Home খেলাধুলা ভারতীয় বোলারদের সতর্ক করলেন সাবেক টাইগার কোচ

ভারতীয় বোলারদের সতর্ক করলেন সাবেক টাইগার কোচ

34

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে প্রোটিয়াদের কাছে লজ্জাজনকভাবে প্রথম টেস্টে হেরেছে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারলেই ধবলধোলাই হবে রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবেই এই টেস্টে জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে।

বুধবার থেকে কেপটাউনে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ভারতীয় বোলারদের সতর্ক করে দিয়েছে সাবেক টাইগার কোচ ও দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। তার মতে, প্রথম টেস্টে ভারতীয় বোলাররা অতিরিক্ত কিছু করার আশায় তাড়াহুড়ো করেছে। খুব তাড়াতাড়ি অনেক বেশি শর্ট বল করেছে। সেটিই বুমেরাং হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘আমি জানি (প্রথম টেস্টে) দক্ষিণ আফ্রিকা পরিবেশ পরিস্থিতিকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে। এই বিষয়ে আলাদা করে কোনও প্রশ্ন থাকতেই পারে না।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলাররা পিচে ৫ থেকে ৫.৫ মিটার লেন্থে বল করেছে। যার সুবিধা তারা পেয়েছে। তারা বলকে পিচ থেকে কাজ করার সুযোগ দিয়েছে। এই কাজটাই ভারতীয় বোলাররা ঠিকভাবে করতে পারেনি।’

সাবেক টাইগার কোচ আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকাতে বলকে পিচের সাহায্য নিয়ে কাজ করতে দিতে হয়। তাতে অনেক বেশি সাহায্য পাওয়া যায়। ভারতের থেকে এই জায়গায় এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকার পেসাররা। তারা অনেক বেশি ধৈর্য রেখেছে। যা ভারতীয় বোলাররা রাখেনি। দ্বিতীয় ইনিংসেও তারা বাউন্সার অনেক বেশি ব্যবহার করেছে।’