পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় থানায় অজ্ঞাতদের নামে মামলা হয়েছে। এ ঘটনায় সন্দিগ্ধ হিসেবে জাহিদুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জাহিদুল ইসলাম উপজেলার গদাইপুর গ্রামের আনছার মোড়লের ছেলে।
আদালতের স্টোনো বাদী হয়ে বুধবার রাতে এ ঘটনায় মামলা করেছেন। এ ঘটনার পর বিচারক ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার গভীর রাতে কোকের বোতল থেকে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে পরিদর্শনকালে কর্মকর্তারা জানান; যার আলামত হিসেবে কোকের দুটি বোতল পায়। ঘটনা জানার পরপরই সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি), ওসি পাইকগাছা মো. ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুরে পরিদর্শনে আসেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, বিকালে আসেন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সনন্দ বাগচি ও জেলা জজ মাহমুদা খাতুন।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অজ্ঞাত নামে আদালতের স্টোনো মোল্যা গোলাম সরোয়ার বাদী হয়ে মামলা করেছেন। সন্দিগ্ধ জাহিদুল ইসলাম নামে একজনকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে এ ঘটনা হতে পারে।
সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম বলেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অতিদ্রুতই জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।









































