Home আঞ্চলিক গলাচিপায় তরমুজ ক্ষেতে চিত্রা হরিণ

গলাচিপায় তরমুজ ক্ষেতে চিত্রা হরিণ

57

খুলনাঞ্চল রিপোর্ট
পটুয়াখালীর গলাচিপায় লোকালয়ে এসেছে দুটি চিত্রা হরিণ। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের একটি তরমুজ ক্ষেত থেকে হরিণ দুটিকে উদ্ধার করে বন বিভাগ ও ‘এনিমেল লাভার অব পটুয়াখালী’র সদস্যরা। বনের হরিণকে লোকালয়ে দেখতে পেয়ে ভিড় জমায় আশপাশের উৎসুক জনতা। হরিণ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলালরের নির্দেশে বনে অবমুক্ত করা হবে। জানা যায়, বন থেকে হরিণ দুটি চর আগস্তি গ্রামের সেলিম সরদারের তরমুজ ক্ষেতে ঢুকে তরমুজ গাছ খাচ্ছিল। এসময় ক্ষেতে কাজ করতে যাওয়া কৃষকরা দেখে স্থানীয় ফরেস্ট ক্যাম্পে জানায়। খবর পেয়ে বন বিভাগের চর আগস্তি ফরেস্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, চর আগস্তির পাশে তেঁতুলিয়া নদীর অপর পারে বড় চর বাংলা থেকে হরিণ দুটি আসতে পারে। স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী’ এর গলাচিপা টিমের সদস্য সোহেল হোসেন রাসেল জানান, হরিণ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ভেটেরিনারি ডাক্তার ঘটনাস্থলে পাঠান এবং তারা গিয়ে আহত হরিণটিকে চিকিৎসা দেন। বর্তমানে আহত হরিণগুলোর অবস্থা আগের থেকে অনেকটা ভালো। বন বিভাগ গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বন বিভাগের উপকূলীয় বন কর্মকর্তাকে জানালে তাদের নির্দেশে গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের চিকিৎসক চর আগস্তিতে আসেন। পরে তাদের তত্ত্বাবধানে হরিণ দুটির চিকিৎসা দেয়া হয়।