজির সঙ্গে কুমড়োর বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বাজারে বিভিন্ন ধরনের কুমড়ো বড়ি পাওয়া গেলেও চালকুমড়া অথবা মুলার সঙ্গে মাষকলাই ডাল মিশিয়ে তৈরি বড়ি স্থানীয়দের খুবই প্রিয়। তাই সাত সকালে গ্রামে গিয়ে দেখা যায় সুস্বাদু ও পুষ্টিকর খাবার কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গৃহবধুসহ মেয়ে ও শিশুরা।
মহারাজপুর ইউনিয়নে মঠবাড়ী গ্রামে রাস্তার পাশে উচু সবজি খেতে রবিবার সকালে দেখা যায় কুমড়ো বড়ি রোদে শুকাচ্ছেন কয়েকজন গৃহবধু। খেজুর পাতায় বোনা পাটির উপরে বাদ দেওয়া শাড়ী অথবা কাথা পেতে তার উপর ডান হাতের আঙ্গুলের আলতো চাপে কুমড়ো বড়ি সাজাচ্ছে তারা। মায়ের কাজে সাহায্য করছে মাধ্যমিক পড়ুয়া মেয়ে। তাদের এই নিখুত কাজ দেখছেন মঠবাড়ী রাস্তায় পথচারী লোকজন। দাড়িয়ে দেখতে থাকা মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অভিরোন নেছা প্রতিবেদকে জানান, এই খাবার অত্যান্ত পুষ্টিকর ও সুস্বাদু। মাছের চাহিদাও মেটায়।
বড়ি তৈরির পদ্ধতি জানাতে গিয়ে মঠবাড়ী গ্রামের গৃহবধু ফুলবিবি (৫০) বলেন, বড়ি দেওয়ার আগের দিন মাষকলাই ডাল খোসা ছাড়িয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হয়। সন্ধ্যায় চালকুমড়োর খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশ ফেলে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর মিহি করে কোরানো কুমড়ো পরিষ্কার কাপড়ে বেঁধে সারারাত ঝুলিয়ে রাখতে হবে। পরদিন ভোরে ডালের পানি ছেঁকে মিহি করে বেটে পেষ্ট তৈরি করতে হবে। পানি ঝরানো কুমড়োর সঙ্গে প্রায় সমপরিমান ডাল ও পরিমান মত লবণ মেশাতে হয়। পরে কড়া রোদে পরিস্কার কাপড়, বা নেটের উপর ছোট ছোট করে বড়ি দিতে হয়। এই বড়ি ভালো করে শুকিয়ে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত খাওয়া যায় বলে জানান ফুলবিবি।
শ্রীরামপুর গ্রামের তানজিলা খাতুন বলেন, শীত না পড়লি বড়ি যুত (ভাল) হয় না। যত বেশি শীত পড়বে তত বড়ির স্বাদ হবে। খাতি ভাল লাগবে। শীত এলেই একে অপরকে বড়ি দিতে সাহায্য করা তাদের গ্রামের রেওয়াজ। বছর পচিশেকে আগে শশুর বাড়ীতে এসে তিনি শাশুড়ির কাছ থেকে এ রেওয়াজে অভ্যস্ত হয়েছেন। তবে এ ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে বলে তিনি মনে করেন।
শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনিরুন্নেছা বলেন, শীতকাল কুমড়ার বড়ি তৈরির উপযুক্ত সময়। পৌষ-মাঘ মাসে নতুন ডাল ও গাছ পাকা চাল কুমড়া দিয়ে বড়ি ভাল হয়। গরমের সময় কিংবা চাল কুমড়া পুরানো হলে কিংবা বাত্তি না হলে বড়ি টক হয় এবং ফেটে যাওয়ার আশঙ্কা থাকে । এছাড়া সে বড়িগুলো বেশিদিন রাখা সম্ভা হয়না। এক সপ্তাহ রোদে শুকানোর পর বড়িগুলো সংরক্ষনের উপযোগি হয়। শুষ্ক এই মৌসুমে তৈরিকৃত কুমড়োর বড়ি সারা বছর টিনের পাত্রে সংরক্ষন করা হয়। বিশেষ খাবার হিসেবে এর কদর রয়েছে। রান্নার সময় কুমড়োর বড়িগুলো তেলে হালকা ভেজে তরকারিতে দেওয়া হয়। ভেজে মচমচে করে শুধু কুমড়োর বড়ি খেতেও মজার।
নতুন প্রজন্মের মেয়েরা এসব শিখতে কিম্বা বড়ি তৈরি করতে আগ্রহ না। তারা এই রেওয়াজ থেকে পিছিয়ে পড়ছে, তাতে আগামীতে এটা হারিয়ে যাবে। এই উপজেলায় প্রায় ২০ ভাগ পরিবার শীতকালে কুমড়োর বড়ি তৈরি করে বলে দাবি করেন।
