খুলনাঞ্চল রিপোর্ট।।
প্রথমে বাথরুমে থাকা অবস্থায় গৃহবধূর ভিডিও ধারণ। পরে ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়ার হুমকি। আপত্তিকর কাজে রাজি না হওয়ায় আড়াই বছরের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ। জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মাদারীপুরের এই ঘটনায় জড়িত বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বজনদের অভিযোগ, মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া থাকেন ওই গৃহবধূ। গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঘরের লোকজন আত্মীয়ের বাড়িতে যায়। আড়াই বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে বাথরুমে যান গৃহবধু। এ সময় বাড়িওয়ালা আজিজুল বেপারীর ছেলে আহাদুল বেপারী কৌশলে ঘরে প্রবেশ করে। পরে বাথরুমে থাকা অবস্থায় গৃহবধুর আপত্তিকর ভিডিও ধারণ করে আহাদুল ও তার বন্ধু শামীম।
এরপর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন অভিযুক্ত দুইজন। একপর্যায়ে শারীরিক সম্পর্ক করতে প্রস্তাব দেয়া হয় গৃহবধূকে। এতে রাজি না হলে তার সন্তানকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
এ সময় কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে দু’জনই চলে যান। এরপর রোববার (১০ ডিসেম্বর) রাতে ইন্টারনেটে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে আবারও ঘরে প্রবেশ করে আহাদুল ও শামীম। আবারও শারীরিক সম্পর্ক করতে চাপ দিলে কৌশলে গৃহবধূ জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে। জব্দ করা হয় ভিডিও ধারণকৃত মোবইল ফোন। এরপর নির্যাতিতাকে রোববার রাতে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।
নির্যাতিতার স্বামী বলেন, আমার স্ত্রীকে ভয় দেখিয়ে আহাদুল ও শামীম ধর্ষণ করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের শাস্তি হলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটানোর আর সাহস পাবে না।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জাহিদ আরেফিন জানান, হাসপাতালের গাইনী বিভাগে নির্যাতিতার চিকিৎসা চলছে। ধর্ষণের আলামত সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্যাবে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, এই ঘটনায় সদর মডেল থানায় দুইজনের নামে মামলা করেছে ভুক্তিভোগীর পরিবার। প্রাথমিকভাবে ঘটনার সাথে অভিযুক্তরা জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হবে। জব্দ হওয়া মোবাইলটি পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।











































