Home বিনোদন ‘অ্যানিম্যাল’-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কী বলেছেন তৃপ্তির পরিবার

‘অ্যানিম্যাল’-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কী বলেছেন তৃপ্তির পরিবার

46

বিনোদন ডেস্ক।।
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সদ্য মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ সিনেমায় কয়েকটি দৃশ্যে হাজির হয়েই রীতিমতো ঝড় তুলেছেন তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যের স্থিরচিত্র ও ভিডিও নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা। হঠাৎ করে আলোচনায় আসা এই অভিনেত্রীর কিন্তু হুট করে অভিনয়ে আসা নয়।

‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রীর ‘বুলবুল’ এবং ‘কালা’ ছবিও দারুণ প্রশংসিত। তবে সিনেমা প্রশংসিত হলেও আলোচনা হয়নি তাঁকে নিয়ে। দাঁড় করাতে পারেননি একক পরিচয়। সেই তৃপ্তি দিমরিকে দর্শক এবার লুফে নিলেন। খোলামেলা আর অন্তরঙ্গ দৃশ্য তাঁকে এনে দিল আলোচনায়। যদিও এ আলোচনার অপর পিঠে সমালোচনাও সইতে হচ্ছে তাঁকে। পড়তে হচ্ছে বিতর্কের মুখেও। স্বয়ং তৃপ্তির পরিবার থেকেও ওইসব অন্তরঙ্গ দৃশ্যের জন্য এসেছে আপত্তি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমার মা-বাবা একটু হতবাকই হয়েছিলেন। আমায় বলেন, তারা কখনও এ ধরনের ছবি দেখেননি। আমি এমন দৃশ্যে অভিনয় না করলেই পারতাম- খুব মিষ্টি করেই আমায় জানিয়েছিলেন তারা। তবে তারা দু’জনেই উপলব্ধি করেছিলেন মা-বাবা হিসেবে এই ভাবনা হওয়াটা খুবই স্বাভাবিক।”

 

‘অ্যানিম্যাল’ ছবির গল্পকে কেন্দ্র করে যেমন অনেক সমালোচনা হচ্ছে, তেমনি হচ্ছে ব্যবসাও। তৃপ্তির সঙ্গে রণবীরের আলোচিত দৃশ্যগুলোর শুটিং কীভাবে হয়েছে তা সাক্ষাৎকারে অকপটে জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘সেই দিন সেটে মাত্র চারজন উপস্থিত ছিলেন। সেটে ছিলাম আমি, রণবীর, সন্দীপ স্যার আর ডিওপি। অন্য কারও থাকার প্রয়োজন ছিল না বলে সেটে আর কেউ ছিলেন না। পাঁচ মিনিট অন্তর তারা আমাকে জিজ্ঞেস করতেন যে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি তো! আপনার আশপাশের মানুষ যখন আপনাকে এতটা সাপোর্ট দেন, আর আপনাকে সব রকম স্বাচ্ছন্দ্য অনুভব করান, তখন আপনার কোনোভাবেই অস্বস্তি বোধ হবে না।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে ঘিরে বাড়তে থাকা একাধিক বিতর্ক প্রসঙ্গেও মুখ খুলেছেন তৃপ্তি। বলেন, ‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই। কেউ আমাকে বাধ্য করেনি। আমার এ পেশায় আসার কারণ, কাজটি আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি, তা আমার ক্ষতে মলম লাগায়।’

 

২৩ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে উত্তরাখণ্ডে তৃপ্তির জন্ম। টাইমস নাও জানিয়েছে, তৃপ্তি দিমরি ডিপিএস ফিরোজাবাদ থেকে তাঁর স্কুলিং শেষ করেছেন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী অরবিন্দ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি রয়েছে তাঁর। পরে তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) পুনে থেকে অভিনয়ের কোর্সও করেন।