কয়রা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এম আর এ হাসান জানান, কুমড়োর বড়ি তৈরির অধিকাংশ উপকরণ (চালকুমড়া, মাসকলাই, মূলা) পুষ্টিকর খাবার। এগুলো যতটা স্বস্থ্যসম্মত উপায়ে তৈরি করা যায় ততই মঙ্গল।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি ১০০ গ্রাম মাসকলাইতে আছে ৩৪১ মিলিগ্রাম ক্যালরি, ৯৮৩ মিলিগ্রাম পটাশিয়াম, প্রোটিন ২৫ গ্রাম, ক্যালসিয়াম ১৩৮ মিলিগ্রাম, আয়রন ৭ দশমিক ৫৭ মিলিগ্রাম। অপর দিকে চালকুমড়া একটি পুষ্টিকর সবজি। এতে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, ও ফাইবার রয়েছে তাই চাল কুমড়ার উপকারিতা অনেক। যক্ষা , কোষ্ঠকাঠিন্য ও গ্যাষ্ট্রিকসহ বহু রোগের উপশমও করে চাল কুমড়া। সব মিলিয়ে কুমড়ো বড়ি নিঃসন্দেহে একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার।
শিরোমণি তরুণ সংঘ ক্লাবের কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়ক কমিটি গঠন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী শিরোমণি তরুণ সংঘ ক্লাবের এক জরুরি সভা গতকাল সন্ধ্যায় তরুণ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম । সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচন বাস্তবায়ন কমিটি ও বার্ষিক বনভোজন বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়। তরুণ সংঘ ক্লাবের আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন হাবু, সদস্য সচিব শেখ আকিব জাবেদ, যুগ্ন আহবায়ক শেখ নুর ইসলাম শুনু, যুগ্ম আহ্বায়ক শেখ ইফতে খায়রুল আলম বাপ্পি, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মুন্সি লিমন আহমেদ। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শহিদুল ইসলাম, সহকারী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নুর ইসলাম সুনু ও মোঃ হায়দার আলী। নির্বাচন বাস্তবায়ন কমিটির রয়েছেন শেখ রবিউল ইসলাম, আলহাজ্ব শেখ আল আমিন, শেখ সাইফুল ইসলাম পলাশ, শেখ শহিদুল ইসলাম, নুর ইসলাম সুনু, মোঃ হায়দার আলী, শেখ মফিজুল ইসলাম। বার্ষিক বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ ইফতেখারুল আলম বাপ্পি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুন্সি লিমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ নুর ইসলাম সুনু ও মোহাম্মদ মকবুল হোসেন। এছাড়া সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় আগামী ৮,৯ ও ১০ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৌতুক পরিবেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ফুলতলার কুন্ডুপাড়া গ্রামের কয়েক পুরুষের পেশা কুমড়ো বড়ি বানানো
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার কুন্ডুপাড়া গ্রামের প্রায় সবার কয়েক পুরুষের পেশা কুমড়োর বড়ি বানানো। এক সময় পরিবারের প্রয়োজনে এগুলো বানানো হতো। এখন এটি গ্রামের মানুষদের অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। কারিগরদের তথ্যমতে, এ গ্রামে প্রতি মাসে কয়েক লাখ টাকার কুমড়ো বড়ি বিক্রি হয়। চিলান দাস বয়স এখন চলছে ৫৭। প্রতি বছর থেকে শীত এলেই তৈরি করেন কুমড়ো বড়ি। এর আগে তৈরি করেছেন তার বাবা-দাদা। এই বড়ি কারিগর বলেন, ‘শত বছরের ঐতিহ্য ধরে রাখতে আমরা কুমড়ো বড়ি তৈরি করি। এটা আমাদের বাপ-দাদার পেশা।’ কুমড়ো বড়ি প্রায় সকল মানুষের জনপ্রিয় খাবার। মাষকলাই ও চাল কুমড়া দিয়ে তৈরি হয় কুমড়ো বড়ি। মূলত শীতকালেই এটি তৈরি ও খাওয়ার চল বেশি।