স্পোর্টস ডেস্ক
শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ফেব্রুয়ারিতে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অংশ নেবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ক্লাবটি জানিয়েছে, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিওয়েলসকে আতিথ্য দেবে তারা।
আর্জেন্টাইন শহর রোজারিও ভিত্তিক ক্লাব নিওয়েলস। এই শহরেই মেসির জন্ম ও বেড়ে ওঠা। ১৩ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় পাড়ি জমানোর আগে নিওয়েলস যুব দলের হয়ে খেলেছেন মেসি।
ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনোও এই ক্লাবের হয়ে খেলেছেন। ২০১২ সালে নিওয়েলসের কোচ হিসেবে নিয়োগ পাবার আগে তিন মেয়াদে ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
মার্টিনো বলেছেন, ‘মায়ামিতে আমাদের মাঠে প্রিয় নিওয়েলসকে স্বাগত জানাতে আমি মুখিয়ে আছি। সত্যিই আমি আনন্দিত। এটি একটি বিশেষ ম্যাচ, কারন নিওয়েলস ওল্ড বয়েজ আমার কাছে অন্যরকম এক অনুভূতির নাম। একইসঙ্গে নতুন মৌসুমের আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করারও একটি সুযোগ আসছে।’
মায়ামির জন্য ব্যস্ত প্রাক-মৌসুমে নিওয়েলসের বিপক্ষে ম্যাচটি নতুন করে সংযোজিত হলো। আগামী ১৯ জানুয়ারি সান সালভাদোরে এল সালভাদোর জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করতে যাচ্ছে মায়ামি।
এরপর মেসির দল সৌদি আরবে দুটি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে। সেখান থেকে হংকং ও টোকিওতে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে তারা।











































