Home Uncategorized বাকিতে না দেওয়ায় পাম্পে পেট্রল ছিটালেন সাবেক পুলিশ কর্মকর্তা

বাকিতে না দেওয়ায় পাম্পে পেট্রল ছিটালেন সাবেক পুলিশ কর্মকর্তা

45
কর্মচারীদের কাছ থেকে জোর করে নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রোল ছিটাচ্ছেন সিআইডির সাবেক এসআই মধুসুদন বর্মন

স্টাফ রিপোর্টার।।

মোটরসাইকেলের জন্য বাকিতে এক হাজার টাকার পেট্রল চেয়েছিলেন খুলনা সিআইডির সাবেক উপপরিদর্শক (এসআই) মধুসুদন বর্মন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ দিতে রাজি না হওয়ায় কর্মচারীদের কাছ থেকে পাম্পের নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রল ছিটান তিনি। এ সময় মধুসুদন ওই পাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত পৌনে একটার দিকে খুলনার গল্লামারীতে অবস্থিত মেট্রো ফিলিং স্টেশনে। ওই পাম্পের বিভিন্ন সিসিটিভির ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। তেল ছিটিয়ে হুমকি দেওয়ার পর সেখান থেকে সটকে পড়েন মধুসুদন। ওই ঘটনায় পাম্পের মালিক শেখ মাসুদ হোসেন লবণচরা থানায় একটি অভিযোগ করেছেন।

সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) শম্পা ইয়াসমিন বলেন, মধুসুদন বর্মন একসময় খুলনা সিআইডিতে কর্মরত ছিলেন। কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের জন্য ২০২০ সালে তাঁকে বরখাস্ত করা হয়। এখন তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।

পেট্রলপাম্পের মালিক শেখ মাসুদ হোসেন বলেন, ঘটনার সময় মধুসুদন বর্মন নিজেকে সিআইডির এসআই পরিচয় দিয়ে বাকিতে পেট্রল চেয়েছিলেন। কিন্তু কর্মচারীরা তা দিতে অস্বীকার করায় তিনি জোর করে তাঁদের কাছ থেকে পাম্পের নজেল ছিনিয়ে নেন। প্রথমে তিনি সঙ্গীর মোটরসাইকেলে পেট্রল নেন। পরে নজেল নিয়ে পাম্প চত্বরের বিভিন্ন জায়গায় পেট্রল ছিটান। এ সময় তিনি ওই পাম্প জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। পরে টাকা না দিয়ে সেখান থেকে চলে যান মধুসুদন। ওই ঘটনায় লবণচরা থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান মাসুদ হোসেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন, রাতে তাঁকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।