Home খেলাধুলা ৫০ বছরের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে ব্যাটারের ‘৩০০’

৫০ বছরের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে ব্যাটারের ‘৩০০’

41

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে প্রতিনিয়তই নতুন কোনো না কোনো রেকর্ড লেখা হয়। আবার কখনো কখনো অনেক পুরোনো সব রেকর্ডও গুঁড়িয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের ক্রিকেটাররা। এবার এমনই একটি রেকর্ড ভাঙার সাক্ষী হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

মূলত, জিম্বাবুয়ের ২৪ বছর বয়সী ক্রিকেটার অন্তুম নাকভি দুর্দান্ত এক ট্রিপল সেঞ্চুরি করেছেন। আর তাতে ভেঙে গেছে ৫০ বছরের পুরনো এক রেকর্ড।

জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট লোগান কাপের ২০২৩-২৪ মৌসুমে মিডওয়েস্ট রাইনোজ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাকভি। গত ১০ জানুয়ারি হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে শুরু হয়েছে মাতাবেলিল্যান্ড টাস্কার্স ও মিডওয়েস্ট রাইনোজের মধ্যকার চার দিনের ম্যাচ।

শুক্রবার যখন তৃতীয় দিনের খেলা শুরু হয়, তখন রাইনোজের স্কোর ছিল ৩ উইকেটে ৪৬১ রান। নাকভির স্কোর ততক্ষণে ২৫০ রান। লাঞ্চের আগেই ট্রিপল সেঞ্চুরি করে ফেললেন তিনি। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। তাতে ভেঙে গেছে ১৯৭৩-৭৪ মৌসুমের লোগান কাপে করা ব্রায়ান ডেভিসনের ২৯৯ রানের রেকর্ড।

নাকভি, ডেভিসনের পর এই তালিকায় তিন নম্বরে আছেন রে গ্রিপার। ১৯৬৭-৬৮ দক্ষিণ আফ্রিকায় কুরি কাপে গ্রিপার করেন ২৭৯ রান। চার নম্বরে আছেন সেপাস জুয়াও। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে জুয়াও খেলেন ২৬৫ রানের ইনিংস।