Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

41
ভোট দিলেন শতবর্ষী টুকু বিবি। তেরখাদার আজগড়া থেকে তোলা--সংগৃহীত

ঝিনাইদহে ৩টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহের চারটি আসনে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে। রোববার শান্তিপুর্ন পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়। সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ আসনে থাকে। বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে। বেসরকারী ফলাফলে দেখা যায় ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতিক নিয়ে ৭৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন ভোট। ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এক লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৫২ ভোট। ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৫৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ১৭৯ ভোট। ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৯৬ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতিক নিয়ে ৫৭ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন বলে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে। প্রার্থীদের এজেন্ট সুত্রে এই বেসরকারী ফলাফল প্রকাশ করা হয়।

৪র্থবারের মতো এমপি নির্বাচিত হলেন হাবিবুন নাহার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। নৌকা প্রতীক নিয়ে তিনি এ আসন থেকে ভোট পেয়েছেন ৭৫হাজার ৯৬৮টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮হাজার ২০৪ভোট। মোংলার ৪৮টি ও রামপালের ৪৮টি মোট ৯৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট পিসাইডিং কর্মকর্তারা রবিবার (৭জানুয়ারী) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, মোংলা-রামপালে ভোট পড়েছে ৫৯শতাংশ। এখানে মোট ভোটার ২লাখ ৫৪হাজার ৮৯৫। এই আসনে আওয়ামী লীগের নৌকা ও একই দলের স্বতন্ত্র প্রার্থীসহ ৬টি দলের ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
রবিবার সকাল ৮টা থেকে শুরু কটে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
এদিকে রবিবার রাতে মোংলা শহরে দফায় দফায় আনন্দ মিছিল বের করে নৌকা প্রতীকের নেতা-কর্মী-সমর্থকেরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাকোপে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত। খুলনা-১আসনে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ। খুলনা-১ আসনের দাকোপ ঘুরে দেখা যায় এখানে ভোটাররা সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে। ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে তাদের পছন্দের প্রিয় নেতাদের বিজয়ী করার জন্য ভোট দিচ্ছে। খুলনা -১ আসনের দাকোপের বাজুয়া, লাউডোব, বানিশান্তা, কৈলাশগঞ্জ, দাকোপ এলাকার ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করছেন। ভোটাররা বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা আমাদের সকলের প্রিয় নেতা দাকোপের কৃতি সন্তান দাকোপ – বটিয়াঘাটা এলাকার উন্নয়নের রুপকার ননী গোপাল মন্ডলকে নৌকা প্রতীক দেওয়ায় আমরা সকলে খুশি তাই এলাকার মানুষ সকল ভেদাভেদ ভুলে সকলে এলাকার উন্নয়নের জন্য ভোট কেন্দ্রে এসে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে বাস্তবায়ন করার লক্ষ্যে দাকোপের কৃতি সন্তান ননী গোপাল মন্ডলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে। দাকোপ – বটিয়াঘাটা এলাকার ভোটাররা ভোট দিতে এসে বলেন আমাদের সকলের প্রত্যাশা এলাকার আওয়ামিলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সাধারণ জনগণের দাবি প্রানের প্রিয় নেতা ননী গোপাল মন্ডলকে বিজয়ী করে এলাকার উন্নয়নে বিপ্লব ঘটাবো। তাই সকল ভোটাররা এখানে ভোট প্রয়োগ করছে। অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, বৃদ্ধ, পঙ্গু রোগী এমনকি নতুন ভোটাররা তারা এসে ভোট প্রয়োগ করতে পেরে সকলে মহা- খুশি। লাউডোবের কালিকাবাটি ভোট কেন্দ্রে শেপালী মন্ডল নামের ৯০ বছরের এক বৃদ্ধ মহিলা ভোট কেন্দ্রে এসে বলেন এটাই মনে হয় আমার জীবনের শেষ ভোট আগামী নির্বাচনে আমি মনে হয় আর ভোট দিতে পারবো না তাই ভোট দিতে এসে আমার খুবই ভালো লাগছে। বাজুয়া ভোট কেন্দ্রে ইউসুফ আলী শেখ নামের এক পঙ্গু ভোটার ভ্যানে করে এসে কেরেশ হাতে ভোট কেন্দ্রে উটে বলেন খুবই কষ্ট করে এসে ভোট দিচ্ছি আমার খুবই ভালো লাগছে। এভাবেই সকাল থেকে সকলে ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করছে এমন দৃশ্যই দেখা যায় দাকোপ ঘুরে।

