Home খেলাধুলা এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

39

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলংকাকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। আসরের ‘বি’ গ্রুপ থেকে টানা তিন জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। যেখানে তাদের প্রতিপক্ষ রোহিত-কোহলিদের উত্তরসূরিরা।
দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও জাপান। দাপুটে ক্রিকেট খেলে তিনটি দলকেই বড় ব্যবধানে হারিয়েছে টিম টাইগার্স।

আসরে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৬১ রানে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল টাইগার যুবারা। বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লংকানদের উড়িয়ে অপরাজিত থাকল মাহফুজুর রহমান রাব্বির দল।

এদিন টাইগারদের আঁটসাঁট বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লংকান যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ৫৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।

বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। পাকিস্তানও বাংলাদেশের মতো তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বিপরিতে ভারত জিতে দুইটিতে। তাদের গ্রুপের অপর দুই প্রতিপক্ষ ছিল আফগানিস্তান ও নেপাল।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের দ্বৈরথে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের। এর আগে ২০২১ সালেও সেমিতে মুখোমুখি হয়েছিল দুদল।

একই দিনে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান লড়বে ‘বি’ গ্রুপ রানার্স-আপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।