ঢাকা অফিস।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৬৩৬ পুলিশ সদস্যের বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষর করা চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে এ সম্মতি জানানো হয়।
ইসি সূত্র জানায়, বদলি বা পদায়ন করা সদস্যদের মধ্যে ২৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, একজন টিএসআই, ৭৪ জন এসআই, একজন সার্জেন্ট, সাতজন নায়েক, ১৩ জন নিরস্ত্র এএসআই, ৫২৪ জন কনস্টেবল এবং রাজশাহী রেঞ্জের সাত নিরস্ত্র এসআই রয়েছেন। তাদের মধ্যে ১৪ জনের বিষয়ে আগেই সম্মতি দেওয়া হয়েছিল।
এর আগে ১১ ডিসেম্বর দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ পুলিশ সুপারকে বদলির প্রস্তাবে ইসির আপত্তি নেই জানিয়ে এ-সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়।










