গ্রামের কালবতি চন্দ্র বলেন, ‘এ গ্রামে প্রায় ৬৫ ঘর কুমড়ো বড়ি তৈরির সঙ্গে জড়িত। প্রত্যেক বাড়ি প্রতি মাসে গড়ে ৩০০ কেজি বড়ি তৈরি করে। আশ্বিন মাস থেকে শুরু হয় বড়ি তৈরি। চলে চৈত্র মাস পর্যন্ত। আমরা সাংসারিক কাজের পাশাপাশি এই বড়ি তৈরি ও বিক্রি করে থাকি।’তিনি আরও বলেন, ‘যখন ৫ কেজি মাষকালাইয়ের দাম ১৫ থেকে ২০ টাকা ছিল, তখন থেকে আমি বড়ি তৈরি করছি। আমি যেমন বাবার হাত ধরে এ পেশায় এসেছি। আমাদের সন্তানেরাও তেমনি কুমড়ো বড়ি তৈরির হাল ধরবে।’খুলনা শহর থেকে উত্তরে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভৈরব নদের তীরে অবস্থিত কুন্ডুপাড়া গ্রাম। গ্রামের অধিকাংশ নারী-পুরুষ সনাতন ধর্মের। শীতকালের সময়টায় গ্রামের প্রবেশমুখ থেকেই চোখে পড়ে চাটাইয়ের ওপর সারি করে বিছানো সাদা মাষকলাইয়ের তৈরি কুমড়া বড়ি। গ্রামের ভিতরে গৃহিণীরা বাড়ির ছাদে একত্রে দল বেঁধে বা কেউ কেউ মাটিতে মাদুর পেতে বড়ি তৈরির কাজ করছেন।এ কাজে নারীদের হাতের ছোঁয়াই বেশি। তবে বাড়ির পুরুষদের ভূমিকা কম নয়। তারা যাতায় কালাই পেষেন। বড়িও বানান। তাদের সাথে হাত মিলিয়ে ছোটরাও শিখে নেয় বড়ি তৈরি। অনেকের বাড়িতে মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে কুমড়ো বড়ি।বড়ি তৈরির প্রক্রিয়া জানান সাবলা গ্রামের গৃহবধূ অর্মিলা অন্তরা। শীতের এই মৌসুমে প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৮ টা পর্যন্ত তারা বড়ি বানানোর কাজ করেন।অর্মিলা অন্তরা জানান, প্রথমে মাসকলাই রৌদ্রে শুকিয়ে যাতায় ভেঙ্গে খোসা ছাড়িয়ে নিতে হয়। পরে প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা মাষকলাই পানিতে ভিজিয়ে রাখা হয়। ঢেঁকি বা শিল-পাটায় কুমড়ো বেটে নিয়ে মিশ্রণ তৈরি করা হয়। এরপর কলাই ও চাল কুমড়া দুইটির মিশ্রণে বানানো হয় বড়ির উপকরণ।এরপর বড়িগুলো পাতলা কাপড়ে সারি করে বাঁশের মাচাঙে রেখে রোদে শুকানো হয়। এতে সময় লাগে অন্তত তিন দিন। অনেকে বড়িকে শক্ত করার জন্য অল্প পরিমাণে আলো চালের আটা মেশায়।গ্রামের আরেক নারী কারিগর জোসনা বলেন । তার বাড়ি কেরানীগজ্ঞে। কিন্তু প্রায় সাত বছর আগে কুন্ডুপাড়া গ্রামে বিয়ের সুবাদে কুমড়ো বড়ি তৈরি করা শেখেন। জানালেন, দৈনিক ১০ থেকে ১২ কেজি কুমড়ো বড়ি তৈরি করতে পারেন তারা।অন্য সব ব্যবসার মতো এতেও জিনিসপত্রের দাম বাড়ার প্রভাব পড়েছে বলে জানান জোসনার স্বামী খোকন কান্ত। গত মৌসুমে প্রায় আড়াই লাখ টাকার বড়ি বিক্রয় করেছিলেন তিনি। তিনি জানান, গত বছর ৫০ কেজির মাষকলাইয়ের বস্তার দাম ছিল ৩ হাজার ৮০০ টাকা। এ বছর তিনি তা কিনেছেন ৫ হাজার ৭০০ টাকায়। এ কারণে এবার কুমড়ো বড়ির দাম বাড়ানো হয়েছে।কারিগররা জানান, প্রত্যেক ঘরে প্রতি মাসে গড়ে ৩০০ কেজি কমুড়ো বড়ি তৈরি ও বিক্রি করে থাকেন তারা।দুই ধরনের কুমড়ো বড়ি তৈরি হয়। একটি সাধারণ মানের। আর ভালোটি শুধু মাষকলাই দিয়ে তৈরি, দামও বেশি। সাধারণ বড়ি পাইকারি হারে প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকায় এবং ভালোটি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করেন তারা। খুচরা হিসেবে ভালো মানেরটি সর্বোচ্চ ৪০০ টাকায় বিক্রি হয়।ঐতিহ্যের গ্রামের বাসিন্দারা কয়েক বছর আগেও বেশ অভাবে ছিলেন। কিন্তু এখন তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে।নিজেদের জীবন মানের উন্নতির কথা বললেন আরেক ষাটোর্ধ কারিগর শ্যামল কুমার মোহন্ত। তিনি বলেন, ‘এ গ্রামের কুমড়োর বড়ি তৈরির ইতিহাস প্রায় একশ বছরের বেশি। এখানকার বড়ির চাহিদা দেশের বিভিন্ন জেলায় রয়েছে।’