Home আঞ্চলিক গুজব-ডিজিটাল অপরাধ দমনে পৃথক সাইবার ইউনিট জরুরি

গুজব-ডিজিটাল অপরাধ দমনে পৃথক সাইবার ইউনিট জরুরি

39

খুলনায় মতবিনিময় সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার
প্রযুক্তির ব্যবহার যতো বাড়ছে, গুজব তৈরির মাধ্যমে সামাজিক অস্থিরতা, অপরাধ ও ডিজিটাল অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামাজিক মাধ্যমে গুজব তৈরিতে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভয়ংকরভাবে ব্যবহার করা হচ্ছে।

মাত্র গত ৯ মাসে এই প্রযুক্তির অপব্যবহার ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় জনসচেনতার পাশাপাশি গুজব ও ডিজিটাল অপরাধ দমনে পুলিশকে আরও আধুনিক ও চৌকশ হতে হবে। প্রয়োজনে পুলিশের একটি সাইবার ক্রাইম দমন ইউনিট তৈরি করা খুবই জরুরি।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে অংশীজনের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিটিউটের গবেষণা সহকারী ইফতেখার হোসেন। সংস্থার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির সভায় সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, প্রায় দেখা যায়, সুবিধা পাওয়ার জন্য একপক্ষ গুজব ছড়িয়ে দেয়। অপরপক্ষ ক্ষতিগ্রস্থ হয়। কাজেই ইন্টারনেটে সত্য-মিথ্যা যাচাই না করে কোনো কিছু শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। অনেক সময় সত্য সংবাদ জানতে না পেরে মানুষ মিথ্যার দিকে ঝুঁকে পড়ে। এজন্য গুজব প্রতিরোধে সঠিক সংবাদ প্রকাশে উৎসাহিত করতে হবে।

সভায় গুজব প্রতিরোধে তিনটি বিষয়ের উপর জোর দিতে সবাইকে অনুরোধ জানানো হয়। এর মধ্যে রয়েছে কোন কিছু দেখা মাত্রই শেয়ার করা থেকে বিরত থাকা, দেশের প্রচালিত আইনে গুজব সৃষ্টিকারী ও গুজব ছড়িয়ে দেওয়ার সহযোগীদের শাস্তির আওতায় আনা ও সামাজিক মূল্যবোধ থেকে গুজবকে না বলতে হবে।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) এ জেড এম তৈমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, কেসিসির কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সমাজসেবা অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সুতপা বেদজ্ঞ, প্রদীপ কুমার সাহা, মাওলানা মনিরুজ্জামান, অসীম আনন্দ দাস প্রমুখ।