মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিপরীতে একই দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়াতে চরম অস্বস্তিতে বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) রাজনীতি ও ভোটের মাঠ। দলীয় বিভেদে এক এক করে যেন বেরিয়ে আসছে থলের বিড়াল। বিভেদেই গোপন দুর্নীতির গোমর ফাঁস হয়ে পড়েছে মোংলা পোর্ট পৌরসভার মেয়রের। তার দল আওয়ামী লীগেরই উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন পৌর মেয়র শেখ আঃ রহমানের দুর্নীতির সেই হাঁড়ির খবর হাটেই ভেঙ্গে দিয়েছেন। টক অব দ্যা টাউনে পরিণত মেয়রের দুর্নীতির এ খবর এখন মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে।
বৃহস্পতিবার (৪জানুয়ারী) বিকেলে মোংলার হেলিপ্যাড মাঠে ঈগল প্রতীকের শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের নির্বাচনী জনসভায় বক্তব্যে রাখতে গিয়ে মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমানের নানা দুর্নীতির তথ্য জনসম্মুখে তুলে ধরেন। এ সময় জনসভায় অংশ নেয়া হাজার হাজার মানুষ প্রতিবাদের হাত তুলে মেয়র আঃ রহমানের দুর্নীতি কর্মকান্ডের ধিক্কার জানান।
জনসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন বলেন, শেখ আঃ রহমান প্রায় তিন বছর ধরে মেয়রের দায়িত্ব পালনকালে ব্যাপক দুর্নীতি করে অর্থ কামিয়েছেন। তিন বছরে পৌরবাসীর তিনগুন ট্যাক্স বাড়িয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। পৌরসভায় বিশুদ্ধ পানির লাইন নেয়ার জন্য শত শত আবেদন পড়লেও নিজের লোক ছাড়া কেউকে তিনি পানির লাইন দেননি। এছাড়া শহরের বিভিন্ন রাস্তার ইট উঠিয়ে নিজের লোকদের দিয়ে কম টাকায় বিক্রি করে সেখান থেকেও ব্যবসা করেছেন। মেয়র থাকাকালীন পৌরবাসীর কোন উন্নয়ন না হলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে তার পকেটের উন্নতি হয়েছে। দুর্নীতির সেই টাকা দিয়ে তিনি খুলনায় দুইটি ফ্লাট কিনিছেন, মোংলায় বিলাসবহুল দোতালা বাড়ী ও তার পুকুরের মধ্যে টাইলস বসিয়ে সাজসজ্জা করে বিলাসবহুল জীবন যাপন করছেন।
ভাইস চেয়ারম্যান ইকবাল এ সময় আরও বলেন, পৌরসভার পিছনে বন্দর কর্তৃপক্ষের জায়গায় তার ভাগ্নেকে দিয়ে বালু ভরাট করেও দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়েছেন।
এ বিষয়ে পৌর মেয়র শেখ আব্দুর রহমান বলেন, জনসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন তাকে জড়িয়ে যে বক্তব্য রেখেছেন তা সব মিথ্যা। ভাইস চেয়ারম্যান যদি এর কোন প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করবেন। আর প্রমাণ দিতে না পারলে ভাইস চেয়ারম্যান ইকবালের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান মেয়র আঃ রহমান।











