বিবৃতিতে খুলনা বিএনপি
‘ক্ষমতা নবায়নের’ নির্বাচন প্রত্যাখ্যান করে খুলনাবাসী শাসক দলকে লালকার্ড দেখিয়েছে
।। খবর বিজ্ঞপ্তি।।
আওয়ামী লীগের ‘ক্ষমতা নবায়নের’ নির্বাচন প্রত্যাখ্যান করে খুলনাবাসী শাসক দলকে লালকার্ড দেখিয়েছে বলে দাবি করেন খুলনা বিএনপি নেতারা। প্রহসনের ডামি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকায় খুলনাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তারা বলেছেন, জনগনকে সাথে নিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখা হবে। নেতৃবৃন্দ অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রেখে বিএনপি ঘোষিত ৪৮ ঘন্টার হরতাল সর্বাত্মকভাবে সফল করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রবিবার (৭ জানয়ারী) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতারা আরো বলেন, বিএনপি সহ ৬২টি রাজনৈতিক সংগঠনকে নির্বাচন থেকে দূরে রেখে সরকার একটি একদলীয় নির্বাচন আয়োজন করেছিল। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ দেশে ও বর্হিবিশ্বে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল। নিজ দলীয় নেতা ও গৃহপালিত কতিপয় দলকে নির্বাচনে নামিয়ে বিপুল অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করে দিয়েছিল। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নজিরবিহীন ব্যয়বহুল দুই হাজার তিনশ’ কোটি টাকা খরচ করেছে। যার আসন প্রতি ব্যয় ছিল সাত কোটি টাকা। অথচ ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে ব্যয় ছিল সাতশ’ কোটি টাকা এবং ২০১৪ সালের একতরফা নির্বাচনে ব্যয় ছিল ২৬৫ কোটি টাকা। বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি শাসক দল তাদের দলীয় ক্যাডারদের নামিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বাধ্যতামূলক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার হুমকি দিয়েছিল। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা, কর্মসৃজন প্রকল্প, টিসিবি কার্ডধারী সহ বিভিন্ন ভাতাভোগীদেরকে ভোট কেন্দ্রে না গেলে সুবিধা বন্ধ করে দেয়ার ভয় দেখিয়েছিল। ভোটের আগে তাদের এই হুমকির মাত্রা বেড়ে গিয়েছিল আশংকাজনক হারে।
অপরদিকে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা বানোয়াট মামলায় আসামী বানিয়ে কারাবন্দী কিংবা ঘরবাড়ি ছাড়া করে, তাদের পরিবার পরিজন ও সাধারণ ভোটারদের হুমকি ধামকি দিয়েও নিকৃষ্ট স্বৈরতান্ত্রিক মানসিকতার রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ভোটারদেরকে কেন্দ্রে টানতে চরমভাবে ব্যর্থ হয়েছে। খুলনার প্রতিটি কেন্দ্রে ভোটারদেরকে নেয়ার জন্য নৌকার পোস্টার সম্বলিত ইজিবাইক ও রিক্সা চলাচল করতে দেখা গেলেও দিনের বেশির ভাগ সময় অধিকাংশ কেন্দ্র ছিল ফাঁকা। কেন্দ্রের সামনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনভর নৌকার ব্যাজ পড়ে অবস্থান নিলেও দিন শেষে প্রতিয়মান হয়েছে তাদের সবাই প্রহসনের এই ভোটে অংশ নেয়নি। কারণ তারা সবাই ভোট দিলে কাস্টিংয়ের হার বেশি হতো। বহু স্থানে ভোট দানের পর ভোটারদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করতে দেখা গেছে। এরপরও খুলনার মানুষ এই প্রহসনের নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান ও বর্জন করেছে।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, সরকার নিজের ক্ষমতার মসনদকে নিরঙ্কুশ করতে একতরফা প্রহসনের ভোটের নামে নাটক মঞ্চস্থ করে দেশকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি লাভ, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্ত মত প্রকাশের অধিকার সহ গণমানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে আগামীর সংগ্রামে বর্তমানের মতো শরীক থাকার জন্য জনগনের প্রতি আহবান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

হরতালের সমর্থনে খুলনায় জামায়াতে ইসলামীর মিছিল
খবর বিজ্ঞপ্তি
খুলনায় হরতালের সমর্থনে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রহসনের নির্বাচন বাতিল, জামায়াতের নিবন্ধন পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আওয়ামী সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে রোববার (৭ জানুয়ারি) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে তারা এ পিকেটিং ও মিছিল করে।
সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর শুরার সদস্য আবু নাঈমের নেতৃত্বে উপস্থিত ছিলেন আবু রায়হান, কাজল খান, মঈনুদ্দীন শেখ, এস কে বারি, খান রবিউল ইসলাম, গোলাম রাব্বানী, এ কে আজাদ, মকবুল হোসেন, কাজী মোরতুজা, এস এম হাবিবুর রহমান, মোজাম্মেল হক বাবু, আব্দুল গণিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জামায়াত নেতারা জনগণের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন বর্জন ও তাদের কর্মসূচি সফল হয়েছে দাবি করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রপ্রিয় জনতা সরকারের সাজানো, পাতানো ও আত্মঘাতী নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকে বাকশালী সরকারের প্রতি গণঅনাস্থা জ্ঞাপন করেছে। তাই এই ফ্যাসিবাদী, বাকশালী সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। নেতৃবৃন্দ বলেন, ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার মাধ্যমে প্রমাণ হয়েছে এ সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। নেতৃবৃন্দ বলেন, খুলনাসহ দেশের কোনও কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল না। সরকারের সুবিধাভোগী ও দলীয় আঁতেলদের ছাড়া এই নির্বাচনে কারও কোনও আগ্রহ দেখা যায়নি। ভোটার শূন্য ভোটকেন্দ্রে চলে ভোট চুরির মহোৎসব। এর মাধ্যমে আওয়ামী বাকশালীদের নগ্ন চেহারা দেশ-জাতি ও আন্তর্জাতিক বিশ্বের সামনে উম্মুক্ত হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে বর্জনের মাধ্যমে নিজেদের বিজয়ের শুভসূচনা করেছে। এমতাবস্থায় দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

