Home আঞ্চলিক হাত বদলেই সবজির দাম দ্বিগুণ

হাত বদলেই সবজির দাম দ্বিগুণ

50

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম খলিসাকুন্ডি। গ্রামের শুরুতেই রয়েছে একটি কাঁচা সবজির হাট। প্রতিদিন কাকডাকা ভোরে এই হাটে শুরু হয় সবজি কেনাবেচা। গ্রামের চাষিদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে লোকজন প্রতিদিন তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই হাটে। গ্রামীণ হাট হলেও বেশ জমজমাট এই হাট। প্রচুর লোকসমাগম হওয়ায় হাটকে কেন্দ্র করে অনেকের কর্মসংস্থান হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে খলিসাকুন্ডি বাজারে গিয়ে দেখা যায়, ভ্যানসহ স্থানীয় বিভিন্ন বাহনে নিয়ে আসা সবজি নামাচ্ছেন কৃষকরা। এখান থেকে কিনে নেয়া সবজি কয়েক কিলোমিটার দূরের শহরে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। রাজধানী বা অন্য বড় শহরে গিয়ে বাড়ছে আরও বেশি।

মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল উৎপাদন করলেও মধ্যস্বত্বভোগীরা লাভের টাকা নিয়ে যাচ্ছে। কয়েক হাত ঘুরে ভোক্তার জন্যও বেড়ে যাচ্ছে দাম। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষি বিভাগ বায়ার চ্যানেল ও কৃষি বিপণন বিভাগ বিপণন দল গঠন করার কথা বলছে।

 

কৃষকরা জানান, বর্তমানে সাধারণ মানের বেগুন তারা বিক্রি করতে পারছেন ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। আর ভালো মানের কাটা বেগুনের দাম উঠছে সর্বোচ্চ ২৮ টাকা। লাউ প্রতি পিস ১৫ টাকা, সিম ২২ থেকে ২৫ টাকা, মুলা ৮ টাকা, মরিচ ২৫ আর ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

হাত বদলে কুষ্টিয়া শহরের ১৪ ও ৩০ কিলোমিটার দূরের শহরেই এই সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। খোঁজ নিয়ে জানা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, লাউ ৪০ টাকা পিস, সিম ৬০ টাকা, মুলা ৩০ টাকা, মরিচ ৬০ টাকা আর ফুলকপি ৬০ টাকা কেজি দরে।

খলিসাকুন্ডি বাজারে বেগুন নিয়ে আসা কৃষক আমিরুল ইসলাম বলেন, বীজ, সার ও কীটনাশকের যে দাম, তার ওপর ফসল ফলাতে যে পরিমাণ খাটুনি হয় তাতে এই দামে পোষায় না। কিছুদিন আগেও ভালো দাম ছিল। সবজি বেশি উঠায় দাম কমে গেছে।

 

সবজি ব্যাপারী আসলাম মন্ডল বলেন, আমদানির ওপর কাঁচামালের দাম নির্ভর করে। কৃষক যেদিন বেশি মাল নিয়ে আসেন সেদিন দাম কমে যায়। আমরা চেষ্টা করি যতোটা কমে কেনা যায়। কারণ আমাদের লেবার ও ক্যারিং খরচ আছে। সব দিন যে লাভ করা যায় তা কিন্তু না।

কুষ্টিয়ার মিরপুর পৌর বাজারের খুচরা সবজি বিক্রেতা খোকন বলেন, ফড়িয়া, আড়ত আর খুচরা প্রতি ধাপে কেজিতে কমপক্ষে ৫ টাকা লাভ রাখা হয়, তারপরও খরচ আছেই। হাত বদলে দাম দ্বিগুণ হওয়া অস্বাভাবিক নয়।

সবজি বাজার করতে আসা আমিরুল ইসলাম বলেন, মধ্যস্বত্বভোগীদের সংখ্যা ও তাদের লাভ কমানো গেলে ভোক্তা ও উৎপাদক উভয়পক্ষ লাভবান হতে পারতো।

কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন এলাকায় কৃষি বিপণন হাট করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। আর কৃষক পর্যায় থেকে সরাসরি বিপণনের জন্য গঠন করা হচ্ছে কৃষক দল। এভাবে কৃষকের সঙ্গে ভোক্তার সরাসরি সংযোগ ঘটানো গেলে কৃষক যেমন ভালো দাম পাবেন, তেমনি তুলনামূলক কম দামে কিনতে পারবেন ভোক্তারা।