ঢাকা অফিস।।
নির্বাচন কমিশনে আপিল শুনানির পঞ্চম দিনে বিএনপির সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানসহ ৪৩ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। ময়মনসিংহ ৯ আসনের নৌকার প্রার্থী এম এ সালামের প্রার্থীতা বাতিলসহ ৫২ জনের আপিল খারিজ হয়েছে। স্থগিত রয়েছে দুই প্রার্থীর আবেদন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৯ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
ঋণ খেলাপির দায়ে ময়মনসিংহ ৯ আসনের নৌকার প্রার্থী এম এ সালামের মনোয়ন বাতিল করা হয়েছে। তবে একই অভিযোগে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীতা বাতিল করলেও, ইসিতে এসে প্রার্থীতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক বিএনপি নেতা মেজর ( অব.) আখতারুজ্জামান।
সিলেট ৩ আসনের নৌকার প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ করে জাতীয় পার্টির প্রার্থীর করা আপিল খারিজ করে তার প্রার্থীতা বহাল রাখা হয়েছে। পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়েছে।
এছাড়া ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিকের মনোনয়ন আপিলেও খারিজ হয়েছে। এদিকে কুমিল্লা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে কমিশন ভবনের বাইরে হাতাহাতি হয়েছে। আটক হয়েছে দুইজন। শুক্রবার শেষ হবে প্রার্থীদের আপিলের শুনানি।











