চুয়াডাঙ্গার উথলিতে টাস্কফোর্সের হাতে ইউপি সদস্য গ্রেফতার
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে পুলিশ বিএনপি সমর্থিত ইউপি সদস্যকে আটক করেছে।
রোববার ভোটের দিন বেলা ১০টার দিকে উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের বাড়ির পাশে একটি দোকানে বসে ছিল ৫নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত ইউপি সদস্য আরমান হোসেন(৩৫)।এসময় একদল পুলিশ এসে তাকে গ্রেফতার করে দ্রুত নিয়ে চলে যায়।
আরমানের বড় ভাই মনি বলেন, আমার ভাই উথলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।সে বাড়ির পাশে একটি দোকানে বসে ছিল। আমাদের বাড়ির পাশে কোনো ভোট কেন্দ্রও নেই। হঠাৎ পুলিশ ও প্রশাসনের দুটি গাড়ি আসে। এসময় এক পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে বলেন, ভাই চা খাওয়াবেন না? এই বলে আমার ভাইকে ধরে নিয়ে যায়।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, উথলী ইউনিয়নের সেনেরহুাদ থেকে একজনকে আটক করা হয়েছে। টাস্ক ফোর্সের সদস্যরা তাঁকে আটক করেছে।

ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক এমপি এ্যাড. হাফিজুর রহমানের নির্বাচন বর্জন
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন সাবেক এমপি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ী প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। রোববার বেলা দেড়টায় নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ভোট বর্জনসহ ফলাফল প্রত্যাখানের ঘোষনা দেন তিনি। অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান আরও বলেন, রবিবার দুপুর ১২টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ কিছুটা সহনীয় পর্যায়ে ছিল। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় লোকজন সদর উপজেলার চারিখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশ করে তান্ডব চালিয়ে প্রকাশ্যে ভোট কেটে নৌকায় সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানার চেষ্টা চালায়। আমাদের লোকজন বাঁধা এবং প্রশাসনের হস্তক্ষেপে এ অনিয়ম সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও তা শুরু হয়। একই ধরনের কারচুপি ও অনিয়ম তারাশি, সলুয়া, দুর্গাপুর, বোড়ামারা, লোহাগড়ার আর এল পাশা ভোটকেন্দ্রসহ বিভিন্ন ভোট কেন্দ্রে সংঘটিত হয়েছে। শহরের শিবশংকর স্কুলের ভোট কেন্দ্রে হাতুড়ীর এজেন্টকে বের করে দেয়া হয়েছে। আমি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের লোকজনের কাছে ভোট গ্রহণে অনিয়নের প্রতিকার এবং সুুষ্ঠু ভোট গ্রহণের নিশ্চয়তা চাইলেও আমি এ ঘটনার কোন প্রতিকার পাইনি। এ নির্বাচন প্রহসনের নির্বাচন। ক্ষমতাসীন দল ভোট কারচুপি করে নির্বাচনে জয়লাভ করতে সকল ধরনের অপচেষ্টা চালাচ্ছে। ভোট গ্রহণে এ ধরনের অনিয়ম প্রমাণ করে, ক্ষমতাসীন সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমি প্রহসনের এ নির্বাচন বর্জন ও ভোটের ফলাফল প্রত্যাখান করলাম। সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য নওরোজ মোল্যা, জাতীয় কৃষক সমিতি জেলা কমিটির সাধারন সম্পাদক লাকিতুল্লাহ, যুবমৈত্রী জেলা কমিটির সাধারন সম্পাদক পারভেজ আলম বাচ্চু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি বিন মুর্তজা
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি। এ সময় মাশরাফি বলেন, আলহামদুলিল্লাহ ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। আশা করছি ইনশাআল্লাহ ভালোভাবে শেষ হবে। সবাই যার যার মতো ভোটটা দিয়ে যাবে। জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আশা করছি ভালোভাবেই ভোট শেষ হবে। আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে ভালো লাগছে আমাদের এখানে যারা মহিলারা আছেন উনারা আসছেন সবাই, পুরুষ, মুরব্বিরাও আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে যাচ্ছে। তারাও স্বতঃস্ফূর্তভাবে সকাল আটটা সাড়ে ৮টা থেকে উনারা এসে যাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি তারা হয়ত ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজাসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম (আম), গণফ্রন্ট পার্টির প্রার্থী লতিফুর রহমান (মাছ প্রতীক), ইসলামী ঐক্যজোট প্রার্থী মাহবুবুর রহমান (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম (ঈগল)। অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) গত ৩ জানুয়ারি মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে মাশরাফি বিজয়ী হলে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবেন। নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

