Home খেলাধুলা ব্রাইটনের সঙ্গে ওয়েস্ট হ্যামের হতাশার ড্র

ব্রাইটনের সঙ্গে ওয়েস্ট হ্যামের হতাশার ড্র

57

স্পোর্টস ডেস্ক

ব্রাইটনের বিপক্ষে ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে গোলশুন্য ড্র করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে শীর্ষ চারের কাছাকাছি পৌঁছানোর সুযোগ নষ্ট করেছে দলটি।
ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও এবারের মৌসুমে প্রথম কোন ম্যাচে গোল হজম না করে মাঠ ছেড়েছে ব্রাইটন। দ্বিতীয়ার্ধে তারা যে পারফরমেন্স দেখিয়েছে তাতে তিন পয়েন্ট তাদের প্রাপ্য ছিল।

ব্রাইটন বস রবার্তো ডি জারবি ম্যাচ শেষে বিবিসি’কে বলেছে, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। এই ম্যাচে আমাদের জয় প্রাপ্য ছিল। ওয়েস্ট হ্যামের সবচেয়ে বড় গুণ হচ্ছে কাউন্টার অ্যাটাক। আমরা সেখানেই গুরুত্ব দিয়েছি।

তাদের কোন কাউন্টার অ্যাটাকই আমরা সফল হতে দেইনি। গোলের আটটি স্পষ্ট সুযোগ আমরা পেয়েছি। যদিও সেগুলো কাজে লাগাতে পারিনি। এই পারফরমেন্সে আমি সত্যিই সন্তুষ্ট। এই ধরনের ম্যাচই আমি খেলোয়াড়দের কাছে চেয়ে আসছি।’

ব্রাইটন পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ পজিশন ধরে রেখেছিল। কিন্তু কোনভাবেই কাঙ্খিত গোলের দেখা পায়নি। ওয়েস্ট হ্যামকে অবশ্য পুরো ম্যাচে বেশ কয়েকবার রক্ষা করেছেন গোলরক্ষক আলফনসো আরিওলা।

বড়দিন ও নতুন বছরের উৎসবের সময়টাতে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে ১০ পয়েন্ট অর্জন করেছে ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যাম। কিন্তু এখনো শীর্ষ চারের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

ইনজুরিতে থাকা লুকাস পাকুয়েতা ও মোহাম্মদ কুদুসের অনুপস্থিতি দারুণভাবে মিস করেছে স্বাগতিক ওয়েস্ট হ্যাম। ঘানার উইঙ্গার কুদুস আফ্রিকান নেশন্স কাপে খেলতে যাওয়ার আগে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিতে খেলার সুযোগ পেলেন না।

বিরতির আগে ওয়েস্ট হ্যামের হয়ে সেরা সুযোগ পেয়েছিলেন জেমস ওয়ার্ড-প্রাউস। কিন্তু তার প্রচেষ্টাটি দারুণভাবে রুখে দেন জেসন স্টিল।

এই ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ব্রাইটন। কিন্তু ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের থেকে এখনো তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।