Home Uncategorized সারারাত স্ত্রীর লাশ পাহারা দিয়ে সকালে থানায় স্বামী

সারারাত স্ত্রীর লাশ পাহারা দিয়ে সকালে থানায় স্বামী

55

নিজস্ব প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খাদিজা খাতুন (২৭) নামের এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ‘হত্যার’ অভিযোগে স্বামী আলম হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত খাদিজা উপজেলার হারদি ইউনিয়নের কৃষিক্লাব পাড়ার ভিকু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলম হোসেন (৩০) একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আ. আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, প্রেম করে খাদিজা-আলম এক বছর আগে বিয়ে করেন। এটা দু’জনেরই তৃতীয় বিয়ে। খাদিজা তার স্বামীর সঙ্গে পৌর এলাকার কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার দিনগত রাতে খাদিজাকে মারপিট করে গলায় ফাঁস লাগিয়ে রুমের জানালার গ্রিলে ঝুলিয়ে রাখেন আলম।

সারারাত লাশ পাহারা দিয়ে ভোরে প্রতিবেশীদের জানান, তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তারপর তিনি নিজেই থানায় উপস্থিত হয়ে স্ত্রীর আত্মহত্যার ঘটনাটি জানান পুলিশকে।

নিহত গৃহবধূ খাদিজার ভাই আব্দুস সামাদ অভিযোগ করে জানান, তার বোনকে এর আগেও আলম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করেছিলেন। এমন ঘটনার পরই গত দু’মাস কলেজপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে দু’জনে বসবাস করতেন। এবার তার বোনকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, সকালে আলম নিজেই আমাদেরকে জানান, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না-কি আত্মহত্যা।