শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলার বকুলতলা গ্রাম থেকে সোমবার (১জানুয়ারি) সকালে ভোলা নদী পার হওয়া সুন্দরবনের বিশাল একটি বন্য শূকর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। ভোলা নদী পার হয়ে সোনাতলা গ্রামের মাঠের আমন ধান তছনছ করে, পরে গ্রামের রুবেল শাহ’র বাড়িতে ঢুকে তান্ডব শুরু করে। একপর্যায় গ্রামবাসী ও বন্যপ্রাণি স্বেচ্ছাসেবী সংঠনের কর্মীরা মিলে শূকরটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
শরণখোলা বন্যপ্রাণি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম জানান, সুন্দরবন থেকে শূকর আসার খবর পেয়ে সংগঠনের সদস্য রাকিব, আলামীন ও রুবেলসহ তারা ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সহায়তায় কৌশলে শূকরটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। শূকরটি মাঠের আমন ধান তছনছ সহ রুবেল শাহ’র বাড়িতে ঢুকে ক্ষেতখামারও নষ্ট করে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজুরুল ইসলাম জানান, সুন্দরবন থেকে ভোলা নদী পার হয়ে লোকালয়ে চলে যাওয়া শূকরটি বন্যপ্রাণি স্বেচ্ছাসেবকরা গ্রামবাসী সহায়তায় ধরে তাদের কাছে হস্তান্তর করে। আনুমানিক চার বছর বয়সি স্ত্রীর শূকরটির ওজন প্রায় ৪০ কেজি (১মণ) হবে। দুপুর দুইটার দিকে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে শূকরটি অবমুক্ত করা হয়েছে । ##











