নৌকায় ভোট দেয়ায় ৮নেতা-কর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন ঈগল প্রতীকের কর্মীরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নৌকায় ভোট দেয়ায় ও নৌকার এজেন্ট থাকায় ঈগল প্রতীকের কর্মীরা নৌকা প্রতীকের ৮নেতা-কর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন। জখমকৃতদের মধ্যে একজনকে গুরুতর আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যায় সোনাইলতলা ও সুন্দরবন ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতীকে ভোট দেয়ায় রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের সোনাইলতলা গ্রামের ঈগলের কর্মী মহসিন সরদার, রেজাইল সরদার, কোহিনুর ও কারবালা সরদারসহ বেশ কয়েকজনে নৌকার কর্মী রবিউল শেখ (৪২), জুবায়ের সরদার (২৩), নাজমুল সরদার (২৪), তফিম সরদার (৩৫) ও আজমল সরদার (৫৫)কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাতেই আহত রক্তাক্ত জখম নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে নৌকার এজেন্ট থাকায় রবিবার সন্ধ্যার পরপর সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড গ্রামের মানবেন্দ্র মল্লিক (৩৫) ও তার ভাই দিজেন্দ্র মল্লিক (৩৩)কে কুপিয়ে আহত করেন ঈগলের কর্মী সজল-উজ্জলসহ কয়েকজনে। পরে তাদেরকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে রাত সাড়ে ৮টায় একই ইস্যুতে ঈগলের কর্মীদের হামলায় আহত নৌকা প্রতীকের কর্মী সুমন শেখ (১৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পৃথক এসব ঘটনাকে ঘিরে দুইটি ইউনিয়নেই বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত ও লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। #

স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন হাসানুল হক ইনু
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বড় ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

টানা তিনবারের এমপি ইনু এবার ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এক লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন।

২৩ হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে হেরেছেন হাসানুল হক ইনু।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ১৬১ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত ৯টার দিকে এ ফলাফল জানানো হয়।

খুলনায় ৩৯ প্রার্থীর মধ্যে ৩০ জনই পোলিং, এজেন্ট দিতে পারেনি সব ভোট কক্ষে
স্টাফ রিপোর্টার
খুলনার ৬টি আসনে এবারের নির্বাচনে ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩০ জনই পোলিং এজেন্ট দিতে পারেনি সব ভোট কক্ষ বা বুথে। তবে সব ভোট কক্ষে পোলিং এজেন্ট রয়েছে আওয়ামী লীগের ৬ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের ৩ জনের। অন্যরা অল্প কিছু সংখ্যক ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছেন।

সকাল ৯টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া সদর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে ৬টি ভোট কক্ষ রয়েছে। এখানে সবগুলো ভোট কক্ষে আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ও স্বতন্ত্র শেখ আকরাম হোসেনের পোলিং এজেন্ট রয়েছে। অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

খুলনা-৪ আসনের রূপসা উপজেলার কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, এই ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে মোট ৮টি। এর মধ্যে সবগুলো ভোট কক্ষে পোলিং এজেন্ট রয়েছে আওয়ামী লীগের আব্দুস সালাম মূর্শেদী এবং স্বতন্ত্র এস এম মোর্ত্তজা রশিদী দারা’র । ৮টি ভোট কক্ষের মধ্যে ৪টিতে পোলিং এজেন্ট রয়েছে বিএনএম’র এস এম আজমল হোসেনের। স্বতন্ত্র এম ডি এহসানুল হক, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, স্বতন্ত্র মো. জুয়েল রানা, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, এনপিপি’র মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র মো. রেজভী আলম, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান ও স্বতন্ত্র এইচ এম রওশান জামিরের কোনো পোলিং এজেন্ট নেই।

সকালে খুলনা-১ আসনের দাকোপ উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট কক্ষ রয়েছে ৭টি। সবগুলো ভোট কক্ষে আওয়ামী লীগের প্রার্থী ননীগোপাল মণ্ডল এবং ৫টি ভোট কক্ষে স্বতন্ত্র প্রশান্ত কুমার রায়ের পোলিং এজেন্ট রয়েছে। তবে জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ ও তৃণমূল বিএনপি’র গোবিন্দ চন্দ্র প্রামাণিকের কোনো পোলিং এজেন্ট নেই।

