স্পোর্টস ডেস্ক
ফরাসি ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকুর সাম্প্রতিক ইনজুরি নিয়ে দুশ্চিন্তার কথা স্বীকার করেছেন চেলসি বস মরিসিও পচেত্তিনো। কোমরের ইনজুরির কারণে চেলসির শেষ দুই ম্যাচে খেলতে পারেননি এনকুকু।
এর আগে মৌসুমের প্রায় বেশিরভাগ সময়ই হাঁটুর ইনজুরিত ভোগার পর মাত্রই মাঠে ফিরেছিলেন এনকুকু। ২৬ বছর বয়সী এই ফরাসি তারকা লিপজিগ থেকে গত মৌসুমের শেষে স্ট্যামফোর্ড ব্রীজে আসার পর প্রিমিয়ার লিগে মাত্র এক ম্যাচে মূল দলে খেলার সুযোগ পেয়েছেন।
শুক্রবার পড়া তার নতুন ইনজুরি পরিস্থিতি জটিল করে তুলেছে বলে জানিয়েছেন পচেত্তিনো। ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচকে সামনে রেখে পচেত্তিনো বলেছেন, ‘এনকুকুর বর্তমান পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। মাত্র ১০ দিন হলো সে অনুশীলনে ফিরেছে।
আমরা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সামান্য একটি চোট থেকে বিষয়টি জটিল আকার ধারণ করেছে। ছয় মাস আমরা তার জন্য অপেক্ষা করেছি। আমরা সত্যিই হতাশ। আমরা তাকে যত দ্রুত সম্ভব আবারো দলে দেখতে চাই।’
প্রাক মৌসুমে হাঁটুর ইনজুরিতে পড়ার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ডিসেম্বরে প্রথমবারের মত মূল দলে ফিরেছিলেন এনকুকু। নিজেকে আবারো ফিরিয়ে আনতে পেরে এনকুকু নিজেও বেশ খুশি ছিলেন।
উল্ফসের বিপক্ষে বড়দিনের ঠিক আগে প্রিমিয়ার লিগে ২-১ ব্যবধানে পরাজয়ের ম্যাচটিতে গোলও করেছিলেন এনকুকু। তিনদিন পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তিনি পুরো ম্যাচ মাঠে ছিলেন।
সেনেগালের হয়ে আফ্রিকান নেশন্স কাপে খেলতে নিকোলাস জনসন এরই মধ্যে দল ছেড়ে গেছেন। এ অবস্থায় পচেত্তিনোর সীমিত আক্রমণভাগে এনকুকুর নতুন ইনজুরি চেলসিকে বেশ বিপাকে ফেলেছে।









































