স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন ১২ জন। এর মধ্যে ৮ জনের বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্ভার রয়েছেন তারা। সহজেই তারা নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন বলে মনে করছেন ভোটাররা। কিন্তু স্বস্তিতে নেই ৪ জন হেভিওয়েট প্রার্থী। তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। স্বস্তিতে নেই কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ আসনের ৮ প্রার্থীর মধ্যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন। বিগত দুটি নির্বাচনে হাসানুল হক ইনু আওয়ামী লীগের সহযোগিতায় নির্বাচিত হলেও এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। স্বস্তিতে নেই কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। ৫ প্রার্থীর মধ্যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. পারভেজ আনোয়ার তনু। তনু দলের কোনো পদে না থাকলেও তার বাবা আনোয়ার আলী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া আনোয়ার আলী কুষ্টিয়া পৌরসভার ৫ বারের মেয়র। মূলত বাবার জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন তনু। সে কারণে স্বস্তিতে নেই আওয়ামী লীগের প্রার্থী হানিফ।
একই অবস্থা যশোর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। এ আসনের ৫ প্রার্থীর মধ্যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. ইয়াকুব আলী। ব্যবসায়ী ও বিত্তশালী ইয়াকুব গত ৫ বছর ধরে এলাকায় নির্বাচনী প্রস্তুতি নেয়ায় এবার চাপে পড়েছেন স্বপন ভট্টাচার্য্য। মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও স্বস্তিতে নেই। এ আসনে মোট প্রার্থী ৬ জন। তবে ফরহাদ হোসেনের পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান। যিনি ইতোপূর্বে ২ বার এ আসনের সংসদ সদস্য ছিলেন।
এবারের নির্বাচনে মাগুরায় সবার নজর সদ্য রাজনীতিতে আসা মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দিকে। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী হলেন বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাইফ, বিএনএফ’র কে এম মোতাসিম বিল্লা ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি। তবে তারা কেউই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আসার মতো প্রার্থী নয়।
নড়াইল-২ আসনে আবারও নৌকার কান্ডারি হয়েছেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তার ৫ প্রতিদ্বন্দ্বী এনপিপি’র মো. মনিরুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, গণফ্রন্টের মো. লতিফুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ও ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান ভোটের মাঠে দুর্বল প্রার্থী।
বাগেরহাট-১ আসনে নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন। তিনি ৫ বারের সংসদ সদস্য। তার ৫ প্রতিদ্বন্দ্বীর কারও শক্তিশালী অবস্থান নেই। তারা হলেন- এনপিপি’র বাসুদেব গুহ, তৃণমূল বিএনপির মো. মাহফুজুর রহমান, বিএনএম’র মো. মঞ্জুর হোসেন শিকদার, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের এইচ এম আতাউর রহমান।
বাগেরহাট-২ আসনে দ্বিতীয় বার নৌকার প্রার্থী হয়েছেন শেখ হেলাল উদ্দিন এমপি’র ছেলে শেখ তন্ময়। তার প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির খান আরিফুর রহমান, বিএনএম’র সোলায়মান শিকদার, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র এস এম আজমল হোসেনের তেমন পরিচিতি নেই।
বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হয়েছেন পরিবেশ উপমন্ত্রী ও ৩ বারের সংসদ সদস্য হাবিবুন নাহার। তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী। তার প্রতিদ্বন্দ্বী ৬ জনের মধ্যে শক্তিশালী প্রার্থী নেই। তারা হলেন জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম, বিএনএম’র সুব্রত মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী, তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার ও আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার।
সাতক্ষীরা-৩ আসনে নৌকার মাঝি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। এ আসনে আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়নি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি, এনপিপি, জাকের পার্টি, তৃণমূল বিএনপি ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর ৫ প্রার্থী।
খুলনা-২ আসনে দ্বিতীয় বার প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েল। তার প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর সবাই ভোটের মাঠে নতুন মুখ।
খুলনা-৩ আসন থেকে এবারই প্রথম প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র, জাকের পার্টি ও জাতীয় পার্টির ৩ প্রার্থী। ফলে প্রথমবার নির্বাচন করলেও ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি।











