খুলনা-১ আসনের ১১০টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৬৭০টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত ননী গোপাল মণ্ডল সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে স্বতন্ত্র প্রশান্ত কুমার রায়, জাতীয় পার্টির কাজী হাসানুর রশীদ ও তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিতে পারেননি।

খুলনা-২ আসনের ১৫৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৮৪৫টি। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল সব বুথে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দিতে পারেননি বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায়, বিএনএম’র মো. আব্দুল্লাহ আল আমিন, জাতীয় পার্টির মো. গাউসুল আজম, গণতন্ত্রী পার্টির মো. মতিয়ার রহমান ও স্বতন্ত্র মো. সাঈদুর রহমান।

খুলনা-৩ আসনের ১১৬টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৬৩৩টি। আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিতে পারেননি জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ও স্বতন্ত্র ফাতেমা জামান সাথী।

খুলনা-৪ আসনের ১৩৩টি কেন্দ্রে বুথ সংখ্যা ৮০৫টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের এস এম মোর্ত্তজা রশিদী দারা সব বুথে পোলিং এজেন্ট দিয়েছেন। বাকি ১০ জন প্রার্থী সব বুথে পোলিং এজেন্ট দিতে পারেননি। তারা হলেন স্বতন্ত্র এম ডি এহসানুল হক, বিএনএম’র এস এম আজমল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, স্বতন্ত্র মো. জুয়েল রানা, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, এনপিপি’র মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র মো. রেজভী আলম, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও স্বতন্ত্র এইচ এম রওশান জামির।

খুলনা-৫ আসনের ১৩৫টি ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ৮৪৫টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের শেখ আকরাম হোসেন সব বুথে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দিতে পারেননি জাতীয় পার্টির মো. শাহীদ আলম, ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ও বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল।

খুলনা-৬ আসনের ১৪২টি ভোট কেন্দ্রে কক্ষ রয়েছে ৯২২টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা জি এম মাহবুবুল আলম সব বুথেই পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দেননি বিএনএম’র এস এম নেওয়াজ মোরশেদ, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, এনপিপি’র মো. আবু সুফিয়ান, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ও জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু।

এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজ এর সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, পোলিং এজেন্টের সংখ্যা দেখেই প্রার্থীদের সামর্থ্য ও ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে তা ধারণা করা যায়। খুলনায় যেসব দল নির্বাচন করছে তার বেশিরভাগই অপরিচিত এবং প্রার্থীরাও অপরিচিত মুখ। পোলিং এজেন্ট দিতে যে কর্মী-সমর্থক ও অর্থের প্রয়োজন তা তাদের অনেকেরই নেই।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, এবার ভোটের মাঠে বেশিরভাগ প্রার্থীই নতুন মুখ এবং অপরিচিত। সব বুথে পোলিং এজেন্ট দেওয়ার মতো সক্ষমতা তাদের নেই।

খুলনা-২: কেন্দ্রের সামনে নৌকার কর্মীদের ভিড়, ভেতরে ভোটার শূন্য
স্টাফ রিপোর্টার
খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। খুলনা মহানগরীর বেশিরভাগ ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম। বেলা ১১টার পর থেকে উপস্থিতি কিছুটা বেড়েছে। বেলা বারোটা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।

খুলনা-২ আসনের ৭টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোর সামনে নৌকার কর্মী-সমর্থকরা জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন। ভেতরটা ভোটার শূন্য। ভোটারদের কেন্দ্রে আনার জন্য ইজিবাইকের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলোতে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।

খুলনা পিটিআইয়ের ভেতরে ৪টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনে নৌকার কর্মীরা জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন।

১১৩নং পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৬৯৮ জন। বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে ১৩৫টি। ভোটের হার ৮ শতাংশ।

প্রিজাইডিং অফিসার মো. নজির উদ্দিন জানান, উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিটিআইয়ের ভেতরে জসীমউদ্দীন হল কেন্দ্রে বেলা বারোটা পর্যন্ত ২০৯ জন ভোট দিয়েছেন। কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৬৫০ জন।

একাডেমিক ভবন (নিচতলা) কেন্দ্রে ১২টা পর্যন্ত ২ হাজার ১৯ জন ভোটারের মধ্যে ১৯৫ জন ভোট দিয়েছেন। নগরীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র গিয়ে দেখা গেছে একই দৃশ্য। বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিড় করলেও ভেতরে ভোটার নেই।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উজ্জ্বল দেবনাথ জানান, বেলা বারোটা পর্যন্ত ৩৬৬ জন ভোট দিয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটার ১ হাজার ৫৪৩ জন।

 

