Home আন্তর্জাতিক কেমন নির্বাচন হবে পাকিস্তানে

কেমন নির্বাচন হবে পাকিস্তানে

46

 

অনলাইন ডেস্ক।।

বর্তমানে পাকিস্তানে জাতীয় অথবা প্রাদেশিক পর্যায়ের শাসনভার তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা করা হয়নি। আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। তবে শুক্রবার পাকিস্তান সিনেটে ভোট পেছানোর একটি প্রস্তাব পাস হয়েছে। এতে ভোটের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে।

প্রভাবশালী ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্টের চলতি সংখ্যায় প্রকাশিত নিবন্ধে পিটিআই নেতা ইমরান খান লিখেছেন, উদ্ভট আচরণের জন্য পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) কলঙ্কিত। তারা শুধু পাকিস্তানের শীর্ষ আদালতকেই অগ্রাহ্য করেনি, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের অনেক নেতার মনোনয়নপত্রও বাতিল করেছে। ইসিপি পিটিআইয়ের অভ্যন্তরীণ কাউন্সিলেও বাধা সৃষ্টি করেছে এবং তাদের সমালোচনা করায় পিটিআই নেতাদের বিরুদ্ধে অবমাননার মামলা দিয়েছে। ইসিপিকে ‘প্রাতিষ্ঠানিক বাস্তবতা’ উল্লেখ করে ইমরান লিখেছেন, তারাই যুক্তরাষ্ট্রের চাপের মুখে তাঁর সরকারের পতন ঘটিয়েছে। কারণ, তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি চেয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য ঘাঁটি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি সবার বন্ধু হতে চেয়েছিলেন; কারও পক্ষে ছায়াযুদ্ধে জড়াতে চাননি। যুক্তরাষ্ট্রের কথিত ‘সন্ত্রাসবিরোধী লড়াই’য়ে অংশ নিয়ে পাকিস্তানের বিশাল ক্ষতি হয়েছে; কমপক্ষে ৮০ হাজার পাকিস্তানি নিহত হয়েছেন।

নিক্কি এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ইমরান ও তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের মনোনয়নপত্র ইসিপির প্রত্যাখ্যানের মধ্যে পাকিস্তানের আগামী নির্বাচনের সুর স্পষ্ট। অনেক বিশেষজ্ঞ বলছেন, পাকিস্তান ‘নির্বাচনে’র পরিবর্তে ‘বাছাই’কে বেছে নিয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বলেন, কোনো যথাযথ কারণ ছাড়াই ইমরান খানসহ পিটিআইয়ের প্রায় ৯০ শতাংশ নেতার মনোনয়নপত্র বাতিল করেছে ইসিপি। অথচ অন্য দলগুলোর শতভাগ মনোনয়ন গ্রহণ করা হয়েছে।

পিএলএম-এন নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। গত অক্টোবরে নওয়াজ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। তখনই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ বাতিল হয়ে যায়। পাকিস্তানের রাজনৈতিক পটভূমিতে থাকে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী। সে ক্ষেত্রে আগামী নির্বাচনে তাঁকে ফের সরকার প্রধানের পদে দেখা যেতে পারে। পিটিআই সামরিক বাহিনীর সমালোচক হিসেবে পরিচিত।

ইসলামাবাদভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক সাবখ সাইদ বলেন, পিটিআই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তাদের ভোটে হারানো প্রায় অসম্ভব। এ কারণে মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে তাদের পদ্ধতিগতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন লেঙ্গুয়েজের (এনইউএমএল) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাহির মালিক বলেন, এর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, ইসিপি নিরপেক্ষ নয়। তারা পিটিআইকে কোনো সুযোগ দিতে নারাজ। তিনি বলেন, ব্যালটে পিটিআই না থাকলে এটি নির্বাচন না হয়ে বাছাই কার্যক্রম হবে, যা গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না।

অনেকে মনে করেন, এ ধরনের নির্বাচন ইমরান খানের প্রতি পাকিস্তানের মানুষের সহমর্মিতাকে আরও বাড়াবে। ইসলামাবাদের কায়েদ-ই-আজম ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ফারহান হানিফ সিদ্দিকী বলেন, পিটিআইকে নির্বাচনের বাইরে রাখার মাধ্যমে সামরিক বাহিনী দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তবে ইসিপি বলছে, তারা একটি সুষ্ঠু নির্বাচনের পথেই এগোচ্ছেন। অরি নিউজ জানায়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে পিটিআই নেতা ইমরান খানের অভিযোগ অস্বীকার করেছে ইসিপি। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে জানিয়ে তারা সুপ্রিম কোর্টে বিস্তারিত প্রতিবেদন দিয়েছেন। এর আগে ব্যারিস্টার গহর আলী খান নির্বাচনে পিটিআই প্রার্থী ও নেতাকর্মীদের গ্রেপ্তার না করে সমতা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন।