স্টাফ রিপোর্টার।।
খুলনায় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে শিক্ষিতদের হার বেড়েছে। এবার খুলনার ৬টি আসনের ২৯ প্রার্থীর মধ্যে ১০ জন স্নাতকোত্তর ও ৭ জন স্নাতক উত্তীর্ণ। অর্থাৎ স্নাতক উত্তীর্ণ প্রার্থী প্রায় ৫৮ শতাংশ। বাকি ১২ জনের মধ্যে রয়েছেন এইচএসসি উত্তীর্ণ ৫ জন ও এসএসসি উত্তীর্ণ ৩ জন। মাত্র ৪ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামায় দেখা গেছে, এবার বিভিন্ন পেশার মানুষ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫ জনই বিভিন্ন প্রকার ব্যবসায়ী। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আইনজীবী পেশার ৪ জন।
হলফনামায় দেখা গেছে, ২৯ জন প্রার্থীর মধ্যে এসএসসির নিচে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাত্র ৪ জনের। এর মধ্যে খুলনা-২ আসনে জাকের পার্টির ফরিদা পারভীন ষষ্ঠ শ্রেণি, খুলনা-৪ আসনে জাকের পার্টির শেখ আনসার আলী অষ্টম শ্রেণি উত্তীর্ণ, খুলনা-৪ আসনে জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ স্বাক্ষর জ্ঞান সম্পন্ন ও খুলনা-৫ আসনে জাকের পার্টির সামাদ শেখ স্বশিক্ষিত। প্রার্থীদের মধ্যে খুলনা-৩ আসনে আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান মোড়ল, খুলনা-১ আসনে তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামানিক, খুলনা-২ আসনে জাতীয় পার্টির মো. গাউসুল আজম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায় ও স্বতন্ত্র মো. সাঈদুর রহমান, খুলনা-৫ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার, খুলনা-৬ আসনে বিএনএম’র এস এম নেওয়াজ মোরশেদ, খুলনা-৪ আসনে বিএনএম’র এস এম আজমল হোসেন স্নাতকোত্তর পাশ।
স্নাতক উত্তীর্ণরা হলেন, খুলনা-১ আসনে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল ও জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, খুলনা-৩ আসনে জাকের পার্টির এস এম সাব্বির, খুলনা-৪ আসনে স্বতন্ত্র এম ডি এহসানুল হক, খুলনা-৬ আসনে বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম ও একই আসনে জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন।
প্রার্থীদের মধ্যে ৫ জন এইচএসসি উত্তীর্ণ। তারা হলেন, খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাহ উদ্দিন জুয়েল ও একই আসনে বিএনএম’র মো. আব্দুল্লাহ আল আমিন, খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মূর্শেদী, খুলনা-৬ আসনে তৃণমূল বিএনপির গাজী নাদির উদ্দিন খান ও একই আসনে এনপিপির মো. আবু সুফিয়ান।
এছাড়া খুলনা-২ আসনে গণতন্ত্রী পার্টির মো. মতিয়ার রহমান, খুলনা-৩ আসনে জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ও খুলনা-৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান এসএসসি উত্তীর্ণ।
বিভিন্ন পেশার মানুষ: ২৯ প্রার্থীর মধ্যে ১৫ জনের পেশা ব্যবসা। তাদের মধ্যে ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ীও রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে আইনজীবী পেশার প্রার্থী, ৪ জন। এছাড়া প্রার্থীদের মধ্যে ঠিকাদার ৩ জন, শিক্ষক ৩ জন, কৃষি কাজে যুক্ত ২ জন, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ১ জন ও গৃহিণী রয়েছেন ১ জন।









































