ঢাকা অফিস।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে আরও ৯৩ জন আপিল করেছেন। শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে স্থাপিত ১০টি অস্থায়ী ক্যাম্পে এসব আপিল জমা দেন প্রার্থীরা। তাদের মধ্যে ৮ প্রার্থীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করা হয়। এদিন ফরিদপুর-৩ (সদর) আসনে ‘দ্বৈত নাগরিক’ আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের মনোনয়ন বাতিলের জন্য কমিশনে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি এ. কে. আজাদ। এ নিয়ে আপিলের গত চার দিনে মোট ৪৩১ জন আপিল করেন।
ইসি সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর প্রথম দিনে আপিল করেন ৪২ জন। দ্বিতীয় দিনে ১৪১ জন এবং তৃতীয় দিনে ১৫৫ জন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে দ্বিগুণের বেশি হলেও চতুর্থ দিনে আপিলের সংখ্যা তৃতীয় ও চতুর্থ দিনের তুলনায় কমেছে। এদিন ঢাকা অঞ্চলে ১৭, কুমিল্লা অঞ্চলে ১১, চট্টগ্রাম অঞ্চলে ৯, ফরিদপুর অঞ্চলে ৫, সিলেট অঞ্চলে ৪, ময়মনসিংহ অঞ্চলে ১৪, বরিশাল অঞ্চলে ৪, খুলনা অঞ্চলে ১১, রাজশাহী অঞ্চলে ১৩ ও রংপুর অঞ্চলে ৫ প্রার্থী আপিল আবেদন করেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যারা আপিল করেছেন, তারা ন্যায়বিচার পাবেন।
‘দ্বৈত নাগরিক’ আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলে আপিল:
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক– এমন অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিলে ইসিতে আবেদন করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। তাঁর পক্ষে শুক্রবার আইনজীবী মো. গোলাম কিবরিয়া আপিল আবেদন জমা দেন।
পরে সাংবাদিকদের গোলাম কিবরিয়া বলেন, সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ এবং ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(৬) অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক প্রার্থী হতে পারেন না। তিনি নেদারল্যান্ডসের নাগরিক। স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ মনোনয়ন বাছাইয়ের সময় তথ্যউপাত্তসহ লিখিত অভিযোগ করা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা শামীম হকের মনোনয়নপত্র বাতিল না করে বৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার এই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
ওই আইনজীবী আরও জানান, শামীম হকের নেদারল্যান্ডসের পূর্ববর্তী পাসপোর্ট নম্বর- BESHC8751, জন্মতারিখ ২১ অক্টোবর ১৯৬০ লেখা আছে। সম্প্রতি তাঁর বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার জন্য ফরিদপুর পাসপোর্ট কার্যালয়ে দরখাস্ত করেন। সেই দরখাস্তের ২৫ নম্বর কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে তিনি টিক মার্ক দিয়েছেন। ২৬ নম্বর কলামে অন্য দেশের নাগরিক থাকলে সেই দেশের নামের জায়গায় নেদারল্যান্ডস উল্লেখ আছে। ২৭ নম্বর কলামে তাঁর বর্তমান নেদারল্যান্ডসের পাসপোর্ট নম্বর BY60F0J74 উল্লেখ করা হয়েছে।
এদিন নিজের প্রার্থিতা ফিরে পেতে এবং জাতীয় পার্টির মহাসচিব ও একই আসনে দলটির মনোনীত প্রার্থী মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ আপিল করেছেন। আপিলে চুন্নুর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগও করেন তিনি।
এ ছাড়া সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাওলাদার, কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম, কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এবং ময়মনসিংহ-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুমনের প্রার্থিতার বিরুদ্ধে আপিল জমা পড়েছে।
মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিলের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগে শুধু রিটার্নিং কর্মকর্তার বাতিলের বিরুদ্ধে আপিল করা যেত। আরপিওতে আছে, শুধু রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হলে তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করা যাবে। কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।
এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের। গত ৫ ডিসেম্বর শুরু হয়ে আজ শনিবার পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।









































