
ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ ডিসেম্বর। ম্যাচটিকে ঘিরে হাড়ভাঙা অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন দুদলের ক্রিকেটাররাই।
এদিকে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের মধ্যে ১১ জনই নেই এই সিরিজে। টম ল্যাথামের নেতৃত্বে প্রথম ওয়ানডের স্কোয়াডে বিশ্বকাপ দলের উইল ইয়ং, মার্ক চাপম্যান, রাচিন রবীন্দ্র আর ইশ সোধি আছেন। কাইল জেমিসন ছিলেন, চোটের কারণে ছিটকে গেছেন।
বাংলাদেশের বিপক্ষে স্বাভাবিকভাবেই তাই নতুন আদলের একাদশ নামাতে হবে নিউজিল্যান্ডকে। কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড মনে করছেন, আগামী আর বেশ কিছুদিন ওয়ানডে খেলার সূচি না থাকায় এই সংস্করণে নতুনদের বাজিয়ে দেখার এটাই সেরা সুযোগ।
সিরিজ শুরুর আগের দিন স্টেড জানান, ‘দেখুন তারা তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার। আমাদের সামনে কিন্তু ঠাসা সূচি আছে। টেস্ট ও টি-২০ সংস্করণে অনেক খেলা আছে। তাছাড়া ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু খেলোয়াড় এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ।’
নিউজিল্যান্ডের মাঠে একটা টেস্ট জয়ের স্মৃতি থাকলেও সীমিত সংস্করণে কখনোই কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। তবে বর্তমান বাংলাদেশ দলকে আগের চেয়ে উন্নত মনে হচ্ছে স্টেডের, ‘দেশের বাইরের কন্ডিশনে বেশ ইম্প্রুভ দল তারা এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে। ভালো বাউন্সের ঘাসের উইকেটে তারা ভালো করতে পারে।’
রোববার ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে।










