তিনি আরও বলেন, ‘এখন এটি আর মৌসুমি ব্যবসা নয়। নিয়মিত ব্যবসা হয়ে উঠছে। ফলে এখানকার মানুষের জীবনমানও উন্নত হচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজে পড়ছে।’ফুলতলা বাজারের পাইকারী ব্যবসায়ী কামরুল মিয়া বলেন সাত বছর ধরে কুমড়ো বড়ি ব্যবসা করছি।, ‘প্রতি সপ্তাহে গ্রাম থেকে ১ থেকে দেড় মণ বড়ি কিনি। এখানকার বড়ির মান ভালো। প্রতি বছর আমার দোকানে বিপুল পরিমানে কুমড়ো বড়ি বিক্রি হয়। এ ছাড়া ঢাকা সহ সরাদেশে পাইকাররাও আসে এই কুমড়া বড়ি কিনার জন্য।
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন ’র শোক
খবর বিজ্ঞপ্তি
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (ঞঙঅঝ) এর সদস্য চীপ মেগা ট্রাভেলস প্রাইভেট লি: এর স্বত্তাধিকারী মো: সাইদুল হক এর পিতা মো: নাজির হোসেন ১৪ জানুয়ারী ২০২৪ ভোর রাত ৩:৩০ মিনিট এ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিলো ৭৯ বছর, তিনি ১ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের জানাযা আজ জোহর বাদ খুলনা আলিয়া মাদ্রাছা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (ঞঙঅঝ) পরিবারবৃন্দ মৃতের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন মো: মইনুল ইসলাম জমাদ্দার, সভাপতি; মো: আল-আমীন লিটন, সহ-সভাপতি; এম. নাজমুল আজম ডেভিড, সাধারণ সম্পাদক; মাজহারুল ইসলাম কচি, সহ-সাধারণ সম্পাদক; আবুল ফয়সাল মো: সায়েম (বাবু), কোষাধোক্ষ; শাহ জামান খান পপুল, সাংগঠনিক সম্পাদক; সাহদ মো: ইমরান, দপ্তর সম্পাদক; মো: শাহেদী ইসলাম রাকি, প্রচার ও প্রকাশনা সম্পাদক; মো: মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
কেইউজে’র সদস্য দিললুবার শ^শুরের ইন্তেকাল
বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য দিললুবা ইয়াসমিনের শ^শুর ইন্তেকাল করায় ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিদারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
চিতলমারীতে ফুল মিষ্টি দিয়ে অর্ধশত কোমলমতি শিশুকে বরণ
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে শিশুদের সাথে সমবেত কন্ঠে সংগীত, কবিতা আবৃত্তির মাধ্যমে আনন্দঘন পরিবেশে ফুল ও মিষ্টি বিতরণ করে ঐতিহ্যবাহী এ,কে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির অর্ধশত কোমলমতি শিশুকে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ শিশু বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার, আরিফুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি বাবুল কুমার ব্রহ্ম, প্রধান শিক্ষক মহিতুল ইসলাম প্রমুখ। শিশু বরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ কোমলমতি শিশুদের মিষ্টিমুখ করিয়ে ও তাদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে বরণ করে নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
চিতলমারীতে অর্ধ শতাধিক ভ্যানচালকের মাঝে কম্বল বিতরণ
