আন্তর্জাতিক ডেস্ক
আল-আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজকে খালাস দেন।
নওয়াজ শরিফের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার মধ্যে আল আজিজিয়া ছিল সর্বশেষ দুর্নীতি মামলা। এ মামলা থেকে খালাস পাওয়া আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে নওয়াজ শরিফকে বড় ধরনের স্বস্তি দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
নওয়াজ শরিফ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে গিয়েছিলেন। এরপর কারাগার থেকে বেরিয়ে চার বছর বিদেশে ‘স্বেচ্ছা নির্বাসন’ কাটান তিনি। সম্প্রতি লন্ডন থেকে পাকিস্তানে ফিরে দেড় মাসের মাথায় তিনটি মামলা থেকেই অব্যাহতি পেলেন তিনি।
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সব মামলা থেকে খালাস পাওয়ার মাধ্যমে তার প্রধানমন্ত্রী হওয়ার জল্পনা আরো ঘনিভূত হলো।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০১৮ সালের ২৪ ডিসেম্বর আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। লাহোরের দুর্নীতি দমন আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল। তার আগে পানামা পেপারকাণ্ডে নাম আসায় ২০১৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছিলেন নওয়াজ শরিফ। তখন পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছিলেন, নওয়াজ শরিফ আজীবন দলের কোনো পদে থাকতে পারবেন না। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল অঙ্কের সম্পত্তি লুকানোরও অভিযোগ ছিল।
লাহোরের কোট লাখপত জেলে কিছু দিন কারাটানোর পর সরকারি মধ্যস্থতায় লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন নওয়াজ শরিফ। দীর্ঘ চার বছর লন্ডনে থাকার পর গত ২১ অক্টোবর তিনি পাকিস্তানে ফেরেন।
সূত্র: ডন নিউজ











