খুলনায় ভোটকেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার
স্টাফ রিপোর্টার
খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রী কলেজ কেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ককটেলটি উদ্ধার করা হয়। এসময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ককটেলটি প্রথমে বালতি দিয়ে ঢেকে রাখে। পরবর্তীতে পানিতে ভিজিয়ে রাখা হয়। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পাইলট কুমার গাইন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য জীবন সরকার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কিছু লোক একটি বস্তু দেখতে পান। পরে সেটি বালতি দিয়ে ঢেকে রাখা হয়। এসময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেল বোমাটি জব্দ করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কে বা কারা ককটেল ভোটকেন্দ্রের সামনে রেখেছে, তাৎক্ষণিক সেটা জানা যায়নি।

বিশাল ব্যবধানে জয়ী সাকিব
নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। তিনি এই আসনে নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাড. কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ।

প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েই নির্বাচিত হলেন জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

ভোট থেকে সরে দাঁড়িয়েছেন ২২ প্রার্থী
ঢাকা অফিস
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি অংশ নেয়নি। জাতীয় পার্টি আড়াই শতাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বেশিরভাগ আসনে প্রার্থীদের নিষ্ক্রীয় দেখা যায়। আবারও নির্বাচন চলাকালীন বিভিন্ন অভিযোগ তুলে ২২ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের বাংলাদেশ তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান। বিকেল সাড়ে ৩টায় তারা সাংবাদিকদের এ কথা বলেন।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোর্ট বর্জন করেছেন। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় তার অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।’

ভোটে অনিয়ম, এজেন্টদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। দুপুর আড়াইটার দিকে মধুপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা দেন তিনি।

এজেন্টদের বের করে দেওয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে ভোট সরে দাঁড়িয়েছেন পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস। ভোট শেষের এক ঘণ্টা আগে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন তারা। লিখিতভাবে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়টি জানাবেন বলেও জানান।

পাবনা-২ আসনে বিএনএম মনোনীত ‘নোঙর’ প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী বলেন, ‘আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। আমি নিজে হাতে কয়েকটা ধরেছি। ধরে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এরপর ভোট বর্জন করেছি।’

পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস বলেন, ‘ভোটে কারচুপি, এজেন্ট নিয়োগে বাধা ও জাল ও অবৈধ ভোট প্রদানের অভিযোগে আমি ভোট বর্জন করেছি।’

কক্সবাজারের চারটি আসনের মধ্যে তিনটি আসনের তিন জন স্বতন্ত্র প্রার্থী ও একজন জাতীয় পার্টির প্রার্থী ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা।

ভোট বর্জনের ঘোষণা দেওয়া প্রার্থীরা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর এবং জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের নুরুল আমিন সিকদার ভুট্টো।

ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের জাল ভোট দেওয়া, তার এজেন্টদের মারধোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিকেল ৩টায় নবাবচরে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি সরে দাঁড়ানো ঘোষণা দেন।

মুন্সীগঞ্জ-২ আসনে বিভিন্ন অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। বিকেল ৩টার দিকে প্রেস কনফারেন্স করে সরে দাঁড়ান তিনি। এ সময় তিনি নৌকার প্রার্থী জাল ভোট প্রদান, স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ে-১ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী রেজাউর রাজী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিকাল সাড়ে ৩টার দিকে ভেলাজান উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি ।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন নির্বাচনে কারচুপি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সংসদ নির্বাচন চলার সময়ে দুপুর ২টায় এ ঘোষণা দেন লোটন।

ভোট থেকে সরে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন। দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রার্থী নিজেই। তার অভিযোগ, কেন্দ্রে প্রার্থীকে ঢুকতে না দেয়া, এজেন্টদের হুমকি ও কেন্দ্র থেকে বের করে দিয়েছে প্রতিপক্ষ।

সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন (সোনালী আঁশ) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনে ঘোষণা দেন তিনি।

লালমনিরহাট-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রাথী দেলোয়ার হোসেন দুপুর ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি ভোটে ব্যাপক অনিয়ম, জাল ভোট ও পেশি শক্তির প্রয়োগের অভিযোগ করেছেন।

এজেন্ট বের করে দেওয়া, মারধরসহ নানা অভিযোগ এনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন (ঈগল) ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। দুপুরে রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত আবেদন দিয়ে তিনি ভোট বর্জন করেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দুপুরে ভোটগ্রহণ চলাকালে ফেসবুক লাইভে এসে নানা অনিয়মের কথা তুলে ধরে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজান এবারের নির্বাচনে ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি কেন্দ্র দখলের অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। রবিবার বেলা ১১টায় নিজের নির্বাচনি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রমাণ হয়েছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যে কারণে প্রহসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছেন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহাম্মদ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. আবুল হোসেন দীপু অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সকালে অ্যাডভোকেট কায়সার আহাম্মদ গফরগাঁওয়ের ধামাইলে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অপর প্রার্থী আবুল হোসেন দীপু নিজের ফেসবুক পোস্টে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কায়সার আহাম্মদ অভিযোগ করে বলেন, সকাল থেকে নৌকার সমর্থকরা প্রতিটি কেন্দ্রে ঢুকে ভয় দেখিয়ে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় প্রকাশ্যে সিল মারার মহোৎসব করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌকার এজেন্ট এবং কর্মীসমর্থকরা নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখছে। প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাননি তিনি।

বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান ওমর নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে আ.লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম (বিএনপি থেকে বহিষ্কৃত) ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।

ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম রোববার (৭ জানুয়ারি) রাতে কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষণা করেন।

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়
ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট।

রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট প্রদান করেন। আসনটি মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি।

অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। এছাড়া বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্লা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. সহিদুল ইসলাম মিটু ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।

ভোট কারচুরি করা বিএনপির চরিত্র, সেটা করতে পারবে না বলে নির্বাচনে আসেনি: প্রধানমন্ত্রী
ঢাকা অফিস
বিএনপি একটা সন্ত্রাসী দল। তারা নির্বাচন বিশ্বাস করে না। মানুষের ভোট কেড়ে নেওয়া তাদের চরিত্র। জন্মলগ্ন থেকে ভোট কারচুরি করা বিএনপির চরিত্র। সেটি করতে পারবে না বলে তারা ভোটে আসেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার পর ঢাকা সিটি কলেজকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

শেখ হাসিনা বলেন, পাঁচ বছর পর নির্বাচন আসে জনগণ ভোট দেবে, সে নির্বাচনের ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি । যদিও এখানে বিএনপি-জামায়াত জোটরা জ্বালাও-পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসবেন। আপনার ভোট অনেক মূল্যবান। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক জেল-জুলুম সহ্য করেছি। সুষ্ঠু-নির্বাচনে জনগণের সহযোগিতা চাই।

তিনি বলেন, নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। এ জন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধাবিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তারা তাদের ভোটের অধিকারের বিষয় সচেতন হয়েছে।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মানুষকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

সাতক্ষীরা-১: জাল ভোটের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ বহিষ্কার ৩
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-১ আসনে তালা উপজেলার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি জাল ভোট প্রদানের ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসার নব কুমার পাইনসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির পর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় তাঁদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত অপর দুজন হলেন পোলিং অফিসার শাহাজউদ্দিন ও জি এম বারাকাত হুসাইন।

মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উদয় কুমার জানান, মানিকহার গ্রামের শামায়েল সরদার বেলা সাড়ে ১১টার দিকে ভোট দিতে এসে দেখেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর ১০ মিনিটের জন্য সেই বুথে ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিসাইডিং অফিসারসহ পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।

পরবর্তীতে টেন্ডার ভোটের মাধ্যমে শামায়েল সরদারের ভোট নেওয়া হয়েছে।

এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) বলেন, মানিকহার ভোটকেন্দ্রে জাল ভোটের বিষয়টি জানতে পেরে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়।

 

যশোর- ১ শার্শা আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী, স্বতন্ত্র প্রাথীর্র ভোট বর্জন
বেনাপোল প্রতিনিধি
৮৫ যশোর -১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক’র আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আক্তারুজ্জামান পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ২ ভোট।
৪৩.৭৭ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।
যশোর-১ শার্শা আসনটিতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন।

মোট ভোট কেন্দ্র ১০২টি এবং ৬৬১টি কক্ষে ভাট গ্রহণ করা হয়। বোমা হামলা, গুলি ও ছুরিকাঘাত দিয়ে শুরু হয় ভোট। এ আসনে ভোটারের উপ¯িথতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে মহিরা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শার্শার সকল কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

তবে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। সকাল সাড়ে ১১ টার দিকে সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বিভিন্ন কেন্দ্রে অনিয়ম বোমা হামলা ও তার পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে সাংবাদিক সন্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বলেন, কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন ঘটনা ঘটেছে। ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তি পূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহনর জন্য সব ধরনর প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়।

কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই দাকোপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
দাকোপ প্রতিনিধি
কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই দাকোপে শান্তি শৃংঙ্খলার সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৪৯টি ভোট কেন্দ্রের ৩০৭টি বুথে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দাকোপে ১ লক্ষ ৩২ হাজার ৯শত ৮০ জন ভোটার। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৪ জন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ননী গোপাল মন্ডল (নৌকা) প্রতীক, তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক (সোনালী আঁধ) প্রতীক, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী কাজী হাসানুর রশিদ (লাঙ্গল) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী ড. প্রশান্ত কুমার রায় ( ঈগল) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সকাল ৮ টায় কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর বীনা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নিজের ভোটটি প্রদান করে জয় সুচক দেখান এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল। তিনি বলেন, আমি শতভাগ বিশ^াসী এ অবাদ সুষ্ঠ নির্বাচনে আমি বিজয়ী হবো।
সকাল সাড়ে ৯ টায় খুটাখালি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বেশ কিছু মহিলা ভোটারের উপস্থিতি। একাই চিত্র ছিলো সকাল সাড়ে ১১ টায় চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। সব মিলিয়ে বেলা ১১ টা পর্যন্ত সব কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ারমত। সকাল ৮ টা ৪২ মিনিটে রাম নগর বীনা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট কাস্ট হয়ে ছিলো ১১.৩৪ ভাগ, সকাল সাড়ে ৯ টায় লাউডোব এম এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ২৯ ভাগ ভোট কাস্ট হয়েছিল। দুপুর সাড়ে সাড়ে ১২ টায় খোনা খাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট কাস্ট ৩১ ভাগ। বেশ কয়েকটি কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্টদের উপস্থিতি দেখা যায়নি। অপর দিকে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের পক্ষে কোন কেন্দ্রেই এজেন্টদের উপস্থিতি না দেখা গেলেও কিছু ভোট কেন্দ্রে তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের এজেন্টদেরকে দেখা গেছে।
নির্বাচন পরিচালনার সহকারী রির্টানি অফিসার ও দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী জানান,নির্বাচন শান্তি শৃংঙ্খলা পরিবেশে অনুষ্ঠানের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে বেশ কয়েক স্তরের আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি সদস্যদের মোতায়ন করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়ন ছিলো চোখে পড়ার মতো। পৃথক পৃথক ভাবে প্রতিটি ভোট কেন্দ্র টহল ও পর্যবেক্ষনে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।

সাতক্ষীরার কলারোয়ায় জাল ভোট দেওয়ার সময় আটক ২

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা -১ আসনের কলারোয়ায় জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে কলারোয়ার উপজেলার র্খোদো বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টায় জাল ভোট দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঈগল প্রতীকের এজেন্ট খোরদো গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে আব্দুস সালাম। অপরজন হলেন, সুমন হোসেন। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, তারা দুজনে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় আব্দুস সালামের কাছে তিনটি ব্যালট পেপার পাওয়া যায়। পরবর্তীতে প্রিজাইডিং অফিসারের আদেশক্রমে তাদের আটক করেছে দায়িত্বরত পুলিশ। আটকের খবর জানাজানি হলে সেখানে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত হন।প্রিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম বলেন, তিনটি ব্যালট পেপারসহ আব্দুস সালামকে আটক করা হয়। এর আগে সকালে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আরও বলেন, ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়েছেন। বাকি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন।

বাগেরহাট-৪ আসনে নির্বাচন বর্জন করেছে স্বতন্ত্র প্রার্থী
মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা (বাগেরহাট) ঃ
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ জামিল হোসাইন দুপুর ১টায় নির্বাচন থেকে বর্জন করেছেন। শরণখোলার একটি কেন্দ্র থেকে তার এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগে তিনি নির্বাচন বর্জন করেছেন বলে জানান।
স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন দুপুর ১ টার দিকে রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করে বলেন, শরণখোলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময় নৌকার সমর্থকরা তার এজেন্টকে মারধর করে বের করে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, কর্মীদের মারধর ও হুমকি দেয়ার অভিযোগ করেন তিনি। এ কারণে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বলে জানান জামিল হোসাইন।
এব্যপারে সহকারী রির্টাানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, তার এজেন্ট বের দেয়ার অভিযোগ দেয়ার পর সাথে সাথে একজন নির্বাহী ম্যাজিট্রেট পাঠান এবং তিনি নিজে গিয়েও খোজ খবর নিয়ে এর কোন সত্যতা পাননি। পরে তিনি তার হোয়াটসআপে রিটানিং কর্মকর্তা বরাররে দেয়া একটি অভিযোগ লিখে নির্বাচন থেকে সরে দাড়ানোর কথা জানান।
কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই বলেন, প্রার্থী জামিল হোসাইন প্রথমে সাত জন এজেন্টের তালিকা দিয়ে যান। কিন্তু তারা কেউ না আসায় বিষয়টি প্রার্থীকে জানানো হয়। পরে তিনি নিজে এসে তার এজেন্টকে ফোন দিয়ে না পেয়ে নতুন তিন জনের নাম দিয়ে যান। তারা কিছুক্ষন থাকার পরে ভোট বর্জনের কথা শুনে ওই তিনজনও পরে নিজ ইচ্ছায় চলে যান।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম কালাম বলেন, শরণখোলার ৩৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী জামিল হোসাইনের সব কেন্দ্রে এজেন্ট দেয়ার সক্ষমতা নেই। তাছাড়া তিনি নির্বাচনে জামানত হারাবেন বুঝতে পেরে এখন নাটক শুরু করছেন। এছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি বিএনপি-জামায়াতের সাথে যোগসাজসে ফন্ধি ফিকির করছেন।
এব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকরা একাধিকভাবে মোবাইলে ফোন দিলেও জামিল হোসাইন রিসিভ করেননি।