বিনোদন ডেস্ক
গত নভেম্বর মাসেই আমির খানের মেয়ে ইরা খানের সঙ্গে নুপূর শিখরের বাগদান সম্পন্ন হয়। তখনই তারা বিয়ে তারিখ জানিয়েছিলেন। বুধবার মুম্বাইয়ে তাজ ল্যান্ডস হোটেলে জমকালো অনুষ্ঠানে চার হাত এক হবে তাদের। মঙ্গলবার হয়েছে ইরার গায়ে হলুদ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বর-কনের বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন।
জানা গেছে, বুধবার বিকেল থেকেই শুরু হবে ইরার বিয়ের অনুষ্ঠান। ইরা ও নুপূর দুজনেই চান না তাঁদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তাঁরা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন। বিয়েতে লহেঙ্গা পরবেন ইরা আর অন্যদিকে নুপূর পরবেন প্রিন্স কোট।
গায়ে হলুদের দিন প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণ রাওকে নিয়ে উপস্থিত ছিলেন আমির খান। মেয়ের জীবনের বিশেষ দিনে কাঁচাপাকা দাঁড়িতে, পাঠান স্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
এর আগে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওঁরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।











































