স্পোর্টস ডেস্ক
দুবাইয়ে চলছে আইপিএলের মিনি নিলাম। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আসন্ন আসরে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
আসন্ন আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দল পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। পেয়েছেনও তিনিই। আগামী আসরে চেন্নাই সুপার কিংসে খেলবেন দ্য ফিজ। বেস প্রাইজ ২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে সিএসকে।
অবশ্য এবারের আসরে দল পাওয়ার সম্ভাবনায় ছিলেন তাসকিন আহমেদও। তবে তিনি ও শরিফুল ইসলাম একদিন আগেই নাম প্রত্যাহার করে নেন। এছাড়া সাকিব আল হাসান ও লিটন দাসও এবার নাম দেননি।
এবারের আসর তো বটেই, আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন মিচেল স্টার্ক। অলরাউন্ডারদের সেটে কিছুক্ষণ আগেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ।
তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দেন মিচেল স্টার্ক। তার জন্য লড়াই করেছিল কলকাতা ও গুজরাট। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা। যার মাধ্যমে টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।











































