ঢাকা অফিস
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রাঙামাটির সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুমিনুল হক স্বাক্ষরিত রাঙামাটি জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি।
জানা যায়, অবকাশ যাপনের জন্য ২০-২২ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাঙামাটি জেলার পর্যটন কেন্দ্র সাজেকে তিন দিনের সফরে যাওয়ার কথা। এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সর্বাত্মক পদক্ষেপ নেয় প্রশাসন। রাষ্ট্রপতির সফর ঘিরে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছিল জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, রাষ্ট্রপতির সাজেকে সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরবর্তীতে অনিবার্য কারণবশত সফর স্থগিত করার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।











































