যশোর অফিস।।
দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরে নৌকার প্রার্থীর সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, যানজট সৃষ্টি করে শোডাউন ও ব্যানার ব্যবহারে নিয়ম না মানায় অন্তত সাতজনকে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। একই সঙ্গে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে।
ছয়টি সংসদীয় আসনের চারটিতেই মঙ্গলবার নৌকার সমর্থক সাতজন জরিমানা গুনেছেন। স্বতন্ত্র ও অন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বিরুদ্ধে এখনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মেলেনি।
মঙ্গলবার বিকালে যশোর-৫ (মনিরামপুর) আসনের মনিরামপুর-চুকনগর সড়কে যানজট সৃষ্টি ও মোটরসাইকেলে নির্বাচনি শোডাউন করায় নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্যের প্রধান কর্মী মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মাহামুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর-৫ (মনিরামপুর) আসনের নৌকা প্রতীকের এমপি পদপ্রার্থী স্বপন ভট্টাচার্যের (প্রতিমন্ত্রী) নির্বাচনি মিছিল ও মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
এতে মনিরামপুর-চুকনগর আঞ্চলিক সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা লঙ্ঘনের দায়ে কাজী মাহমুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় যশোরের কেশবপুরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায় যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারের দুই কর্মীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যায় পৌর শহরে মোটরসাইকেল শোডাউন করছিলেন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। হাসপাতাল মোড়ে নৌকা প্রতীকের কর্মী উপজেলার মধ্যকুল গ্রামের রনি খান (২৮) ও একই গ্রামের মুন্না আজিজকে (২৩) জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ও তার সমর্থকদের ওপর হামলা চালায় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনের কর্মীরা। এ হামলায় জড়িত নৌকার কর্মী তিনজনকে পনেরো হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ওপর হামলায় জড়িত তিনজনকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সবাইকে আচরণবিধি মেনে চলায় সতর্ক করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনের এক কর্মীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থীর প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘন করায় একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রচারণা ব্যানার মাপ ঠিক না থাকায় তার বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা লঙ্ঘনে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যশোরের ৬টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৬ জন ও জাতীয় পার্টির ৬ জন, আওয়ামী লীগের স্বতন্ত্র ৮ জন প্রার্থী রয়েছেন। বাকিরা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।











































