Home জাতীয় মহাজোট নয়, এককভাবে নির্বাচন করব: শমসের মুবিন চৌধুরী

মহাজোট নয়, এককভাবে নির্বাচন করব: শমসের মুবিন চৌধুরী

44

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেছেন, আমরা জোটে যাব কি যাব না- এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ৩০০ আসনে আমরা এককভাবে নির্বাচন করব। মানুষ ভোট দিবে ব্যক্তি দেখে প্রতীক দেখে নয়। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে গিয়ে বুলেটের আঘাতে মারাত্মক আহত হয়েছি।

মঙ্গলবার গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালির পর আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শমসের মুবিন চৌধুরী বলেন, আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি; কিন্তু মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। বাজারে জিনিসপত্রে অগ্নিমূল্য। রাস্তায় কাজ করলে ঠিকাদাররা লুটপাট করে। মানুষ কথা বলতে পারে না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভোটের দিন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

সাবেক এই কূটনীতিক বলেন, আমি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাই সব শ্রেণি-পেশার মানুষ আমাকে ভোট দেবে। প্রতীক নয় প্রার্থী দেখে ভোটাররা ভোট দেবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। শমসের মুবিন চৌধুরীর নেতৃত্বে উপজেলা পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর মুক্তিযোদ্ধা সংসদ গিয়ে শেষ হয়।

এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন শমসের মুবিন চৌধুরী বীরবিক্রম।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, আব্দুল মুতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল আলম, মঞ্জিল আহমদ ও জহিরুল ইসলাম।

এর আগে শমসের মুবিন চৌধুরী সোমবার রাতে উপজেলার দারানহর (একমালি) বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে বিপুলসংখ্যক লোকজন ছাড়াও তৃণমূল বিএনপির উপজেলা শাখার আহবায়ক ছানা মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।