Home আঞ্চলিক খুলনায় মহান বিজয় দিবসের কর্মসূচি

খুলনায় মহান বিজয় দিবসের কর্মসূচি

36

তথ্য বিবরণী
মহান বিজয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই স্থানে সকাল আটটা ৪০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লসগাইড এর অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ঐ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল ও কাবাডি খেলার আয়োজন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৬ ডিসেম্বর বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র আয়োজনে শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শন করা হবে। ১৬ ডিসেম্বর খুলনা বিভাগীয় জাদুঘর ও ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হবে। বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান এবং ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও শিশু পরিবারসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হবে। নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বেলা দুইটা হতে সূর্যাস্ত পর্যন্ত উম্মুক্ত রাখা হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র মহান বিজয় দিবসের সাথে সংগতিরেখে অনুষ্ঠানমালা প্রচার করবে।
১৬ ডিসেম্বর বাদজোহর বা সুবিধাজনক সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা সভার আয়োজন করা হবে। শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা-বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদযোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিকাল তিনটায় নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা এবং বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষ্যে বাদ মাগরিব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঐদিন নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করবে। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সজ্জিত করা হবে। বিআইডব্লি¬উটিএ লঞ্চ ঘাটে স্টিমার, লঞ্চ ও জাহাজ সজ্জিত করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিলাতলা শিশুপার্ক, বয়রা শিশুপার্ক ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্ক বিনাটিকেটে শিশুদের জন্য উম্মুক্ত রাখা হবে। ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময় শহিদ হাদিস পার্ক, শিববাড়ি মোড় এবং দৌলতপুর শহিদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ১৬ডিসেম্বর সুবিধাজনক সময়ে খুলনা কালেক্টরেট স্কুলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর খুলনা শিশু একাডেমি শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার আয়োজন করবে। ১৬ ডিসেম্বর সকাল নয়টায় খুলনা সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। ঐদিন সুবিধাজনক সময়ে পূর্ব রূপসাঘাটে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের মাজার প্রাঙ্গণে তাঁর বীরত্ব ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা

 

খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৫ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম উন্মুক্ত।      খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: মুক্তিয্দ্ধু ও বিজয়, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ: (শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য) বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে। একই দিন সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ/দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা, ক-বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি ও খ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত। সকাল ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ক-বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি ও খ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।

এছাড়া ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় গল্লামারী বধ্যভূমিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন ও মুক্তিযুদ্ধের ইতিহাস কথন অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ১৫ ডিসেম্বর সকাল আটটায় ‘আমরা সাজাই বিজয়ের মঞ্চ’ শিরোনামে চিত্রশিল্পীদের তত্ত্বাবধানে শিশুরা সাজাবে মহান বিজয় দিবসের মঞ্চ। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জেলা শিশু একাডেমি কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনীর আয়োজন থাকবে।

১৬ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ, বিজয়ের ছড়া পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সংশোধিত গণবিজ্ঞপ্তি

 

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৪ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ১৫ জানুয়ারি-২০২৪ থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি-২০২৪ খ্রি. পর্যন্ত। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে।

এছাড়া নবায়নের সময় আগ্নেয়াস্ত্রের ধরণ, প্রতিষ্ঠান, টিন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ইমেইল নম্বর, মূল লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্সধারীর স্বাক্ষরসহ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। লাইসেন্সধারীর গত বছরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের পূর্বের সকল গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিলকৃত জিডির কপিসহ নবায়ন করার জন্য নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হতে হবে। থানার জিডির কপি ও গোলাবারুদের হিসাব সঠিকভাবে প্রদান করা না হলে লাইসেন্স নবায়ন করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী পাইকগাছা এবং কয়রা উপজেলার লাইসেন্সধারীরা ১৫ জানুয়ারি-২০২৪ তারিখে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। সোনাডাঙ্গা ও হরিণটানা মেট্রোপলিটন থানা ১৬ থেকে ১৮ জানুয়ারি; লবনচরা মেট্রোপলিটন থানা ২১ ও ২২ জানুয়ারি; খুলনা সদর মেট্রোপলিটন থানা এলাকার লাইসেন্সধারীরা ২৩, ২৪, ২৫, ২৮ ও ২৯ জানুয়ারি; খালিশপুর মেট্রোপলিটন থানা এলাকার লাইসেন্সধারীরা ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ও ৪  ফেব্রুয়ারি; দৌলতপুর মেট্রোপলিটন থানা এলাকা ৫ ও ৬ ফেব্রুয়ারি; আড়ংঘাটা ও খানজাহান আলী থানা ৭, ৮ ও ১১  ফেব্রুয়ারি; রূপসা উপজেলার লাইসেন্সধারীরা ১২ ও ১৩ ফেব্রুয়ারি; তেরখাদা ১৪ ফেব্রুয়ারি; দিঘলিয়া ১৫ ফেব্রুয়ারি; ফুলতলা ১৮ ফেব্রুয়ারি; ডুমুরিয়া ১৯ ফেব্রুয়ারি; বাটিয়াঘাটা ২০ফেব্রুয়ারি এবং দাকোপ উপজেলা ২২ ফেব্রুয়ারি-২০২৪ খ্রি. সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা (রুম নম্বর-২২০) থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। আর্থিক প্রতিষ্ঠান, ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ ২৫ ও ২৭ ফেব্রুয়ারি লাইসেন্স নবায়ন করতে পারবেন। নির্ধারিত তারিখে বাদপড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।