Home আলোচিত সংবাদ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ি ভাঙচুর, একজনকে ২৪ ঘণ্টার কারাদণ্ড

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ি ভাঙচুর, একজনকে ২৪ ঘণ্টার কারাদণ্ড

38

কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলামকে ২৪ ঘণ্টার কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষে সভা চলছিল। এ সভায় যোগ দিয়েছিলেন কুমারখালী উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর।

সভাস্থলের পাশেই এই দুই নেতার ব্যবহৃত ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার রাখা ছিল।

একপর্যায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থক নন্দলালপুর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) শরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ওই গাড়ি দুটি ভাঙচুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সভার লোকজন তাদের ধাওয়া দিয়ে ইউপির সদস্য শরিফুল ইসলামকে ধরে মারপিট করে পুলিশে দেন। অন্যরা পালিয়ে যান। পরে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শরিফুলকে ২৪ ঘণ্টার কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, নন্দলালপুরে কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের একটি সভা চলাকালে কিছু উচ্ছৃঙ্খল লোক ওই প্রার্থীর সমর্থকের ২টি গাড়ি ভাঙচুর করে। পালিয়ে যাওয়ার সময় শরিফুল নামে এক ইউপি সদস্যকে ধরে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন। কুমারখালী-খোকসার জনগণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ কারণে ওই প্রার্থী ও তার সমর্থকরা প্রায় প্রতিদিনই তার (আব্দুর রউফ) লোকদের মারপিট ও হুমকি ধমকি দিয়ে আসছেন।