বিনোদন প্রতিবেদক ||
টলিউড সুপারস্টার জিৎ অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘মানুষ’। সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। এতে জিতের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে সিনেমার নির্মাণ কাজ শেষ করে গত ২৪ নভেম্বর ওপারে মুক্তি পায়। এবার ১৫ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
‘মানুষ’ সিনেমায় জিৎ ও মিম ছাড়াও সুস্মিতা চ্যাটার্জি, কলকাতার জীতু কমলসহ অনেকে অভিনয় করেন। যদিও ভারতের সঙ্গে একইদিন বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে তখন তারা মন্ত্রণালয়ের অনুমতি পায়নি।
নির্মাতা বলেন, অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন। এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। তো আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি সেহেতু আশা করছি, ভালো সাড়াও পাবো।
এদিকে ভারতের সাফল্য দেশের প্রেক্ষাগৃহেও ‘মানুষ’ ধরে রাখতে পারবে বলে মনে করেন মীম। সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া নিয়ে উচ্ছ্বসিত মীম বলেন, ভারতে সিনেমাটি মুক্তির পর দর্শকদের দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। এমন সাফল্য মানুষ টিমকে গর্বিত করছে। একজন শিল্পী হিসেবে এটাই আমার তৃপ্তির জায়গা। আমার মনে হয় এই ধারাবাহিকতা দেশের প্রেক্ষাগৃহেও থাকবে। কারণ দর্শক ভালো গল্প দেখতে চায়। এই সিনেমাটিতেও মানুষের গল্প রয়েছে।











































