Home আলোচিত সংবাদ কিশোরগঞ্জ-১ আসনে লড়াইয়ে সৈয়দ পরিবারের তিন ভাই-বোন

কিশোরগঞ্জ-১ আসনে লড়াইয়ে সৈয়দ পরিবারের তিন ভাই-বোন

45

খুলনাঞ্চল রিপোর্ট।।

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম আপিল করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার নির্বাচন কমিশনে শুনানি শেষে আপিল আবেদন মঞ্জুর করায় তিনি প্রার্থিতা ফিরে পান।

এর ফলে এবার প্রতিপক্ষ দলের অন্য প্রার্থীদের পাশাপাশি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত আপন বড় ভাই ও চাচাতো ভাইদেরও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি শহিদ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. জাকিয়া নূর লিপি।

২০১৯ সালের ৩ জানুয়ারি তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর উপনির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে মনোনয়নপত্র কেনেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, তার বড় ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম ও তাদের চাচাতো ভাই তৎকালীন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টুর বড় ছেলে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। কিন্তু মনোনয়ন বোর্ড আওয়ামী লীগ প্রার্থী হিসাবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনীত করে। আর সে উপনির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির সঙ্গে টেক্কা দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমে ব্যাপক গণসংযোগ ও সভা-সমাবেশে করেন তার বড় ভাই মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম ও চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। তাদের পোস্টার-ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা নির্বাচনি এলাকা।

তারা তিনজনই প্রার্থিতা ঘোষণা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়নপত্র কিনে জমা দেন এবং মনোনয়ন বোর্ডের মুখোমুখি হন। কিন্তু শেষ পর্যন্ত এবারও আওয়ামী লীগের মনোনয়ন পান ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

তবে, দলীয় মনোনয়ন না পেলেও ভোটের মাঠের লড়াই থেকে সরে দাঁড়াননি সৈয়দ পরিবারের অন্য দুই সন্তান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম ও সৈয়দ আসফাকুল টিটু। তারাও প্রার্থিতা ঘোষণা করে স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ আসনের অন্যান্য দলীয় প্রার্থীরা হচ্ছেন- জাতীয় পার্টির প্রার্থী ডা. আবদুল হাই, গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জাকের পার্টির প্রার্থী মো. নাসিরুদ্দিন এবং আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী প্রমুখও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সবকিছু ছাপিয়ে কিশোরগঞ্জ-০১ (সদর-হোসেনপুর) আসনে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম এবং প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতীক সৈয়দ পরিবারের তিন ভাই-বোনের এমন প্রতিদ্বন্দ্বিতার কথা এখন এলাকার সবার মুখে মুখে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।