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তণ শিক্ষক প্রফুল্ল মণ্ডলের পিতা-মাতার স্মৃতি স্মরণে অর্ধ শতাধিক ভ্যান চালকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারী) দুপুর ১২ টায় বোয়ালিয়া শান্তিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল মণ্ডলের স্বর্গীয় পিতা বিপদ ভঞ্জন মণ্ডল ও মাতা নিলিমা মণ্ডলে স্মৃতি স্মরণে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বোয়ালিয়া শান্তিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি খোকন চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও সমাজ সেবক সঞ্জীবন গাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুরেশ মণ্ডল, ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পরিমল হীরা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফকিরহাটের মূলঘরে অসহায় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ ৭৫জন প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মূলঘর বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় কম্বল বিতরণ করা হয়। নবলোক পরিষদের পরিচালক মোঃ ফকরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। এতে বিশেষ অতিথি ছিলেন নবলোক পরিষদের কর্মসূচি সমন্বয়কারি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল হান্নান। এসময় বিভিন্ন ইউপি সদস্য, প্রবীন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
বাগেরহাটের চুলকাটিতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদা আদায় কালে আটক-২
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করার অপরাধে নারী ইউপি সদস্যের স্বামীসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নের শুকদাড়া মোড় এলাকা থেকে পুলিশ এদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্টবালিয়াঘাটা এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে আজমল হোসেন ফকির (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট এলাকার সাহেব আলীর ছেলে আরাফাত শেখ (৩০)। এদের মধ্যে আরাফাত কোস্টগার্ডের কটি পরা ছিলেন। আজমল হোসেন সদর উপজেলার খানপুর ইউনিয়নের সংরক্ষিত ১. ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের স্বামী। স্ত্রী পারভীন বেগম ইউপি সদস্য হওয়ার সুবাদে আজমল হোসেন ফকির সমগ্র এলাকায় অন্যায় প্রভাব বিস্তার, চাঁদাবাজী, মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে।
চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে মোঃ সিয়াম শেখ ও সালমান শেখ নামের দুইভ্যান চালক গ্রাম থেকে ভাঙ্গারী ক্রয় করে শুকদাড়া যাচ্ছিলেন। ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে পৌছালে আজমল হোসেন ফকির ও আরাফাত গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাদের ভ্যানের গতিরোধ করে এবং বলে তোদের কাছে চোরাই মাল রয়েছে। পরে ভ্যান চালকদের কাছে ২০ হাজার টাকা চাঁদাদাবি করেন। এক পর্যায়ে ভ্যানচালকদের আটকে রেখে, ভ্যানের মালামাল নিয়ে শুকদাড়া মোড়ের একটি দোকানে বিক্রি করতে যায়। সন্দেহ হলে শুকদাড়া মোড়ের ব্যবসায়ীরা আজমল ফকির ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের মুখে আরাফাত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ভ্যান চালক সালমানের ভাই রুপসা উপজেলার রামনগর এলাকার বাসিন্দা মোঃ হেলাল উদ্দীন নিজে বাদী বাগেরহাট সদর মডেল থানায় একটি থানায় মামলা করেন। বাগেরহাট সদর মডেল থানা পুলিশে পরিদর্শক (ওসি তদন্ত) নিশি কান্ত সরকার বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যান চালকদের আটকে মালামাল নিয়ে বিক্রির সময় দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা আগেও বহুবিধ অপরাধ করেছেন বলেও তিনি জানান।










































