Home খেলাধুলা সৌম্যকে নেয়ার কারণ জানালেন হাথুরু

সৌম্যকে নেয়ার কারণ জানালেন হাথুরু

47

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসানের শুন্যতা পূরণ করা দলের জন্য কঠিন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সৌম্য সরকার কিছুটা হলেও সাকিবের শুন্যতা পূরণ করতে পারবেন বলে প্রত্যাশা থাকলেও ব্যর্থ হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ৬ ওভারে ৬৩ রান দিয়ে উইকেটশুন্য, ফিল্ডিংয়ে দু’টি ক্যাচ মিস এবং ব্যাটিংয়ে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরমেন্স না করা সত্ত্বেও তাকে দলে নেয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডি/এল মেথডে বাংলাদেশের ৪৪ রানের হারের জন্য মূলত সৌম্যর পারফরমেন্সকে দায়ী করা হচ্ছে। আগামীকাল নেলসনে দ্বিতীয় ওয়ানডের আগে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হাথুরুসিংহে।

হাথুরু বলেন, ‘সাকিব যা করেছেন, সেটি সে (সৌম্য) করতে পারেননি। আমরা তার কাছে বোলিং ও ব্যাটিংয়ে প্রত্যাশা করেছিলাম এবং মূলত আমরা তাকে একজন অলরাউন্ডার হিসেবে দেখেছি।’

তিনি আরো বলেন, ‘একাদশে অলরাউন্ডার হিসাবে সে (সৌম্য) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরও কেন রান করতে ব্যর্থ হচ্ছে সৌম্য, সেটি জানি না আমি।’

প্রধান কোচ জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে সৌম্যর পারফরমেন্স ভালো ছিল। কিন্তু ওয়ানডে পরিসংখ্যান তেমনটা বলছে না। গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ইনিংসে ২৬ দশমকি ৫৩ গড়ে ২৯৩ রান করেছিলেন তিনি।

এনসিএলে ১২ ইনিংসে ৪৮ দশমিক ৪৪ গড়ে ৪৩৬ রান করেন সৌম্য। সর্বোচ্চ রানের ইনিংস ছিলো অপরাজিত ৯৬। ১২টি টি-২০তে ১৪ দশমিক ৫০ গড়ে ১৭৪ রান করেন তিনি। শেষ পাঁচ ওয়ানডেতে সৌম্যের স্কোর যথাক্রমে ০, ৩২, ১, ০, ০।

হাথুরুসিংহে বলেন, ‘আমি এই ম্যাচে তাকে প্রথমবার দেখেছি। এজন্য আমি জানি না তার সমস্যা কি। ঘরোয়া আসরে রান করেছে সে। আপনারা জানেন সাকিব না থাকায় আমাদের এমন একজন দরকার যে বোলিং এবং ব্যাটিং করতে পারে।’

বিশ্বকাপ চলাকালীন আঙুলের ইনজুরিতে এই সিরিজ থেকে ছিটকে যান সাকিব। সিরিজ শুরুর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জোড়ালোভাবে বলেছিলেন, সাকিবের অনুপস্থিতিতে শুন্যতা পূরণ করতে বড় ভূমিকা পালন করতে হবে সৌম্যকে।

নেলসনের উইকেট সম্পর্কে নিশ্চিত নন হাথুরুসিংহে। কারণ উইকেট দেখার সুযোগ ছিল না। কিন্তু হাই-স্কোরিং ম্যাচ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। হাথুরুসিংহে বলেন, ‘২০১৭ সালে আমরা এখানে কয়েকটি ম্যাচ খেলেছি।’

তিনি আরো বলেন, ‘এই উইকেটটি দেখতে খুব সুন্দর। ২০১৫ সালে বিশ্বকাপের উইকেটটি ব্যাটিংয়ের জন্য সত্যিই ভাল ছিল। আউট ফিল্ড দ্রুত। এজন্য হাই-স্কোরিং ম্যাচের প্রত্যাশা করছি। আমি মনে করি, এটি একটি সুন্দর দিন হবে, যা ক্রিকেটের জন্যই ভালো হবে।’